Ajker Patrika

এক সপ্তাহ পর মুরগির ময়লার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ

নরসিংদী প্রতিনিধি
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৬, ২১: ০৭
এক সপ্তাহ পর মুরগির ময়লার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
মুরগির ময়লার গর্ত থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার। ছবি: আজকের পত্রিকা

নরসিংদীর শিবপুরে এক সপ্তাহ ধরে নিখোঁজ খোদেজা বেগম ওরফে মিনারা বেগমের (৮৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে উপজেলার জামগর গ্রামের শামসু বিএসসি বাড়ির পাশে মুরগির ময়লার একটি গর্ত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মিনারা বেগম জয়নগর ইউনিয়নের জামগর গ্রামের মৃত ইসব আলীর স্ত্রী। পরিবারের সদস্যদের ভাষ্য, তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। প্রায়ই বাড়ি থেকে বের হয়ে কয়েক দিন পর ফিরে আসতেন। তবে এক সপ্তাহ আগে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফেরেননি।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, আজ দুপুর ১২টার দিকে শামসু বিএসসি বাড়ির পাশের মুরগির ময়লার গর্তে মরদেহ পড়ে থাকতে দেখে তাঁরা পুলিশে খবর দেন। পরে শিবপুর মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহত মিনারা বেগমের ছেলে মোতালিব ও রুহুল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি তাঁদের মায়ের বলে শনাক্ত করেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, মিনারা বেগম নিখোঁজ হওয়ার পর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হয়। তাঁর নিখোঁজের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও পোস্ট দেওয়া হয়েছিল।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া বলেন, মিনারা বেগম এক সপ্তাহ ধরে নিখোঁজ ছিলেন। আজ দুপুরে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাঁর মরদেহ উদ্ধার করে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ও তাঁদের আবেদনের পরিপ্রেক্ষিতে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত