
বৃষ্টিস্নাত আবহাওয়ার মধ্যে বাসাবাড়ির আশপাশে পানি জমার ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম। তিনি বলেছেন, প্রতিদিন বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির পর বিভিন্ন স্থানে পানি জমে থাকে। তিন দিনের বেশি কোথাও পানি জমতে দেওয়া যাবে না।
আজ শনিবার সকালে রাজধানীর মতিঝিল আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে শিক্ষক ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আবদুস সালাম এসব কথা বলেন। তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে এদিন ডিএসসিসির সব ওয়ার্ডে একযোগে ‘ক্লিনিং ডে’ পালন করা হয়েছে।
ডেঙ্গু প্রতিরোধে জমে থাকা পানি দ্রুত অপসারণের ওপর গুরুত্বারোপ করে ডিএসসিসি প্রশাসক বলেন, কোথাও ব্যক্তিগতভাবে জমে থাকা পানি অপসারণ সম্ভব না হলে সিটি করপোরেশনকে জানাতে হবে; করপোরেশনের পক্ষ থেকে তা অপসারণ করা হবে। তিনি আরও বলেন, সপ্তাহে অন্তত এক দিন নিজ নিজ বাড়ি, আঙিনা ও আশপাশ পরিষ্কার রাখলে এবং প্রতিটি ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হলে ঢাকা শহর অপরিচ্ছন্ন থাকবে না।
ডিএসসিসি প্রশাসক বলেন, সরকারের নির্দেশনায় নিয়মিত কার্যক্রমের পাশাপাশি প্রতি শনিবার বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হচ্ছে। ঘোষিত তিন মাসের কর্মসূচি নিরলস ও সমন্বিতভাবে বাস্তবায়ন করা গেলে নগরের রাস্তাঘাট ও বাড়ির আঙিনা পরিচ্ছন্ন থাকবে এবং ডেঙ্গুসহ বিভিন্ন রোগবালাইয়ের ঝুঁকি কমে আসবে। তিনি আরও বলেন, সিটি করপোরেশনের কর্মীরা নিয়মিত পরিচ্ছন্নতার কাজ করবেন, তবে এ কর্মসূচি সফল করতে জনগণকেও এগিয়ে আসতে হবে। এ সময় স্কুল, কলেজ, শিক্ষাপ্রতিষ্ঠান, স্কাউট, রোভার স্কাউট, গার্লস গাইড ও সামাজিক প্রতিষ্ঠানগুলোকে এ কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মাহবুবুর রহমান তালুকদার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জাহানে ফেরদৌস বিনতে রহমানসহ করপোরেশনের কর্মকর্তা ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দিনাজপুরের বীরগঞ্জে অবৈধভাবে মজুত করা ১৯৮ বস্তা টিএসপি সার জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার বিকেল ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মাহানপুর গ্রামে আলমের চাতালের ধানের গুদামে অভিযান চালিয়ে এই সার উদ্ধার করেন বীরগঞ্জ উপজেলা কৃষি
১৮ মিনিট আগে
রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি দিতে গিয়ে চারজনকে আটক করেছে পুলিশ। তাঁদের মধ্যে রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব এ এন এম আয়াসও রয়েছেন। আটক ব্যক্তিদের মধ্যে একজন নারী।
২৩ মিনিট আগে
রাজবাড়ী সদর উপজেলায় বস্তাবন্দী অবস্থায় চৌধুরী ফুয়াদ হাসান ওরফে রোহানের মরদেহ উদ্ধারের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জমিজমা নিয়ে পূর্ববিরোধের জেরে হত্যাকাণ্ড ঘটেছে বলে পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে। উদ্ধার করা হয়েছে ছুরি, গামছা, টি-শার্ট ও স্যান্ডেল।
২৮ মিনিট আগে
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার সিদ্ধান্তের নিন্দা করেছে বন্দর রক্ষা কমিটি। চুক্তির শর্ত প্রকাশ, স্বাধীন মূল্যায়ন ও জাতীয় আলোচনার দাবি জানিয়ে ১২ অক্টোবর গণঅনশনের ডাক দিয়েছে সংগঠনটি।
৩২ মিনিট আগে