
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় সার ডিলার নিয়োগ নিয়ে মানববন্ধন কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ সময় ময়মনসিংহ-৬ আসনের এমপি অধ্যক্ষ মুহা. কামরুল হাসান মিলনের ছোট ভাই কিরণকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে। এ ছাড়া এমপির বিলবোর্ড ভাঙচুরের ঘটনাও ঘটেছে।
আজ বৃহস্পতিবার দুপুরে ফুলবাড়িয়া উপজেলা পরিষদ চত্বর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল বুধবার ‘ভয়েস অব ফুলবাড়িয়া’সহ কয়েকটি ফেসবুক আইডি থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহিদুল ইসলাম সোহাগের বিরুদ্ধে সার ডিলার নিয়োগে আর্থিক লেনদেন এবং ফ্যামিলি কার্ডের গণনাকারী বাছাইয়ে স্বজনপ্রীতির অভিযোগ তুলে পোস্ট দেওয়া হয়। একই সঙ্গে ইউএনওর অপসারণের দাবিতে আজ বৃহস্পতিবার মানববন্ধনের ঘোষণা দেওয়া হয়।
এ বিষয়টি বিএনপির নেতা-কর্মীদের নজরে এলে আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে উপজেলা পরিষদ এলাকায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা জড়ো হতে থাকেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, দুপুর ১২টার দিকে উপজেলা মডেল মসজিদের সামনে থেকে এমপির ভাই কিরণের নেতৃত্বে কয়েকজন যাওয়ার সময় তাঁদের থামিয়ে দেন বিএনপি নেতারা। এ সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে পাল্টাপাল্টি ধাওয়ার একপর্যায়ে কিরণসহ কয়েকজন সেখান থেকে সরে যান। এ সময় কিরণের পরনের পাঞ্জাবি ছিঁড়ে ফেলার অভিযোগ ওঠে।
এর কিছুক্ষণ পর দুপুর পৌনে ১টার দিকে চব্বিশে চত্বরে থাকা এমপির একটি বিলবোর্ড ভাঙচুর করা হয়। ঘটনার পর ‘ভয়েস অব ফুলবাড়িয়া’ ফেসবুক আইডি থেকে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের আশ্বাস ও অনুরোধের কথা উল্লেখ করে উপজেলা পরিষদ ঘেরাও কর্মসূচি সাময়িকভাবে স্থগিতের ঘোষণা দেওয়া হয়।
তবে ঘটনাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের স্থানীয় নেতাদের বক্তব্যে ভিন্নতা দেখা গেছে।
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. ছাইফুল ইসলাম বাদল বলেন, ‘ফুলবাড়িয়া উপজেলা পরিষদ ঘেরাও করতে চেয়েছিল জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। এর প্রতিবাদে সাধারণ জনগণ ও বিএনপির নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে যায়। সার ডিলার নিয়োগে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি হয়নি। জামায়াত-শিবিরের যেকোনো কর্মসূচি রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে।’
পৌর বিএনপির আহ্বায়ক এ কে এম শমসের আলী বলেন, ‘সার ডিলার নিয়োগে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি হয়নি। একটি পক্ষ বিষয়টি নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করে উপজেলা পরিষদ ঘেরাওয়ের কর্মসূচি দেওয়ার চেষ্টা করছিল।’
অন্যদিকে, ফুলবাড়িয়া জামায়াতের শুরা ও পরামর্শ বোর্ডের সদস্য মো. আব্দুল মজিদ বলেন, ‘উপজেলা পরিষদ ঘেরাও জামায়াতের কোনো কর্মসূচি ছিল না। কিরণ আমাদের দলের কেউ নন। তবে এ ধরনের ঘটনা দুঃখজনক।’
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে ইউএনও শহিদুল ইসলাম সোহাগের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
থানার উপপরিদর্শক (এসআই) হাসানুজ্জামান বলেন, এ ঘটনায় এখনো থানায় কেউ অভিযোগ করেনি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

নাটোরে শিশুদের তুচ্ছ বিরোধের জেরে সাত বছরের এক শিশুর হাতের আঙুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে সাকিল আহমেদ নামের এক পুলিশ সদস্যের বিরুদ্ধে। আহত শিশুটিকে প্রথমে নাটোর সদর হাসপাতাল এবং পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২ ঘণ্টা আগে
আদালতের নির্দেশনা না মানা, রাষ্ট্রপক্ষের সাক্ষী হাজিরে উদ্যোগ না নেওয়া এবং অসদাচরণের অভিযোগে শরীয়তপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মুহাম্মদ কামরুল হাসানকে শোকজ করেছে আইন মন্ত্রণালয়। তিন কর্মদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে তাঁকে।
৩ ঘণ্টা আগে
চাঁদপুর শহরের উত্তর-পশ্চিম বিষ্ণুদী এলাকায় পুকুরের অংশবিশেষ ভরাট করে খামারের বর্জ্য ফেলায় মো. শাহাদাত হোসেন গাজী (৩০) নামের এক ব্যক্তিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ভরাট করা অংশ খনন করে সেখানকার বর্জ্য পরিবেশসম্মতভাবে অপসারণের জন্য তাঁকে সাত দিনের সময় দেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
স্বৈরাচারের পতনের পর শুধু ক্ষমতার হাতবদল হলে চলবে না। সমাজের নানা সংকট নিয়ে মানুষের মধ্যে সংলাপও জরুরি। গণতন্ত্র, ন্যায়বিচার ও পারস্পরিক বোঝাপড়া জোরদার করতে দরকার যুক্তিনির্ভর আলোচনা। আর এই আলোচনায় ডিজিটাল যোগাযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে একই সঙ্গে এটি বাড়াতে পারে বিভাজন ও মেরুকরণ...
৩ ঘণ্টা আগে