Ajker Patrika

সীমান্তের শূন্যরেখায় মরদেহ পড়ে থাকা শিশুর পরিচয় মিলেছে

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি  
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০: ২০
সীমান্তের শূন্যরেখায় মরদেহ পড়ে থাকা শিশুর পরিচয় মিলেছে
নিহত মো. শাকিল। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের শূন্যরেখায় পড়ে থাকা শিশুর মরদেহের পরিচয় মিলেছে। তার নাম মো. শাকিল (১৪)। সে উপজেলার দক্ষিণ ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের আবুল বাসার ওরফে মালু মিয়ার ছেলে।

পরিবারের সদস্যরা জানান, শাকিল গত শুক্রবার থেকে নিখোঁজ ছিল। সে মানসিকভাবে অসুস্থ ছিল বলেও পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। নিখোঁজ হওয়ার এক দিন পর গতকাল শনিবার সন্ধ্যায় আব্দুল্লাহপুর সীমান্তের কাঁটাতারের বেড়ার পাশে ভারতীয় অংশের লংকা মোড়া এলাকায় শাকিলের মরদেহ দেখতে পায় বিজিবি।

মরদেহ উদ্ধারের বিষয়ে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠক শেষে আখাউড়া থানা-পুলিশ শাকিলের মরদেহ বুঝে নিয়ে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করবে।

এদিকে শাকিল কীভাবে সীমান্তের শূন্যরেখায় পৌঁছাল এবং কীভাবে তার মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম বলেন, দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর বৈঠক শেষে মরদেহ বুঝে নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল জাব্বার আহমেদ বলেন, কীভাবে ঘটনাটি ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত