
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার একটি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষককে বিদ্যালয়ের কার্যালয়ে মদ্যপ অবস্থায় দেখা যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ওই প্রধান শিক্ষককে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগ।
ঘটনাটি বৃহস্পতিবার সকালে উপজেলার পোতাজিয়া ইউনিয়নের নুকালী বহুপার্শ্বিক উচ্চবিদ্যালয়ে ঘটে। ওই সময় বিদ্যালয় কেন্দ্রে এইচএসসি পরীক্ষা চলছিল।
অভিযোগ অনুযায়ী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন নিজ কার্যালয়ে মদ্যপ অবস্থায় অসংলগ্ন আচরণ করছিলেন। উপস্থিত কয়েকজন বিষয়টি ভিডিও ধারণ করলে তা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে প্রধান শিক্ষককে অসংলগ্ন মন্তব্য করতে এবং উপস্থিত ব্যক্তিদের সঙ্গে অস্বাভাবিক আচরণ করতে দেখা যায়। একপর্যায়ে তিনি পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। পরে খবর পেয়ে তাঁর পরিবারের সদস্যরা বিদ্যালয়ে এসে তাঁকে বাড়িতে নিয়ে যান।
ঘটনার পর শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানের শৃঙ্খলা ও শিক্ষার পরিবেশ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
বিদ্যালয়ের আইসিটি বিভাগের সহকারী শিক্ষক মো. রফিকুল ইসলাম বলেন, ‘আমি ওই সময় সাময়িক পরীক্ষার দায়িত্বে বিদ্যালয়ের তৃতীয় তলায় ছিলাম। প্রধান শিক্ষকের কক্ষে ঠিক কী ঘটেছে, তা দেখিনি। তবে একটি স্বনামধন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজের কার্যালয়ে বসে মদ্যপান করেছেন—এটি অত্যন্ত দুঃখজনক। এতে প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন হচ্ছে এবং শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে।’
শুক্রবার এ বিষয়ে যোগাযোগ করা হলে প্রধান শিক্ষক রুহুল আমিন বলেন, ‘মানসিক অশান্তির কারণে মদ পান করেছিলাম। তখন আমার মাথা ঠিক ছিল না। কী বলেছি বা কী করেছি, তা মনে নেই। তবে মদ্যপ অবস্থায় বিদ্যালয়ে আসা ঠিক হয়নি। এটি আমার ভুল হয়েছে।’
শাহজাদপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. সাইদুল ইসলাম শেখ বলেন, প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তাঁকে তিন কর্মদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে। পাশাপাশি তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াও শুরু হয়েছে।
শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি নজরে আসার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে প্রধান শিক্ষককে শোকজ করা হয়েছে। তিন কার্যদিবসের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারলে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা হবে।

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় যাঁরা লোকজন ও ভারী যন্ত্রপাতি ভাড়া করতে অর্থায়ন করেছেন এবং ভাঙার নির্দেশ দিয়েছেন, তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। বিভিন্ন সংস্থা তদন্ত করে ঘটনায় জড়িত প্রায় ৪০ জনের একটি তালিকা করেছে।
১৬ মিনিট আগে
সাজানো-গোছানো সংসার ছিল ক্ষুদিরাম-চিত্রা বিশ্বাস দম্পতির। ঘরের আসবাব থেকে শুরু করে স্বপ্নের বসতভিটা—সবই এখন পানির নিচে। নিজের ঘর ছেড়ে গৃহপালিত পশু সঙ্গে নিয়ে এই সড়কের পাশেই আশ্রয় নিয়েছেন তাঁরা। এক-দুই দিন নয়, দীর্ঘ চার মাস এভাবেই কাটছে তাঁদের যাযাবর জীবন।
৩৭ মিনিট আগে
আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
৮ ঘণ্টা আগে
ঘড়ির কাঁটায় সকাল ৯টা। বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সারবদ্ধভাবে ভেতরে প্রবেশ করান প্রধান শিক্ষক। পরে শুরু হলো প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন ও শারীরিক কসরতের মধ্য দিয়ে শেষ হয় এই পর্ব। এরপর শিক্ষার্থীরা আবার সারবদ্ধভাবে যার যার শ্রেণিকক্ষে চলে যায়।
৮ ঘণ্টা আগে