
চাঁদা আদায় ও শ্রমিকদের মারধরকে কেন্দ্র করে দুই শ্রমিক সংগঠনের বিরোধের জেরে চাঁপাইনবাবগঞ্জ থেকে সব রুটে বাস ও ট্রাক চলাচল বন্ধ হয়ে গেছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সদস্যরা কর্মবিরতি শুরু করলে জেলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার বিভিন্ন রুটে যান চলাচল বন্ধ হয়ে যায়।
পুলিশ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ থেকে চলাচলকারী বাস থেকে শ্রমিক কল্যাণের নামে চাঁদা আদায়কে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে জেলা মোটর শ্রমিক ইউনিয়ন এবং জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের মধ্যে বিরোধ চলছে।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার মোটর শ্রমিক ইউনিয়নের কর্মীদের বিরুদ্ধে এক বাসশ্রমিককে মারধরের অভিযোগ ওঠে। এ ঘটনা ও চাঁদা আদায় নিয়ে বিরোধ মীমাংসায় বুধবার রাতে পুলিশের তত্ত্বাবধানে দুই সংগঠনের নেতাদের নিয়ে বৈঠক হয়। এক ঘণ্টার বেশি সময় আলোচনা চললেও দুই পক্ষের অনড় অবস্থানের কারণে কোনো সমঝোতা হয়নি।
এরপর আজ বৃহস্পতিবার সকাল থেকে জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সদস্যরা কর্মবিরতি শুরু করেন। এতে জেলার সব রুটে বাস ও ট্রাক চলাচল বন্ধ হয়ে যায়। সকাল থেকে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ওই সংগঠনের শ্রমিকেরা অবস্থান নিয়ে পিকেটিং করেন এবং যানবাহন চলাচলে বাধা দেন।
জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে ‘চাঁপাইনবাবগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়ন’ নামের একটি সংগঠন সড়কে বাস থামিয়ে বেআইনিভাবে চাঁদা আদায় করছে। এর প্রতিবাদেই শ্রমিকেরা কর্মবিরতি পালন করছেন।
তবে অভিযোগ অস্বীকার করে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুর রউফ জুলমত বলেন, তাঁদের সংগঠন নিয়ম মেনেই শুধু বাস থেকে চাঁদা আদায় করছে। কিন্তু জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের লোকজন ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যানের পাশাপাশি বাস থেকেও চাঁদা আদায় করছেন। অথচ বাস থেকে চাঁদা নেওয়ার অনুমতি ওই সংগঠনের নেই।
তিনি আরও বলেন, এসব বিষয় নিয়ে দুই সংগঠনের মধ্যে এরই মধ্যে ছয়বার বৈঠক হয়েছে। কিন্তু কোনো বৈঠকেই বিরোধের স্থায়ী সমাধান হয়নি।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অ্যাপস) একরামুল হক বলেন, দুই শ্রমিক সংগঠনের বিরোধ মেটাতে বুধবার রাতে পুলিশের উদ্যোগে উভয় পক্ষকে নিয়ে বৈঠক করা হয়। এক ঘণ্টার বেশি সময় আলোচনা হলেও দুই পক্ষের অনড় অবস্থানের কারণে সমঝোতা সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, বৈঠকে সমঝোতা না হলেও সড়কে কোনো ধরনের চাঁদাবাজি না করার জন্য দুই সংগঠনের নেতাদের নির্দেশ দেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ বিষয়টি নজরদারিতে রেখেছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর সশস্ত্র হামলা চালিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা। এতে চার সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আহত সাংবাদিকদের মধ্যে চারজনকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়েছে। আজ রোববার রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের...
৯ মিনিট আগে
নেত্রকোনার বারহাট্টায় সড়কের ওপর ইট-সুরকিসহ নির্মাণসামগ্রী ও বিভিন্ন মালপত্র রেখে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে পাঁচজনকে জরিমানা করা হয়েছে। আজ রোববার উপজেলার গোবিন্দপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁদের মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
১২ মিনিট আগে
সারসংক্ষেপ: মানিকগঞ্জের সাটুরিয়ায় কারাবন্দী আওয়ামী লীগ নেতাকে বিএনপির কর্মী দাবি করে প্রত্যয়নপত্র দেওয়ার ঘটনায় বরাইদ ইউনিয়ন বিএনপির সভাপতি ও ওয়ার্ড সভাপতির পদ স্থগিত করা হয়েছে। একই ঘটনায় ইউনিয়ন যুবদল সভাপতিকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দল।
১৮ মিনিট আগে
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে শাটডাউন চলছে। ইতিমধ্যে নানা কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। আজ রোববার বিকেলে তারা কলেজের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সামনে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগকে রেড কার্ড প্রদর্শন করেন। পরে রাতে প্রতিবাদী সাংস্কৃতিক সন্ধ্যারও আয়োজন করা হয়।
২৫ মিনিট আগে