Ajker Patrika

খুলনায় ছুরিকাঘাতে তাঁতী দল সভাপতি নিহত

নিজস্ব প্রতিবেদক, খুলনা
খুলনায় ছুরিকাঘাতে তাঁতী দল সভাপতি নিহত
প্রতীকী ছবি

খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে তাঁতী দল ১০ নম্বর ওয়ার্ড সভাপতি মো. সোনামিয়া নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত ১২টার দিকে খালিশপুর নয়াবাটি এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনায় জড়িত কাউকে পুলিশ এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি। নিহত সোনামিয়া নয়াবাটি এলাকার বাসিন্দা জব্বার সরদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, খালিশপুর নয়াবাটি এলাকায় সোনামিয়ার একটি ভ্যারাইটিজ স্টোর ছিল। প্রতিদিন গভীর রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরে যেতেন তিনি। শনিবার রাত ১২টার দিকে দোকানে থাকা অবস্থায় একটি মোটরসাইকেলে কয়েক যুবক এসে তাঁর ওপর হামলা চালান। দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে তাঁর মৃত্যু হয়।

খালিশপুর থানার এসআই পলাশ কুমার রায় বলেন, ‘রাত ১২টার পর ঘটনাটি ঘটলেও আমাদের সাড়ে ১২টার পরে জানানো হয়। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানেই তাঁর মৃত্যু হয়। সোনামিয়ার মরদেহের সুরতহাল রিপোর্ট শেষে মরদেহ মর্গে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপকমিশনার সুদর্শন কুমার রায় বলেন, সোনামিয়া গত রাতে দোকানে বসে ছিলেন। একটি মোটরসাইকেলে আসা তিন যুবক তাঁকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। তিনি প্রাণ বাঁচাতে দোকান ছেড়ে দৌড় দিয়ে পার্শ্ববর্তী একটি কোম্পানির গোডাউনে আশ্রয় নেন। সেখানে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত