
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্ব পালনরত এক নিরাপত্তা কর্মকর্তাকে মারধর, সরকারি কাজে বাধা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে করা মামলায় জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জনকে ৫ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে।
আজ শনিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে রিমান্ডের আবেদন করেছেন মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার এস আই মাজেদুল ইসলাম।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ঢাকা মহানগর অতিরিক্ত পিপি মোহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আখতারুজ্জামানকে আদালতে হাজির করা হচ্ছে।
বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজিব বাদী হয়ে বৃহস্পতিবার বিমানবন্দর থানায় মামলাটি করেন। এরপর গতকাল শুক্রবার আখতারুজ্জামানকে তাঁর বাসা থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
মামলার অভিযোগে বলা হয়েছে, গত বৃহস্পতিবার মদিনা থেকে জামায়াতে ইসলামীর ৩৪ সদস্যের একটি দল পরিবারের সদস্যদের নিয়ে ঢাকায় ফেরেন। বিমানবন্দরে নামার পর লাগেজ সংগ্রহের সময় অতিরিক্ত যাত্রীর চাপের কারণে ট্রলি পেতে ভোগান্তি তৈরি হয়। এ নিয়ে কয়েকজনের সঙ্গে বিমানবন্দরের কর্মীদের কথা কাটাকাটি হয়।
অভিযোগে বলা হয়েছে, লাগেজ পেতে দেরি এবং জমজমের পানি না পাওয়ার বিষয়টি নিয়েও সেখানে উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতির কথা জানার পর ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদকে ঘটনাস্থলে আসতে বলেন।
এরপর নির্বাহী পরিচালক সেখানে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন। তখন মেজর (অব.) আখতারুজ্জামান তাঁর সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়িয়ে পড়েন এবং হুমকিসূচক ও অশালীন ভাষা ব্যবহার করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সংসদ সদস্য নির্বাহী পরিচালককে সেখান থেকে সরিয়ে নেন।
ঘটনার পর বিমানবন্দরের কয়েকজন কর্মকর্তা-কর্মচারীকেও আখতারুজ্জামান হুমকি দেন। তাঁর সঙ্গে থাকা কয়েকজন প্রটোকল সহকারী ঘটনার ভিডিও করছিলেন এবং সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার কথা বলছিলেন।
এজাহারে আরও বলা হয়েছে, বিমানবন্দরের কেপিআই-ভুক্ত এলাকায় ভিডিও ধারণ বন্ধ করতে আখতারুজ্জামানের সঙ্গে থাকা ব্যক্তিদের অনুরোধ করেন নিরাপত্তা সুপারভাইজার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ কামাল উদ্দিন। এ সময় আখতারুজ্জামান তাঁর সঙ্গে অশালীন আচরণ করেন। একপর্যায়ে ওই নিরাপত্তাকর্মীকে শারীরিকভাবে আঘাত করেন।
পরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একজন প্রতিনিধি সেখানে গেলে তাঁর সঙ্গেও আখতারুজ্জামান উত্তেজনাপূর্ণ আচরণ করেন। একইসঙ্গে যাত্রীদের জমজমের পানি রাখা বোতল বা পাত্র ট্রলি থেকে ফেলে দেন।
বাদীর অভিযোগ, এসব আচরণের ফলে বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি হয় এবং দায়িত্ব পালনরত কর্মকর্তা ও নিরাপত্তাকর্মীদের মধ্যে নিরাপত্তাজনিত উদ্বেগ তৈরি হয়।
রিমান্ড আবেদনে বলা হয়েছে, আখতারুজ্জামান কর্তৃক বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টির বিষয়টিতে কোনো কুচক্রী মহল জড়িত আছে কিনা তা খতিয়ে দেখতে তাঁকে রিমান্ডে নেওয়া প্রয়োজন।

সুনামগঞ্জের জগন্নাথপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে এক দিনের ব্যবধানে দুই শিক্ষকের বদলির আদেশ ঘিরে সাত বছর ধরে জটিলতা চলছে। এ নিয়ে মামলা-মোকদ্দমা ও প্রশাসনিক জটিলতায় এখনো পদটি শূন্য রয়েছে। এতে বিদ্যালয়টির প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে দাবি অভিভাবকদের...
৪ মিনিট আগে
ময়মনসিংহের গৌরীপুরে জমির দখল নেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মকবুল হোসেন (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আজ শনিবার দুপুরে উপজেলার ভাংনামারী ইউনিয়নের চরভাবখালী গ্রামে এ ঘটনা ঘটে।
৬ মিনিট আগে
গাজীপুর মহানগরীর ৩২ নম্বর ওয়ার্ডের ডেগেরচালা ফকির মার্কেট এলাকায় একটি গার্মেন্টসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই কারখানার ৭ তলা ভবনের ছাদে প্রায় ৭০ জন আটকা পড়ে আছেন। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। আটকা পড়াদের উদ্ধারের চেষ্টা চলছে।
৮ মিনিট আগে
পটুয়াখালী জেলার দুমকি থানার শ্রীরামপুর থেকে নিখোঁজের ১০ ঘণ্টার মধ্যেই এক কিশোরীকে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১০)। আজ শনিবার দুপুরে অধিনায়কের পক্ষে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন এসআরবি-১০-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি তপন সরকার।
১১ মিনিট আগে