
ময়মনসিংহের নান্দাইলে আকস্মিক ঝড়-বৃষ্টিতে ঘরবাড়ি, গাছপালা, ফসল ও বৈদ্যুতিক অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে ঝড়টি আঘাত হানে। ঝড়ে বিভিন্ন এলাকায় গাছপালা উপড়ে পড়ার পাশাপাশি বৈদ্যুতিক খুঁটি ভেঙে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সিংরইল, মুশুল্লী, বীর বেতাগৈর, আচারগাঁও, জাহাঙ্গীরপুর, গাংগাইল ইউনিয়ন ও নান্দাইল পৌরসভাসহ কয়েকটি এলাকায় ঝড়ে ঘরবাড়ি, গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বহু ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে এবং শতাধিক গাছ উপড়ে পড়েছে। বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ায় পুরো উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। পরে সন্ধ্যার পর বিদ্যুৎ সরবরাহ কিছুটা স্বাভাবিক হয়।
সরেজমিনে দেখা যায়, নান্দাইল-বাকচান্দা সড়কের দুপাশে শতাধিক গাছ ঝড়ে ভেঙে পড়ে আছে। কোথাও বৈদ্যুতিক খুঁটি হেলে পড়ে তার ছিঁড়ে মাটিতে পড়ে আছে। উপজেলার বীর বেতাগৈর ইউনিয়নের কামটখালী গ্রামের মালেক মিয়ার বসতঘর ঝড়ে উড়ে গেছে।
গাংগাইল ইউনিয়নের শিয়ালধরা গ্রামের হৃদয় মিয়ার একটি বিশাল রেইনট্রি গাছ উপড়ে পড়ে রান্নাঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে পুকুরের পাড়ও ধসে গেছে। জাহাঙ্গীরপুর ইউনিয়নের কড়ইকান্দি গ্রামে বাচ্চু মিয়ার বসতঘরের ওপর দুটি বিশাল রেইনট্রি গাছ উপড়ে পড়ে ঘরটি ভেঙে যায়।
ক্ষতিগ্রস্ত মালেক মিয়া বলেন, ‘মুহূর্তের মধ্যে ঝড় এসে আমাদের ঘরবাড়ি লন্ডভন্ড করে দেয়। অনেকের ঘরের টিনের চাল উড়ে গেছে। কারও বিশাল বিশাল গাছ উপড়ে নিয়ে গেছে।’
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাত বলেন, ঝড়ে কোথায় কী পরিমাণ ক্ষতি হয়েছে, তার খোঁজ নেওয়া হচ্ছে। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে থাকলে ক্ষতিগ্রস্তদের সহায়তার ব্যবস্থা নেওয়া হবে।

নাব্যতা সংকট, তীব্র স্রোত ও ঘাট সংকটের কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এর ফলে ঘাটে ৩ শতাধিক পণ্যবাহী ট্রাক আটকা পড়েছে। ঘণ্টার পর ঘণ্টা ফেরির অপেক্ষায় থাকা ট্রাকচালকেরা অত্যন্ত দুর্ভোগে পড়েছেন।
২ মিনিট আগে
আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে আওয়ামী লীগের কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সাবেক সংসদ সদস্য রেজাউল হক চৌধুরী এবং তাঁর ছোট ভাই দৌলতপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বুলবুল আহমেদ টোকেন চৌধুরীর বিরুদ্ধে পৃথক মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
৫ মিনিট আগে
কুমিল্লা সদর উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় শব্দদূষণবিরোধী অভিযান চালিয়ে তিনটি যানবাহনকে ১৭ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। একই অভিযানে নিষিদ্ধ ছয়টি হাইড্রোলিক হর্ন জব্দ করে তাৎক্ষণিকভাবে বিনষ্ট করা হয়েছে।
৭ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীর একটি শাখায় গোসল করতে নেমে নিখোঁজ হওয়া স্কুলছাত্রী আনিকা খাতুনের মরদেহ প্রায় ২৭ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের জহুরপুর-বেলপাড়া এলাকার রুবেলের ঘাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
১২ মিনিট আগে