
রাজশাহীর একটি পশুর হাট অর্ধেক মূল্যে ইজারা নিতে বিএনপি ও জামায়াত নেতাদের মধ্যে গোপন সমঝোতা হয়েছে। গত বছর প্রায় ১৪ কোটি টাকায় ইজারা হলেও এবার সমঝোতা করে দর দেওয়া হয়েছে মাত্র ৭ কোটি ৪০ লাখ টাকা। নগরের উপকণ্ঠে সিটি হাট নামের এই পশুর হাট পরিচালনা করে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। রাজনৈতিক আঁতাতের ফলে ৬ কোটি ৬০ লাখ টাকার রাজস্ব হারাচ্ছে সংস্থাটি।
স্থানীয় রাজনীতিক ও ব্যবসায়ীদের একটি দল এবার দরপত্রে অংশ নিয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রায়হানুল আলম, বিএনপির নেতা রবিউল আলম মিলু, রুহুল আমিন টুনু, দিলদার হোসেন, বেলাল হোসেন, মাইনুল হক হারু, জামায়াত সমর্থিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহানগর সহসভাপতি খাইরুল ইসলাম, ব্যবসায়ী শওকত আলী, আমিনুল ইসলাম আমিন প্রমুখ। তাঁরাই অর্ধেক দামে হাটটি বাগিয়ে নিচ্ছেন।
বাংলা ১৪৩২ সনের জন্য সিটি হাট ইজারা হয়েছিল ১৪ কোটি টাকায়। নগরের ফুদকিপাড়া এলাকার ব্যবসায়ী শওকত আলী ইজারা নিয়েছিলেন। এবার তাঁর নেতৃত্বেই বিএনপি ও জামায়াতের মধ্যে সমঝোতা হয়েছে। তাঁরা নিজেরা প্রতিদ্বন্দ্বিতায় না গিয়ে সমঝোতা করে দর দিয়েছেন ৭ কোটি ৪০ লাখ টাকা। অবশ্য গত বছর ১৪ কোটি টাকায় ইজারা হলেও সিটি করপোরেশন এবার সরকারি দর নির্ধারণ করে মাত্র ৭ কোটি ৩ লাখ ৮৪ হাজার টাকা। গত ২৩ ফেব্রুয়ারি ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
নির্ধারিত সময়ে ১৩টি শিডিউল বিক্রি হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত জমা হয়েছে ৫টি। ১২ ফেব্রুয়ারি বেলা ১টা পর্যন্ত শিডিউল জমা দেওয়ার সময় ছিল। সেদিন শিডিউল জমা দেওয়ার আগে নগরের ষষ্ঠীতলায় বিএনপির নেতা ও সাবেক কাউন্সিলর রবিউল আলম মিলুর ব্যক্তিগত কার্যালয়ে একটি বৈঠক হয়। এতে রবিউল আলম মিলু ছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির নেতা দিলদার হোসেন, রুহুল আমিন টুনু, সাবেক শিবির নেতা খাইরুল ইসলাম, ব্যবসায়ী শওকত আলী ও আমিন। তাঁরা নিজেদের মধ্যে প্রতিযোগিতা না করে সমঝোতার সিদ্ধান্ত নেন। এরপর অল্প কিছু টাকা কম-বেশি করে নির্ধারিত সময়ের মধ্যে তাঁরা নগর ভবনে পাঁচটি শিডিউল জমা দেন।
সমঝোতা বৈঠকের বিষয়ে জানতে চাইলে অস্বীকার করেন জামায়াতের নেতা খাইরুল ইসলাম ও বিএনপির রবিউল আলম মিলু। ব্যবসায়ী আমিন এ ব্যাপারে কোনো মন্তব্য করতে চাননি। তবে বিষয়টি স্বীকার করেছেন ব্যবসায়ী শওকত আলী। সর্বোচ্চ ৭ কোটি ৪০ লাখ টাকা দর দেওয়ায় হাটটি তাঁর নামেই ইজারা হতে যাচ্ছে। অন্যরা অংশীদার হিসেবে থাকছেন।
শওকত আলী বলেন, ‘দর দেওয়ার ক্ষেত্রে দুটি নিয়ম আছে। প্রথমটা হলো গত বছরের চেয়ে ১০ শতাংশ বেশি টাকা দিলে হাট আমি পাব। তা না হলে গত তিন বছরে যে টাকায় হাট ইজারা দেওয়া হয়েছে, তার গড় মূল্য দিলে হাট পাব। আমরা সবাই মিলে বসে তিন বছরের গড় মূল্যের চেয়ে ৩৭ লাখ টাকা বেশি দর দিয়েছি। সে কারণে হাট আমরাই পাব।’
শওকত আলী জানান, শিডিউল জমা দেওয়ার দিন বেলা ১১টায় তাঁরা রবিউল আলম মিলুর ব্যক্তিগত কার্যালয়ে সমঝোতা বৈঠকে বসেন। বৈঠক শেষে দুপুর সাড়ে ১২টার দিকে শিডিউল জমা দেন।
রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক মাহফুজুল হাসনাইন হিকোল বলেন, এভাবে অর্ধেক মূল্যে হাট ইজারা দেওয়ার প্রক্রিয়া শুরু হওয়ায় সিটি করপোরেশন শুধু রাজস্বই হারায়নি, এতে উন্নয়নও ব্যাহত হবে। এই সিন্ডিকেট ভেঙে দিতে হবে।
ইজারা প্রক্রিয়া চলার সময় সিটি করপোরেশনের প্রশাসক ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদ। তিনি বলেন, ‘শিডিউলগুলো জমা আছে। তিন বছরের গড় হিসাব করে ইজারা দেওয়া হবে। এখনো প্রক্রিয়া শেষ হয়নি। নতুন প্রশাসক এটা করবেন।’ নতুন প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করা সম্ভব হয়নি।

নওগাঁয় গত রোববার রাতে বয়ে যাওয়া আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঝড়ে ঘরবাড়ি ছাড়াও কলা, ভুট্টা, গম, আলু, শাকসবজিসহ ৭৩১ দশমিক ৫ হেক্টর জমির ফসল ক্ষতির মুখে পড়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কলাবাগানের।
৪৩ মিনিট আগে
সেলিম রহমান, পেশায় একজন বেসরকারি চাকরিজীবী। গতকাল সোমবার রাজধানীর এলিফ্যান্ট রোডে এক দোকানে ছোট্ট একটি তালিকা দেখে দেখে পোশাক কিনছিলেন। কেনাকাটার একপর্যায়ে বলেন, মাত্র সাত হাজার টাকায় স্ত্রী, দুই সন্তান আর বৃদ্ধ মায়ের জন্য ঈদের কেনাকাটা সেরেছেন।
১ ঘণ্টা আগে
গরম শুরু না হতেই বিদ্যুৎ-বিভ্রাট দেখা দিয়েছে উপকূলীয় দ্বীপ জেলা ভোলায়। এখানে বিদ্যুৎ আসে আর যায়। প্রায় এক সপ্তাহ ধরে বিদ্যুতের আসা-যাওয়ার এমন ঘটনায় ভোগান্তিতে পড়েছেন গ্রাহকেরা। গত রোববার সকাল থেকে বেলা ৩টা পর্যন্ত অন্তত পাঁচবার বিদ্যুৎ চলে গেছে এবং এসেছে। এতে অনেক বাসাবাড়ি ও দোকানে কাঁচা পণ্যসহ ইলেক
৩ ঘণ্টা আগে
খুলনা জেলা পরিষদে নবনিযুক্ত প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পী দায়িত্বভার গ্রহণ করেছেন। আজ সোমবার দুপুরে তিনি দায়িত্ব নেন। দায়িত্ব হস্তান্তর করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসনের স্থানীয় সরকার উপপরিচালক মো. আরিফুল ইসলাম।
৪ ঘণ্টা আগে