
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনাকে (৩৫) নিজ দপ্তরে হত্যার ঘটনায় মামলা হয়েছে। মামলায় ঘটনার সময় তাঁর অফিসকক্ষ থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ফজলুর রহমান, সমাজকল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক শ্যাম সুন্দর সরকার, সহকারী অধ্যাপক মো. হাবিবুর রহমান ও সাবেক সহকারী রেজিস্ট্রার বিশ্বজিৎ কুমার বিশ্বাসের নাম উল্লেখ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে নিহত শিক্ষিকার স্বামী ইমতিয়াজ সুলতান ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় উপস্থিত হয়ে মামলাটি করেন। শ্যাম সুন্দর আগে একই বিভাগের সভাপতি ছিলেন। অপর আসামি বিশ্বজিৎ কুমার বিশ্বাস উম্মুল মোমেনিন আয়েশা সিদ্দিকা হলের সহকারী রেজিস্ট্রার। কিছুদিন আগে সমাজকল্যাণ বিভাগ থেকে তাঁকে সেখানে বদলি করা হয়।
মামলার এজাহারে ইমতিয়াজ সুলতান অভিযোগ করেন, ওই দুই শিক্ষক ও এক কর্মকর্তার দীর্ঘদিনের পরিকল্পনা এবং নির্দেশে কর্মচারী খন্দকার ফজলুর রহমান আসমা সাদিয়াকে হত্যা করেছেন। মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদেরও আসামি করা রয়েছে। রাত সাড়ে ১০টার দিকে মামলার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা।
এর আগে গতকাল বুধবার বিকেলে নিজ দপ্তরে ছুরিকাঘাতে নিহত হন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহযোগী অধ্যাপক আসমা সাদিয়া রুনা। এ ঘটনায় অভিযুক্ত রাষ্ট্রবিজ্ঞান বিভাগের কর্মচারী ফজলুর রহমানও নিজ গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। রক্তাক্ত অবস্থায় তাঁকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
মামলায় বাদী উল্লেখ করেছেন, ২০১৮ সালে ফজলুর রহমান সমাজকল্যাণ বিভাগের বিভাগীয় তহবিল থেকে অফিস সহায়ক পদে নিয়োগ পান। ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে আসমা সাদিয়া বিভাগের সভাপতি হন। আগের সভাপতি শ্যাম সুন্দর তাঁর সময়ের বিভাগের আয়-ব্যয়ের হিসাব আসমাকে বুঝিয়ে দেননি। সহকারী রেজিস্ট্রার বিশ্বজিৎ কুমার আসমা সাদিয়াকে বলেন, তাঁরা যেভাবে বলবেন এবং কাগজ সামনে ধরবেন, সেখানে তাঁকে শুধু স্বাক্ষর করতে হবে। সে সময় আসমা বিভাগের টাকা স্বচ্ছতার ভিত্তিতে খরচ এবং অপব্যবহার করা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছিলেন। তখন থেকেই আসমার সঙ্গে বিশ্বজিৎ ও শ্যাম সুন্দরের মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব শুরু হয়। ফজলুরসহ তিনজন মিলে বিভাগের অর্থ আত্মসাৎ ও অপব্যবহার করতেন। আসমাকে বিভিন্ন সময়ে ফজলুর অসহযোগিতা ও হেনস্তা করতে থাকেন। এরপর শিক্ষক হাবিবুর রহমানের সামনে আসমাকে ফজলুর অপমানজনক শব্দ ও অশালীন আচরণ করেন; কিন্তু হাবিবুর কোনো প্রতিবাদ করেননি।
মামলায় আরও বলা হয়, এসব ঘটনা সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন রোকসানা মিলিকে মৌখিকভাবে অবহিত করেন আসমা। এ নিয়ে ডিনের নির্দেশে বিভাগে সভাও হয়েছিল। একপর্যায়ে কয়েক মাস আগে ডিনের নির্দেশে বিভাগীয় শৃঙ্খলাভঙ্গ ও বিভাগীয় সভাপতিকে অসহযোগিতা করায় ফজলুরকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে বদলি করা হয়। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন শিক্ষক হাবিবুর। তিনি ফজলুরকে পুনরায় সমাজকল্যাণ বিভাগে আনতে আসমাকে চ্যালেঞ্জ ছোড়েন।
অন্যদিকে বিভাগের অর্থ তছরুপের ঘটনায় বিশ্বজিৎকে গত ১৮ ফেব্রুয়ারি বদলি করা হয়। এর পর থেকে আসমাকে সবাই মিলে হত্যার পরিকল্পনা করতে থাকেন। দুই শিক্ষক ও এক কর্মকর্তার সরাসরি প্ররোচনায় এবং নির্দেশনায় ফজলুর ধারালো ছুরি নিয়ে আসমার অফিসকক্ষে প্রবেশ করে দরজা বন্ধ করে দেন এবং হত্যা করেন।
আসমা সাদিয়ার জানাজায় উপস্থিত শিক্ষক হাবিবুর রহমান সাংবাদিকদের বলেন, ‘আমি হত্যার ঘটনার সুষ্ঠু বিচার চাই। আমাকে ঘটনার সঙ্গে কেন জড়ানো হয়েছে, তা আমার জানা নেই। একই বিভাগের শিক্ষক হিসেবে ফজলুর রহমান সবার কাছেই আসত। সবাইকে বলত তাকে আবারও সমাজকল্যাণ বিভাগে ফিরিয়ে আনতে।’
এ বিষয়ে জানতে সহকারী অধ্যাপক শ্যাম সুন্দর সরকারের মোবাইল ফোনে কল দিলে তিনি তা রিসিভ করেননি।
ওসি মো. মাসুদ রানা বলেন, মামলায় চারজন আসামির নাম উল্লেখ করা হয়েছে। আসামিদের ধরতে ও আইনি পদক্ষেপ নিতে পুলিশ কাজ করছে।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) ফয়সাল মাহমুদ আজকের পত্রিকাকে বলেন, ‘ফজলুর রহমান প্রাথমিকভাবে পুলিশের কাছে লিখিতভাবে ঘটনার বর্ণনা দিয়েছেন। তবে এ বিষয়ে এখনই কিছু বলছি না।’

নারী কর্মজীবীদের মধ্যে অধিকাংশ চাকরি ছাড়ছেন পারিবারিক দায়িত্ব ও মাতৃত্বের কারণে। কর্মজীবী নারীদের ৭৫ শতাংশই এই দুটি কারণে স্বেচ্ছায় বা বাধ্য হয়ে চাকরি থেকে বিরতি নিচ্ছেন বা পেশাগত জীবনে ইতি টানছেন। এ ছাড়া বিরূপ কর্মপরিবেশ, সামাজিক চাপ এবং উচ্চশিক্ষার কারণেও অনেকে চাকরি ছাড়তে বাধ্য হচ্ছেন।
৪৪ মিনিট আগে
‘আমার বাসার পাশেই একটি মিসাইল মারছে। প্রতি মুহূর্তে আতঙ্কে ছিলাম, প্রাণের ভয়ে ছিলাম। এখন নতুন জীবন পাইছি। নতুন এই জীবন দিছে ইউএস-বাংলা।’ কথাগুলো বললেন সংযুক্ত আরব আমিরাতের দুবাইপ্রবাসী ওমর ফারুক।
১ ঘণ্টা আগে
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) আরসিসি সড়ক নির্মাণকাজে ছাত্রদল নেতা আজমান সাকিবের বিরুদ্ধে চাঁদা দাবি ও কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মেট্রোপলিটনের বন্দর থানায় সাবেক সভাপতি রেজা শরিফ, বর্তমান সাধারণ সম্পাদক আরিফ হোসেন শান্তসহ...
২ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের পাগলা মসজিদে নিলাম ডাকের সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক। স্থানীয় একটি নিলাম সিন্ডিকেটের সদস্যরা তাঁদের ওপর হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৫ মার্চ) আসরের নামাজের পর মসজিদের নিলাম ঘরের সামনে এ ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে