
গাজীপুরের কাশিমপুর কারাগারে নেওয়ার পথে প্রিজন ভ্যান থেকে আসামি রাজা ওরফে পিচ্চি রাজার পালিয়ে যাওয়ার ঘটনায় নাটকীয় মোড় নিয়েছে। পুলিশ জানিয়েছে, আসামিকে শৌচাগারে যাওয়ার অজুহাতে পালানোর যে দাবি করা হয়েছিল তা সম্পূর্ণ ভুয়া, বরং দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার সহায়তায় পূর্বপরিকল্পিতভাবে একটি প্রাইভেট কারে চড়ে পালিয়েছেন পিচ্চি রাজা।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে প্রিজন ভ্যানের দায়িত্বে থাকা স্কট পার্টির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) প্রবীর কুমার বিশ্বাস, চালক নায়েক কামাল হোসেন এবং পিচ্চি রাজার বোন তাসলিমাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ সোমবার দুপুরে গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি) হেডকোয়ার্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেন পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার।
পুলিশ কমিশনার জানান, গত ২৯ জুলাই ২৯ জন আসামি নিয়ে ঢাকা জেলা জজ কোর্ট থেকে কাশিমপুর কারাগারের উদ্দেশে রওনা হয় একটি প্রিজন ভ্যান। পথে পুরান ঢাকার তাঁতীবাজারের পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে এসে গাড়ি থামানো হয়।
সেখানে স্কট পার্টির ইনচার্জ এসআই প্রবীর কুমার বিশ্বাস ভ্যানের চালক নায়েক কামাল হোসেনের কাছ থেকে তালা খোলার চাবি চেয়ে নেন। এরপর ভ্যান থেকে পিচ্চি রাজা এবং খাইরুল বাশার নামে দুই আসামিকে বের করে আনা হয়। খাইরুল বাশারকে ভ্যানের ড্রাইভারের সিটের পাশে বসানো হলেও পিচ্চি রাজা ও এসআই প্রবীর আর ভ্যানে ওঠেননি। তাঁতীবাজারে আগে থেকেই অপেক্ষমাণ একটি প্রাইভেট কারে উঠে সটকে পড়েন পিচ্চি রাজা।
পরবর্তী সময়ে রাত সাড়ে ৮টার দিকে এসআই প্রবীর গাজীপুর মহানগরীর বাইমাইল এলাকায় এসে পুনরায় প্রিজন ভ্যানে ওঠেন। এরপর ঘটনা অন্যদিকে মোড় ঘোরাতে প্রচার করা হয় যে, আসামি পিচ্চি রাজা শৌচাগারে যাওয়ার কথা বলে পালিয়ে গেছেন।
ঘটনার পর গাজীপুরের কোনাবাড়ী থানায় মামলা করা হয় এবং জিএমপির পক্ষ থেকে তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়। পুলিশের গঠিত ওই কমিটির তদন্তেই উন্মোচিত হয় এসআই প্রবীর কুমার বিশ্বাস ও নায়েক কামাল হোসেনের সরাসরি যোগসাজশের বিষয়টি।
পুলিশ জানায়, এ ঘটনায় দায়িত্বে অবহেলা ও অপরাধমূলক সহায়তার অভিযোগে স্কট ডিউটিতে থাকা পাঁচ পুলিশ সদস্যকে ইতিমধ্যে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এর মধ্যে গ্রেপ্তার প্রবীর কুমার, কামাল হোসেন ও পিচ্চি রাজার বোন তাসলিমাকে আদালতে সোপর্দ করার আইনি প্রক্রিয়া চলছে। পলাতক আসামি পিচ্চি রাজাকে গ্রেপ্তারে একাধিক দল মাঠে কাজ করছে।

২০২৫ সালের ১৯ জুন খিলগাঁও থানার হত্যা মামলায় শরিফুলকে কারাগার থেকে আদালতে আনা হয়েছিল। সেদিন পুলিশের এক সদস্যকে আঘাত করে আদালত প্রাঙ্গণ থেকে পালিয়ে যান তিনি। ওই ঘটনায় সেদিনই কোতোয়ালি থানায় তাঁর বিরুদ্ধে মামলা করা হয়।
৩ মিনিট আগে
নোয়াখালীতে ১২ কেজি এলপিজি সিলিন্ডার সরকার নির্ধারিত ১ হাজার ৮৩৭ টাকার বদলে ২ হাজার থেকে ২ হাজার ৬০০ টাকায় বিক্রির অভিযোগ উঠেছে। ভোক্তারা বাজার তদারকির দাবি করেছেন। বিক্রেতাদের দাবি, ডিলারদের কাছ থেকে বেশি দামে সিলিন্ডার কিনতে হচ্ছে।
৬ মিনিট আগে
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পাইকপাড়া ইউনিয়নের সাবেক ছাত্রলীগ সভাপতি ছাদেক তালুকদার সুমনকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। গতকাল সোমবার রাত ৯টার দিকে উপজেলার পাইকপাড়া ইউনিয়নের বদরগাজী বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ছাদেক তালুকদার সুমন (৩২) চুনারুঘাট উপজেলার দেউন্দি গ্রামের আনছব আলীর
২২ মিনিট আগে
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ড, হতাহত ও অব্যবস্থাপনার বিষয়ে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশের দাবিতে মানববন্ধন হয়েছে। আজ মঙ্গলবার সকালে ‘ময়মনসিংহ মঞ্চ’ নামের একটি নাগরিক সংগঠন হাসপাতালের প্রধান ফটকের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করে।
২৩ মিনিট আগে