
সাংবাদিকের ওপর হামলার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার দুই আসামির জামিনের প্রতিবাদে কুষ্টিয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে বিক্ষোভ ও সমাবেশ করেছেন জেলার সাংবাদিকেরা। আজ সোমবার বেলা ১১টার দিকে কুষ্টিয়া প্রেসক্লাবের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
আদালত চত্বরে প্রবেশের সময় পুলিশের বাধার মুখে পড়েন সাংবাদিকেরা। এ সময় পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে বাধা উপেক্ষা করে সাংবাদিকেরা আদালত চত্বরে প্রবেশ করে শান্তিপূর্ণ বিক্ষোভ ও সমাবেশ করেন।
সমাবেশে সাংবাদিক নেতারা হামলার ঘটনায় জড়িত সবাইকে দ্রুত গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্ত এবং আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে মামলায় গ্রেপ্তার দুই আসামির জামিনের বিষয়টি আইনগতভাবে পর্যালোচনার দাবি তোলেন তাঁরা। সংশ্লিষ্ট বিচারককে কুষ্টিয়া থেকে প্রত্যাহারের দাবিও জানান সাংবাদিক নেতারা।
কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি খন্দকার আল মামুন সাগর বলেন, ‘সাংবাদিক মাহবুবুল আহসান উল্লাস হামলার পর এখনো হাসপাতালে চিকিৎসাধীন। অথচ গ্রেপ্তার দুই আসামিকে আদালতে পাঠানোর পর জামিন দেওয়া হয়েছে। এতে সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।’
আল মামুন সাগর বলেন, অতীতের মতো কেউ যদি যা খুশি তাই করার চেষ্টা করেন, মেনে নেওয়া হবে না। ওই বিচারককে কুষ্টিয়া থেকে প্রত্যাহার না করা হলে বৃহত্তর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।
কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবু মনি জুবায়েদ রিপন বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে একজন সাংবাদিক হামলার শিকার হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। অথচ আসামিরা জামিনে বাইরে।
সমাবেশে বক্তব্য দেন কুষ্টিয়া প্রেসক্লাবের সহসভাপতি লুৎফর রহমান কুমার, ঢাকাস্থ কুষ্টিয়া সাংবাদিক ফোরামের সভাপতি আবু বকরসহ সাংবাদিক নেতারা। এ সময় জেলার বিভিন্ন উপজেলার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
এদিকে সাংবাদিক মাহবুবুল আহসান উল্লাসের ওপর হামলার মামলার এজাহারভুক্ত প্রধান আসামি ও সংসদ সদস্যের দেহরক্ষী পরিচয়দানকারী রুহুল আমিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাত আড়াইটার দিকে কুমারখালীর চড়াইকোল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন।
এর আগে গত শনিবার গভীর রাতে নন্দলালপুর ইউনিয়নের এলঙ্গী এলাকা থেকে মামলার এজাহারভুক্ত আসামি আমিরুল ইসলাম ও মারুফ হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল রোববার সকালে তাঁদের আদালতে পাঠানো হলে আদালত তাঁদের জামিন মঞ্জুর করেন।
প্রসঙ্গত, গত শনিবার বেলা পৌনে ১টার দিকে কুমারখালী পৌরসভার কুণ্ডুপাড়া কালীবাড়ি মোড় এলাকায় সড়ক নির্মাণকাজের অনিয়মের তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন বাংলা টিভির কুমারখালী উপজেলা প্রতিনিধি মাহবুবুল আহসান উল্লাস। এ ঘটনায় ওই দিন সন্ধ্যায় উল্লাস বাদী হয়ে কুমারখালী থানায় মামলা করেন। মামলায় ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়। মামলার এজাহারে কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সংসদ সদস্য মো. আফজাল হোসেনের ছেলে মো. শোভন হোসেন, ভাই মো. আনোয়ার হোসেন ও দেহরক্ষী পরিচয়দানকারী রুহুল আমিনসহ অন্যদের নাম রয়েছে।

টাঙ্গাইলের রাজনীতিতে চার দশক ধরে নেতিবাচক কর্মকাণ্ডের জন্য সমালোচিত খান পরিবারের এক সদস্যের প্রথমবারের মতো সাজা হয়েছে। একটি হত্যা মামলায় গতকাল সোমবার পরিবারটির ছোট ছেলে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা সানিয়াত খানকে (বাপ্পা) মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
১ ঘণ্টা আগে
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে কুলিক নদীর পাড় থেকে অবৈধভাবে মাটি ও বালু কেটে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। কিন্তু এ ব্যাপারে মুখ খুলতে সাহস পাচ্ছেন না কেউ।
১ ঘণ্টা আগে
হাওর থেকে আট বন্ধুর সঙ্গে গত বুধবার কক্সবাজার সমুদ্রসৈকতে বেড়াতে এসেছিলেন কিশোরগঞ্জের শোলাকিয়ার তরুণ মোফাজ্জল ইমাম সীমান্ত (২০)। ভ্রমণ শেষে শনিবার তাঁদের ফেরার কথা ছিল। শুক্রবার সন্ধ্যায় বন্ধুরা মিলে সৈকতের সুগন্ধা ও কলাতলী পয়েন্টের মাঝামাঝি গোসলে নেমে সীমান্তসহ তিন বন্ধু সাগরে তলিয়ে যান।
১ ঘণ্টা আগে
টাঙ্গাইলের বাসাইলে ১০ কোটি ৯ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি সেতুর ফুটপাতের স্ল্যাব তৈরিতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাইয়ের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোভ বিরাজ করছে।
১ ঘণ্টা আগে