
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসকের ওপর হামলার ঘটনায় দোষীদের শাস্তি নিশ্চিতসহ চার দফা দাবি আদায়ে আলটিমেটাম দিয়েছেন ইন্টার্ন চিকিৎসকেরা। ৪৮ ঘণ্টার মধ্যে দাবি বাস্তবায়ন না হলে সারা দেশে একযোগে কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দেন তাঁরা।
আজ শনিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক ব্লকে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ইন্টার্ন চিকিৎসকেরা।
ঢাকা মেডিকেলের ইন্টার্ন চিকিৎসক সোসাইটির সাধারণ সম্পাদক নাবিল বিন কাশেম বলেন, ‘আজ শনিবার সকালে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। এরপর আমরা তদন্ত কমিটিকে চার দফা দাবির কথা জানিয়েছি। কমিটির সদস্যরা জানিয়েছেন, তদন্তের পর তাঁরা সুপারিশমালা তৈরি করেছেন। সেখানে আমাদের ইন্টার্নদের দেওয়া চার দফা প্রতিফলিত হয়েছে।’
নাবিল বিন কাশেম বলেন, ‘এখন সরকারের কাছে আমাদের দাবি—তারা যেন দ্রুত দুষ্কৃতকারীদের শনাক্ত করে। এ ছাড়া ঢাবি কর্তৃপক্ষ যেন দুষ্কৃতকারীদের শনাক্তের নাম-পরিচয় প্রকাশ করে এবং শাস্তি প্রদান করে। ভবিষ্যতে চিকিৎসকের ওপর এমন হামলা না হয় এবং যদি হয় তাহলে তার শাস্তি কী হবে, তারা যেন সেটির নোটিশ ঘোষণা করে।’
ডা. নাবিল বলেন, গত বুধবার একই দিনে দিনাজপুর মেডিকেলেও চিকিৎসকদের ওপর হামলা করা হয়েছে। কাজেই আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দাবিগুলো বাস্তবায়ন না হলে সারা দেশে হাসপাতালগুলোতে একযোগে কঠোর কর্মসূচি পালন করা হবে।
গত বুধবার (৮ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অমর একুশে হলের এক অসুস্থ শিক্ষার্থীকে হাসপাতালে হয়রানির অভিযোগ তুলে চিকিৎসক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি হয়। এরপর ঘটনার কারণ অনুসন্ধানে ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন করে ঢাবি ও ঢামেক কর্তৃপক্ষ। আজ শনিবার সেই কমিটির তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে। তবে বিকেল ৫টা পর্যন্ত প্রতিবেদন জমা দেয়নি কমিটি।
ঘটনার পর ইন্টার্ন চিকিৎসকেরা চার দফা দাবি জানিয়ে আসছিলেন। দাবিগুলো হলো হামলাকারীদের বিরুদ্ধে মামলা করা, শনাক্ত ও শাস্তি নিশ্চিত করা, স্বাস্থ্যসুরক্ষা আইন পাস ও হাসপাতালের জরুরি বিভাগে সার্বক্ষণিক সশস্ত্র পুলিশ মোতায়েন করা।

ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন নিজ আসনের সংকট তুলে ধরে বলেছেন, ঢাকা-৪ আসন এলাকার ৭৫ ভাগ গ্রাহকের বাসায় গ্যাস সরবরাহ নেই। দীর্ঘ প্রায় ৩ বছর যাবৎ এ সংকট বিরাজ করছে। ফলে বাসিন্দাদের খাওয়া-দাওয়ায় চরম ভোগান্তি হচ্ছে...
২ মিনিট আগে
বঙ্গোপসাগরের কক্সবাজার উপকূলে কোস্ট গার্ড পৃথক তিনটি অভিযানে জলদস্যু ‘পারভেজ বাহিনী’র ১০ সদস্য এবং ৮ চোরাকারবারিকে আটক করেছে। এ সময় দস্যুদের কাছে জিম্মি থাকা তিন জেলে এবং গভীর সমুদ্রে ভাসমান ৯ বাংলাদেশি নাগরিককে উদ্ধার করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) দুপুরে কোস্ট গার্ড কক্সবাজার স্টেশনে আয়োজিত...
৩৩ মিনিট আগে
চট্টগ্রামে ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য অবৈধভাবে মজুতের মাধ্যমে কৃত্রিম সংকট সৃষ্টির প্রতিবাদে মানববন্ধন করেছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। আজ শনিবার (১১ এপ্রিল) সকালে নগরের চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে ক্যাব চট্টগ্রাম বিভাগ ও মহানগর কমিটির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
১ ঘণ্টা আগে
বরগুনায় ডেঙ্গু ও হামের আতঙ্ক না কাটতেই নতুন করে দেখা দিয়েছে ডায়রিয়ার প্রকোপ। গতকাল সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় জেলার হাসপাতালগুলোয় ৫১ জন ডায়রিয়া আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। আর আজ শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৮ ঘণ্টায় বরগুনা জেনারেল হাসপাতালে ২১ জন রোগী ডায়রিয়া আক্রান্ত হয়ে
১ ঘণ্টা আগে