
ভোলার চরফ্যাশন উপজেলার বেগম রহিমা ইসলাম কলেজের এডহক কমিটির স্বাক্ষর ও সিল জালিয়াতির মাধ্যমে গভর্নিং বডি গঠনের অভিযোগের সত্যতা পেয়েছে পুলিশের তদন্ত ব্যুরো (পিবিআই)। তদন্ত প্রতিবেদনে কলেজের অধ্যক্ষসহ তিনজনের বিরুদ্ধে এই জালিয়াতির আশ্রয় নেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।
মামলার অভিযোগ তদন্ত শেষে পিবিআই বরিশালের পরিদর্শক মো. হুমায়ুন কবিরের স্বাক্ষরিত প্রায় ১২০ পৃষ্ঠার এই প্রতিবেদন সম্প্রতি আদালতে দাখিল করা হয়েছে। এডহক কমিটির শিক্ষক প্রতিনিধি মো. মাকসুদুর রহমান বাদী হয়ে কলেজের অধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলমকে প্রধান বিবাদী করে আদালতে মামলা করেন।
প্রতিবেদনে কলেজের অধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলম এবং মো. পারভেজ হোসেন ও মোহাম্মদ রেজাউল করিম খন্দকার নামের তিনজনের বিরুদ্ধে স্বাক্ষর ও সিল জালিয়াতির মাধ্যমে গভর্নিং বডির তালিকা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠানোর অভিযোগের সত্যতা পাওয়ার কথা উল্লেখ করা হয়েছে।
মামলার নথি অনুযায়ী, ২০২৫ সালের ৪ ফেব্রুয়ারি জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজটির পাঁচ সদস্যের একটি এডহক কমিটির অনুমোদন দেয়। ছয় মাস মেয়াদের কমিটিকে এই সময়ের নিয়মিত গভর্নিং বডি গঠনের নির্দেশ দেওয়া হয়।
তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয় মো. মাহাদি হাসান জুয়েলকে সভাপতি এবং মো. আলমগীরকে বিদ্যোৎসাহী সদস্য করে এডহক কমিটি অনুমোদন দেয়। পরে ৩০ এপ্রিল জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠানো একটি তালিকায় পারভেজ হোসেনকে সভাপতি এবং মোহাম্মদ রেজাউল করিম খন্দকারকে বিদ্যোৎসাহী সদস্য হিসেবে দেখানো হয়।
এডহক কমিটির বিদ্যোৎসাহী সদস্য মো. আলমগীর বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয় আমাদের এডহক কমিটি দিয়েছিল এবং ছয় মাসের মধ্যে নিয়মিত গভর্নিং বডি গঠনের নির্দেশ দেয়। কিন্তু দুই মাসের মাথায় আমাদের স্বাক্ষর জাল করে একটি তালিকা পাঠানো হয়। বিষয়টি জানতে পেরে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করি। পরে ৩ জুন জাতীয় বিশ্ববিদ্যালয় মাহাদি হাসান জুয়েলকে সভাপতি ও আমাকে বিদ্যোৎসাহী সদস্য রেখে বাকি সদস্যদের অপরিবর্তিত রেখে গভর্নিং বডি অনুমোদন দেয়। বর্তমানে আমাদের কমিটি বহাল।’
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে কলেজের অধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলমের সঙ্গে দেখা করলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
অপর দিকে মো. পারভেজ হোসেন বলেন, ‘আমরা হাইকোর্টে রিট করার পর সংশ্লিষ্ট কমিটির ওপর স্থিতাবস্থা (স্টে) দেওয়া হয়। পরে আমাদের প্রতিপক্ষরা বিষয়টি নিয়ে চেম্বার জজ আদালতে যায় এবং সেখানে ‘স্ট্যাটাস কো’ বা স্থিতাবস্থা দেওয়া হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ও এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছে। পরে হাইকোর্টের আরেকটি আদেশ অনুযায়ী আমাদের অবস্থান বহাল রয়েছে।’
মোহাম্মদ রেজাউল করিম খন্দকার বলেন, ‘আমার কমিটির সভাপতি পারভেজ সাহেব। তিনি যে ব্যখ্যা দিয়েছে, সেটাই সঠিক।’
বরিশালের পিবিআইয়ের পরিদর্শক মো. হুমায়ুন কবির বলেন, তদন্তে তিনজনের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগের সত্যতা পাওয়া গেছে।

কথায় আছে, ভালোবাসার কোনো জাত, ধর্ম ও সীমানা নেই। সেই ভালোবাসার টানে টাঙ্গাইলের সখীপুরে এসেছেন ডং লিয়াং (৩০) নামে এক চীনা যুবক। অনলাইনে পরিচয়ের পর উপজেলার গজারিয়া ইউনিয়নের বাগবেড় গ্রামের তরুণী আশিতার (২৫) সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
১ ঘণ্টা আগে
শিশুটি বিষয়টি অন্য শিক্ষকদের জানালে তাঁরা ব্যবস্থা না নিয়ে তাকে মারধর ও কাউকে না বলার জন্য ভয় দেখান বলে অভিযোগ রয়েছে। এমনকি বাবা-মাকে জানালে মাদ্রাসা থেকে বের করে দেওয়ার হুমকিও দেওয়া হয়।
১ ঘণ্টা আগে
বহরমপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বগুড়া গ্রামের দলিল উদ্দিন মাস্টারের গোয়ালঘর থেকে গরু চুরি করে মিশুক গাড়িতে তোলার সময় স্থানীয় লোকজনের সন্দেহ হয়। তাঁরা ওই ব্যক্তিদের পরিচয় ও গরুটির মালিকানা সম্পর্কে জানতে চাইলে তাঁদের মধ্যে একজন দৌড়ে পালিয়ে যান।
১ ঘণ্টা আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে বড়দেশী গ্রামের একটি আঞ্চলিক সড়কে এক বৃদ্ধ রিকশাচালক রিকশা মেরামত করছিলেন। এ সময় একটি প্রাইভেট কার এসে তাঁকে ও তাঁর রিকশাকে ধাক্কা দেয়। পরে গাড়ি থেকে কয়েকজন যুবক নেমে ওই রিকশাচালককে মারধর শুরু করেন।
১ ঘণ্টা আগে