Ajker Patrika

আনসার সদস্যদের সক্রিয় ভূমিকায় জাতীয় হৃদ্‌রোগ হাসপাতালে দালাল আটক, পুলিশে সোপর্দ

বিজ্ঞপ্তি
আনসার সদস্যদের সক্রিয় ভূমিকায় জাতীয় হৃদ্‌রোগ হাসপাতালে দালাল আটক, পুলিশে সোপর্দ
ছবি: সংগৃহীত

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অঙ্গীভূত আনসার সদস্যদের তাৎক্ষণিক তৎপরতায় রাজধানীর জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউট ও হাসপাতালে রোগীদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার সময় এক দালালকে আটক করা হয়েছে। পরবর্তীতে তাঁকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানার পুলিশের নিকট সোপর্দ করা হয়।

বুধবার (২৯ জুলাই) সকাল আনুমানিক ১১টা ১০ মিনিটে ঢাকা মহানগর আনসার (ডিএমএ) পশ্চিম জোনের শেরেবাংলা নগর থানাধীন জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউট ও হাসপাতালের জরুরি বিভাগের সামনে দায়িত্বরত আনসার সদস্যরা লক্ষ্য করেন, এক ব্যক্তি দেশের বিভিন্ন প্রান্ত থেকে চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের দ্রুত চিকিৎসকের সাক্ষাৎ, উন্নত চিকিৎসা এবং স্বল্প খরচে সেবা পাওয়ার প্রলোভন দেখিয়ে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন।

বিষয়টি সন্দেহজনক মনে হলে প্লাটুন কমান্ডার (পিসি) মো. আমিনুল হক, এপিসি মো. জহিরুল ইসলাম, আনসার সদস্য কাওছার মিয়া এবং সাইফুল ইসলাম তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে ওই ব্যক্তিকে আটক করেন।

আটক ব্যক্তির নাম মো. লিটন মিয়া (৩৫)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে হাসপাতাল এলাকায় রোগীদের বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গিয়ে কমিশনভিত্তিক দালালি কার্যক্রম পরিচালনার কথা জানান।

পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশক্রমে আটক ব্যক্তিকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানার পুলিশের নিকট সোপর্দ করা হয়।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা দেশের সরকারি হাসপাতালসমূহে রোগী, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দালালচক্র, চুরি, ছিনতাই ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সর্বোচ্চ পেশাদারিত্ব, সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে সার্বক্ষণিক দায়িত্ব পালন করে আসছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত