গাজীপুরের কালিয়াকৈরে মন্ত্রী, সংসদ সদস্য ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে আয়োজিত একটি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ চলাকালে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) ব্যবহৃত আইফোনটি চুরি হয়ে গেছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার পূর্বচন্দ্রা স্পোর্টিং ক্লাব মাঠে এ ঘটনা ঘটে।
মোবাইল হারানোর এই ঘটনায় কালিয়াকৈর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
পুলিশ ও আয়োজকদের সূত্রে জানা গেছে, বাংলাদেশ টেপ বল ক্রিকেট বোর্ড (বিটিসিবি) আয়োজিত ‘বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) ফাইনাল-২০২৬’ উপলক্ষে পূর্বচন্দ্রা মাঠে হাজারো দর্শক, রাজনৈতিক ব্যক্তিত্ব ও প্রশাসনিক কর্মকর্তাদের উপস্থিতি ছিল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন এবং গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান। এ ছাড়া জেলা ও উপজেলা প্রশাসনের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তাও মাঠে উপস্থিত ছিলেন।
জানা যায়, খেলা দেখার উদ্দেশ্যে ইউএনও এ এইচ এম ফখরুল হোসাইন মাঠে প্রবেশের সময় গেটে প্রচণ্ড ভিড়ের সৃষ্টি হয়। এই সুযোগে ভিড়ের মধ্যে থাকা কোনো সংঘবদ্ধ চোরচক্র তাঁর পকেট থেকে আইফোনটি হাতিয়ে নেয়। কিছুক্ষণ পর ফোনটি খুঁজে না পেয়ে তিনি বিষয়টি সেখানে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তাদের জানান।
ঘটনার পরপরই জেলা পুলিশ সুপার শরিফ উদ্দিন এবং কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি অবগত হন। পরবর্তীতে আইফোনটি উদ্ধারে আইনি পদক্ষেপ হিসেবে থানায় একটি সাধারণ ডায়েরি অন্তর্ভুক্ত করা হয়।
এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, ‘ইউএনও স্যারের মোবাইল ফোন হারানোর বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

পাবনা সদর উপজেলার কোমরপুর গ্রামে যুবদল কর্মী হিসেব পরিচিত শরিফুল ইসলাম প্রধানের বাড়ির আন্ডারগ্রাউন্ড থেকে দুটি চোরাই গরু উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শরিফুলকে আটক করেছে পুলিশ। তবে তাঁর কোনো দলীয় পদ-পদবি নেই বলে জানিয়েছে জেলা যুবদল।
৪ মিনিট আগে
আজ গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে পিবিআই জানায়, আপিল বিভাগের চেম্বার জজ আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে এবং হাফিজুর রহমানের পালিয়ে যাওয়ার আশঙ্কা থাকায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে কুমিল্লার আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
১৭ মিনিট আগে
রংপুর রেলস্টেশন এলাকায় বুড়িমারী থেকে পার্বতীপুরগামী ৪৬১ কমিউটার ট্রেনের ইঞ্জিন ও একটি বগি লাইনচ্যুত হয়েছে। শনিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে স্টেশনের কাছে এ ঘটনা ঘটে। এতে কোনো যাত্রী হতাহত না হলেও প্রায় দেড় ঘণ্টা ওই লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে স্কুলছাত্রীকে পেছন থেকে লাথি মারার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর অভিযুক্ত কিশোরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বদলে ভুক্তভোগী ছাত্রীকে বিদ্যালয় থেকে ছাড়পত্র (টিসি) দেওয়ার অভিযোগ উঠেছে। বিদ্যালয়ের বাইরে যাওয়ার অভিযোগে টিসি দেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।
১ ঘণ্টা আগে