
কুড়িগ্রাম সদরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের আন্তউপজেলা বদলিতে নীতিমালা লঙ্ঘন, রাজনৈতিক প্রভাব ও অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে। বদলি-সংক্রান্ত নথি ও আদেশ যাচাই করে ১২ শিক্ষকের মধ্যে ৮ জনের বদলিতে অনিয়মের প্রমাণ পাওয়া গেছে।
প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, সদর উপজেলার ১১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শূন্য পদে বদলির জন্য ৪৩ জন শিক্ষক আবেদন করেন। আবেদনের শেষ সময় ছিল গত মঙ্গলবার দুপুর ১২টা। পরে ‘উপজেলা প্রাথমিক শিক্ষক বদলির আবেদন যাচাই-বাছাই ও নিষ্পত্তিকরণবিষয়ক কমিটি’ গতকাল বুধবার ১২ শিক্ষকের বদলির আদেশ জারি করে। কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সদস্যসচিব উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা।
নথি যাচাইয়ে দেখা গেছে, চার শিক্ষককে জ্যেষ্ঠতা লঙ্ঘন করে বদলি করা হয়েছে। আবেদন না করেও বদলির সুযোগ পেয়েছেন একজন। আরেকজনকে এমন বিদ্যালয়ে বদলি করা হয়েছে, যেখানে শূন্য পদ নেই এবং তাঁর পছন্দক্রমেও বিদ্যালয়টির নাম ছিল না। এ ছাড়া পাঁচজন বা তার কম শিক্ষক কর্মরত থাকা বিদ্যালয় থেকে বদলি না করার নীতিমালাও লঙ্ঘনের অভিযোগ রয়েছে।
বদলির তালিকায় দ্বিতীয় ক্রমে থাকা বাশিরুল মুমিন খন্দকারকে দুজনের জ্যেষ্ঠতা লঙ্ঘন করে, তৃতীয় ক্রমের রোখসানা পারভীনকে তিনজনের, চতুর্থ ক্রমের পাপড়ী রানীকে ছয়জনের এবং অষ্টম ক্রমের ফরিদা বেগমকে ১০ জনের জ্যেষ্ঠতা লঙ্ঘন করে বদলি দেওয়া হয়েছে বলে নথিতে দেখা গেছে।
এ ছাড়া ১০ নম্বর ক্রমে থাকা আব্দুর রহিমকে পাঁচগাছি আশরাফিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি করা হয়েছে। অথচ শিক্ষা অফিসের শূন্য পদের তালিকায় বিদ্যালয়টির নাম ছিল না এবং তাঁর পছন্দক্রমেও এটি ছিল না।
বদলির তালিকায় ১২ নম্বরে থাকা মাহমুদা আক্তার কোনো আবেদনই করেননি। শিক্ষা অফিস থেকে প্রকাশিত ৪৩ আবেদনকারীর তালিকাতেও তাঁর নাম নেই। পরে তালিকা পরিবর্তন করে তাঁর নাম অন্তর্ভুক্ত করে বদলির সুযোগ দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।
আরেক শিক্ষক মনিরা আক্তারের চাকরি ২০১৩ সালে জাতীয়করণ হলেও বদলির তালিকায় তাঁকে ২০১০ সালে যোগদান দেখানো হয়েছে। এর মাধ্যমে তিনি বদলির সুযোগ পেয়েছেন বলে অভিযোগ রয়েছে।
শিক্ষক নেতাদের অভিযোগ, স্থানীয় বিএনপির কয়েকজন নেতা লক্ষাধিক টাকার বিনিময়ে বদলি বাণিজ্য করেছেন। তাঁদের চাপ বা প্রভাবে নীতিমালা উপেক্ষা করে বদলির আদেশ দেওয়া হয়েছে এবং প্রকৃত দাবিদার শিক্ষকেরা বঞ্চিত হয়েছেন।
উপজেলা শিক্ষা অফিসের একাধিক দায়িত্বশীল সূত্রের দাবি, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ও বেলগাছা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান গতকাল বুধবার দুপুরে লোকজন নিয়ে শিক্ষা অফিসে যান এবং শিক্ষা কর্মকর্তাকে চাপ দিয়ে বদলির তালিকা পরিবর্তন করতে বাধ্য করেন।
তবে মাহবুবুর রহমান এ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি অফিসে গিয়ে ইউএনও এবং শিক্ষা অফিসারকে ধন্যবাদ দিয়ে এসেছি। আমি কোনো চাপ প্রয়োগ করিনি। যারা অভিযোগ তুলেছেন, তাঁরা সঠিক বলেননি।’
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু বকর সিদ্দিক বদলিতে অনিয়মের অভিযোগ স্বীকার করে বলেন, ‘আমি অসহায়। বাধ্য হয়েছি। যেসব অভিযোগ তোলা হয়েছে, তা আমি অস্বীকার করছি না। আমাকে তালিকা দিয়ে স্বাক্ষর করতে বলা হয়েছে। আমি স্বাক্ষর করেছি। কে বা কারা চাপ দিয়েছে, তা বলতে পারব না।’
আবু বকর আরও বলেন, ‘এক সপ্তাহ আগে এখানে যোগদান করেছি। শিক্ষকদের ভালো করে চিনি না। টাকা নেওয়ার প্রশ্নই আসে না। আমি চেয়েছি নীতিমালা অনুযায়ী হোক, শিক্ষকেরা ন্যায্য সুবিধা পাক। কিন্তু চাপ ও দুর্নাম নিতে পারছি না। আমি চাই এই বদলি আদেশ বাতিল হোক।’
ইউএনও মাহমুদুল হাসান বলেন, ‘তেমন রাজনৈতিক চাপ নয়, কিছু সুপারিশ ছিল। বড় ধরনের কোনো অনিয়ম হয়ে থাকলে বদলি আদেশ বাতিল করা হবে।’

ময়মনসিংহের নান্দাইলে একটি বৃদ্ধাশ্রমে প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক মসজিদের ইমামকে আটক করা হয়েছে। আটক ইমামের নাম মো. রুবেল মিয়া (৩০)। বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। আটককৃত মো. রুবেল মিয়া ওই উপজেলার একটি মসজিদে ইমামতি করতেন...
৩৬ মিনিট আগে
বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী জাবের আহমেদ। তিনি উপাধ্যক্ষ হিসেবে কর্মরত রয়েছেন। আজ বৃহস্পতিবার কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. শেখ মো. তাজুল ইসলাম অবসরে যাওয়ায় অধ্যাপক জাবের এ দায়িত্ব গ্রহণ করেন।
৪০ মিনিট আগে
৫৬ দিনের মাথায় উপাচার্য পরিবর্তনকে কেন্দ্র করে টানা ১০ দিন ধরে অচলাবস্থায় রয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)। আজ বৃহস্পতিবার ক্যাম্পাসে শিক্ষার্থীরা কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করেন। শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা টানা পঞ্চম দিনের মতো প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পাল
৪২ মিনিট আগে
চট্টগ্রাম পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (ওয়াসা) সেপ্টেম্বর মাসে রাজস্ব আদায় করেছে ২৮ কোটি ২৫ লাখ ৮৫ হাজার টাকা। দীর্ঘদিন ধরে চট্টগ্রাম ওয়াসার মাসিক রাজস্ব আদায় ১৮ থেকে ২০ কোটি টাকার মধ্যে ঘুরপাক খাচ্ছিল বলে জানান চট্টগ্রাম ওয়াসার জনসংযোগ কর্মকর্তা মো. আবুল কাসেম।
১ ঘণ্টা আগে