
রাজশাহীতে পুলিশের সামনেই টেন্ডার বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (৫ মে) সকালে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) অফিসে এই ঘটনা ঘটান স্থানীয় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের কয়েকজন নেতা-কর্মী। তাঁরা বাক্স থেকে সব দরপত্র বের করে দেখেন। পরে বাক্সটি ফেরত দেন। এই ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
আরডিএ সূত্রে জানা গেছে, কয়েকটি শৌচাগারের পুরোনো দুটি বিলবোর্ড, আরডিএ পার্কের ছোট-বড় ২৭টি গাছ, ঢাকা লিয়াজোঁ অফিসের ৫টি সোলার প্যানেল, ১৪টি ব্যাটারি, লিফটের ভাঙা যন্ত্রাংশসহ কিছু পুরোনো জিনিস বিক্রির জন্য সম্প্রতি নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। গত ২৭ এপ্রিল থেকে দরপত্র গ্রহণ শুরু হয়। মঙ্গলবার বেলা ১টা পর্যন্ত দরপত্র দাখিলের শেষ সময় ছিল। শেষ দিন সকাল থেকেই টেন্ডার বাক্সের পাশে পুলিশ ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা সেখানে দরপত্র জমা দিতে যান। এ সময় তাঁরা দাবি করেন, আগেই কিছু দরপত্র বাক্সে ফেলে দেওয়া হয়েছে। আগে যেসব দরপত্র বাক্সে পড়েছে, সেগুলো বাদ দিতে হবে। এখন শুধু তাঁরা দরপত্র দাখিল করবেন। আরডিএ কর্মকর্তারা বোঝানোর চেষ্টা করেন, ২৭ এপ্রিল থেকে দরপত্র দাখিল চলছে। কিন্তু ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. ধলু কোনো কথা না শুনে পুলিশের সামনে থেকে টেন্ডার বাক্স নিয়ে অফিসের করিডরে চলে যান। পরে টেন্ডার বাক্স থেকে আগের দরপত্রগুলো বের করা হয়। পরে বাক্সটি পুলিশকে ফেরত দেওয়া হয়।
সিসিটিভি ক্যামেরার ফুটেজে টেন্ডার বাক্স ছিনতাইয়ের সময় পুলিশকে নির্বিকার দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ঘটনাস্থলে ওয়ার্ড যুবদলের নেতা শরিফ, সাগর, স্বেচ্ছাসেবক দলের নেতা মামুনসহ আরও কয়েকজনকে দেখা যায়। বাক্সটি ফেরত দেওয়ার পর বেলা আড়াইটায় খোলা হয়। তখন ৪টি গ্রুপে ৯টি দরপত্র বাক্সে পাওয়া যায়। এর মধ্যে একটি গ্রুপের জন্য বাক্সে দরপত্র ছিল পাঁচটি। বাকি তিনটি গ্রুপের দরপত্র পাওয়া যায় চারটি। মাত্র আড়াই লাখ টাকার এসব জিনিস কিনতে প্রায় ৪৫০ জন শিডিউল কিনেছিলেন।
জানতে চাইলে নগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি বলেন, ‘এই ঘটনার সঙ্গে যুবদলের কেউ জড়িত আছে কি না জানি না। আমরা খোঁজখবর নিয়ে বিষয়টি খতিয়ে দেখব।’
আরডিএর সহকারী প্রকৌশলী কাজী আসাদুজ্জামান বলেন, ‘পুলিশের সামনেই দরপত্র বাক্স ছিনতাই করে নিয়ে যাওয়ার ঘটনা ঘটে। ২৭ এপ্রিল থেকে দরপত্র জমা নেওয়া হচ্ছে। কিন্তু তাঁদের দাবি ছিল, আজ যেগুলো জমা হবে, শুধু সেগুলোই নিতে হবে। তাঁরা বাক্স থেকে অন্য দরপত্র বের করে দেখেছেন। সেগুলো পরে বাক্সে ঢোকানো হয়েছে কি না জানি না। বাক্স অফিস ছাড়া অন্য কেউ খুলতে পারে না। এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়া হবে।’
বাক্স ছিনতাইয়ের সময় কাউকে আটক না করার বিষয়ে জানতে চাইলে নগরের শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, ‘তারা ভুল বুঝে বাক্স নিয়ে গিয়েছিল। পরে ভুল বুঝতে পেরে বাক্স ফেরত দিয়েছে। এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়া হবে। আরডিএ চাইলে আইনগত ব্যবস্থা নিতে পারে। তা না হলে পুলিশই নেবে।’

লক্ষ্মীপুরের রায়পুরে মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় থানায় হত্যা মামলা করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে নিহত শাহীনুর বেগমের ছেলে শিফাত হোসেন বাদী হয়ে রায়পুর থানায় মামলাটি করেন। মামলায় নিহত হামলাকারী অন্তর মজুমদার ছাড়াও অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে।
৩ মিনিট আগে
প্রধান শিক্ষকের অভিযোগ, ২১ জুন বিকেলে হারুনুর রশিদসহ কয়েকজন বিদ্যালয়ের অফিস কক্ষে প্রবেশ করেন। তাঁরা নির্বাচন-সংক্রান্ত কাগজপত্র দেখতে চান এবং সদস্যদের তালিকা পরিবর্তনের চেষ্টা করেন। এতে তিনি আপত্তি জানালে একপর্যায়ে হারুনুর রশিদ তাঁকে আঘাত করেন এবং হুমকি দেন বলেও অভিযোগ করেন তিনি।
৭ মিনিট আগে
নেত্রকোনার বারহাট্টায় গ্রেপ্তার বড় ভাইকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ ছোট ভাইয়ের বিরুদ্ধে। এই ঘটনায় পুলিশ দুজনকেই গ্রেপ্তার করেছে। এ সময় তাঁদের কাছ থেকে ৭০ গ্রাম হেরোইন ও ৪টি ইয়াবা উদ্ধার করা হয়।
২৪ মিনিট আগে
বগুড়ার ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান ওয়াসীমকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে। বিএনপি নেতাদের ওপর হামলা, ভাঙচুর, ককটেল বিস্ফোরণ ও নাশকতাসহ বিভিন্ন অভিযোগে থানায় দায়ের করা তিনটি মামলার এজাহার নামীয় আসামী ছাত্রলীগ নেতা সোহানুর রহমান ওয়াসীম।
৩৭ মিনিট আগে