
গাইবান্ধায় নেশার টাকা জোগাড় করতে ১৩ মাস বয়সী কন্যাশিশুকে বিক্রির অভিযোগে বাবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে শিশুটিকে উদ্ধার করে মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে।
আজ সোমবার দুপুরে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান গাইবান্ধার পুলিশ সুপার মো. জসিম উদ্দিন।
গ্রেপ্তাররা হলেন শিশুটির বাবা হামিদুল মিয়া, বাসের হেলপার মজিদ, মোছা. মোরশেদা ও সোলেমান চৌকিদার।
পুলিশ জানায়, গতকাল রবিবার গাইবান্ধা ও রংপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রথমে সারবাজার এলাকা থেকে হামিদুলকে গ্রেপ্তার করা হয়। পরে রংপুরের পীরগঞ্জ উপজেলার রায়পুর ছোট ওমরপুর এলাকায় অভিযান চালিয়ে বাসের হেলপার মজিদকে গ্রেপ্তার করা হয়। এরপর ফুলছড়ি উপজেলার মদনেরপাড়া এলাকা থেকে মোরশেদাকে গ্রেপ্তার করা হয়।
তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে ফুলছড়ি উপজেলার মদনেরপাড়া ছলের মোড় এলাকায় সোলেমান চৌকিদারের বাড়িতে অভিযান চালিয়ে ১৩ মাস বয়সী শিশু ফাতেমা জান্নাতকে উদ্ধার করা হয়।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৭ জুলাই বিস্কুট কিনে দেওয়ার কথা বলে মেয়ে ফাতেমাকে কোলে নিয়ে বাড়ি থেকে বের হন বাবা হামিদুল। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। মেয়েকে নিয়ে যাওয়ার দুদিন পর হামিদুল মুঠোফোনে স্ত্রী রুমানা আক্তারকে জানান, ১০ হাজার টাকা না দিলে শিশুটিকে বিক্রি করে দেওয়া হবে। আর্থিক সংকটের কারণে রুমানা ওই টাকা দিতে পারেননি। এরপর হামিদুল মুঠোফোন বন্ধ করে দেন।
পরে সন্তানকে ফিরে পেতে রুমানা আদালতে মামলা করেন এবং পুলিশের দ্বারস্থ হন।
সন্তানকে ফিরে পেয়ে রুমানা বেগম বলেন, ‘আজ আমার কোল ভরি গেল, যারা আমার স্বামীর কাছে থেকে আমার সন্তানকে কিনে নিয়েছিল, তাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই।’
পারিবারিক সূত্রে আরও জানা যায়, ২০২৪ সালের জুলাইয়ে হামিদুলের সঙ্গে রুমানার বিয়ে হয়। বিয়ের পর থেকেই মাদকের টাকা জোগাড় করা নিয়ে হামিদুল স্ত্রীকে প্রায়ই নির্যাতন করতেন বলে অভিযোগ রয়েছে। সন্তান জন্মের পর পরিস্থিতির অবনতি হলে মেয়েকে নিয়ে বাবার বাড়িতে চলে যান রুমানা।
পরিবারের অভিযোগ, মাদকের টাকা জোগাড় করতেই শিশুটিকে নিয়ে যান হামিদুল। পরে শিশুটিকে ৪০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করা হয়। তবে হামিদুল পুরো টাকা পাননি। তিনি ৩১ হাজার টাকা পেয়েছেন।
পুলিশ সুপার মো. জসিম উদ্দিন বলেন, পুলিশের কাছে অভিযোগ আসার পর জেলা ডিবি পুলিশের একটি চৌকস দল কাজ শুরু করে। আসামিরা বিভিন্ন সময় বিভিন্ন স্থানে অবস্থান করার কারণ কিছু বেগ পেতে হলেও তাদের গ্রেপ্তার করে শিশুটিকে তার মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে। আসামিদের আইনি প্রক্রিয়া শেষে আদালতে হাজির করা হবে।

টাঙ্গাইলের রাজনীতিতে চার দশক ধরে নেতিবাচক কর্মকাণ্ডের জন্য সমালোচিত খান পরিবারের এক সদস্যের প্রথমবারের মতো সাজা হয়েছে। একটি হত্যা মামলায় গতকাল সোমবার পরিবারটির ছোট ছেলে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা সানিয়াত খানকে (বাপ্পা) মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
১ ঘণ্টা আগে
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে কুলিক নদীর পাড় থেকে অবৈধভাবে মাটি ও বালু কেটে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। কিন্তু এ ব্যাপারে মুখ খুলতে সাহস পাচ্ছেন না কেউ।
১ ঘণ্টা আগে
হাওর থেকে আট বন্ধুর সঙ্গে গত বুধবার কক্সবাজার সমুদ্রসৈকতে বেড়াতে এসেছিলেন কিশোরগঞ্জের শোলাকিয়ার তরুণ মোফাজ্জল ইমাম সীমান্ত (২০)। ভ্রমণ শেষে শনিবার তাঁদের ফেরার কথা ছিল। শুক্রবার সন্ধ্যায় বন্ধুরা মিলে সৈকতের সুগন্ধা ও কলাতলী পয়েন্টের মাঝামাঝি গোসলে নেমে সীমান্তসহ তিন বন্ধু সাগরে তলিয়ে যান।
১ ঘণ্টা আগে
টাঙ্গাইলের বাসাইলে ১০ কোটি ৯ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি সেতুর ফুটপাতের স্ল্যাব তৈরিতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাইয়ের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোভ বিরাজ করছে।
১ ঘণ্টা আগে