Ajker Patrika

আগৈলঝাড়ায় যুবককে ডেকে নিয়ে হত্যা, গ্রেপ্তার ২

 আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি 
আপডেট : ০৩ জুলাই ২০২৬, ১৩: ৫২
আগৈলঝাড়ায় যুবককে ডেকে নিয়ে হত্যা, গ্রেপ্তার ২
প্রতীকী ছবি

বরিশালের আগৈলঝাড়ায় জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় জহিরুল শিকদার (৩৯) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করে গতকাল বৃহস্পতিবার বিকেলে বরিশাল আদালতে প্রেরণ এবং মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের পশ্চিম গোয়াইল গ্রামের আনিচ শিকদারের ছেলে সিন্টু ও শান্ত শিকদারের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে প্রতিপক্ষ আব্দুর রশিদ শিকদারের ছেলে জহিরুল শিকদারের বিরোধ চলছিল।

নিহত জহিরুলের স্ত্রী মাসুমা মনি বলেন, ‘গত বুধবার গভীর রাতে আমার স্বামী জহিরুল শিকদারকে ঘর থেকে ডেকে নিয়ে যায় শান্ত শিকদার ও জাহাঙ্গীর শিকদার। পরে তাঁরা পরিকল্পিতভাবে বাড়ির পাশের রাস্তায় আমার স্বামীকে হত্যা করে ফেলে রেখে যায়।’ জহিরুল বড়বাশাইল বাজারের মাছ বিক্রেতা ছিলেন।

এই ঘটনায় মাসুমা মনি বাদী হয়ে চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা পাঁচজনকে আসামি করে বৃহস্পতিবার দুপুরে আগৈলঝাড়া থানায় হত্যা মামলা দায়ের করেন। ওই হত্যা মামলার দুই আসামি আনিচ শিকদারের ছেলে শান্ত শিকদার (২৩) ও মৃত চান্দু শিকদারের ছেলে জাহাঙ্গীর শিকদারকে (৫৫) ওই দিন দুপুরেই গ্রেপ্তার করে পুলিশ।

এ বিষয়ে আগৈলঝাড়া থানার ওসি (তদন্ত) সুশংকর মল্লিক বলেন, নিহত জহিরুলের স্ত্রী বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। মামলার পরই দুই আসামিকে গ্রেপ্তার করে বরিশাল আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত