
খুলনা জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬ ঘিরে জমে উঠেছে প্রচার-প্রচারণা। আগামী শনিবার (১২ সেপ্টেম্বর) খুলনা জেলা স্টেডিয়ামে নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। আজ বৃহস্পতিবার খুলনা প্রেসক্লাবে পৃথক সংবাদ সম্মেলনে ‘সম্মিলিত ক্লাব ঐক্য পরিষদ’ ও ‘সম্মিলিত ক্রীড়া সংগঠক পরিষদ’ তাদের নির্বাচনী ইশতেহার ও প্যানেল ঘোষণা করেছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ‘সম্মিলিত ক্লাব ঐক্য পরিষদ’ (মোল্লা খায়রুল ইসলাম নেতৃত্বাধীন) সংবাদ সম্মেলন করে। এতে ১৪ দফার নির্বাচনী ইশতেহার ও পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হয়।
সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোল্লা খায়রুল ইসলাম বলেন, দক্ষ, অভিজ্ঞ ও প্রতিশ্রুতিশীল তরুণ ক্রীড়া সংগঠক এবং সাবেক ক্রীড়াবিদদের সমন্বয়ে তাঁদের প্যানেল গঠন করা হয়েছে। খুলনাকে ‘স্পোর্টস সিটি’ হিসেবে দেশজুড়ে পরিচিত করাই তাঁদের মূল লক্ষ্য।
ইশতেহারে খুলনা জেলা স্টেডিয়ামের পূর্ণাঙ্গ উন্নয়ন, বন্ধ থাকা খেলাধুলা পুনরায় চালু, পূর্ণাঙ্গ লীগ আয়োজন, তরুণ খেলোয়াড় তৈরিতে নিয়মিত প্রশিক্ষণ এবং জাতীয় ক্রীড়া পরিষদের সহায়তা ও নিজস্ব অর্থায়নে ক্রীড়া কার্যক্রম পরিচালনার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
এ ছাড়া জেলা স্টেডিয়ামে আধুনিক সুইমিংপুল ও জিম নির্মাণ, স্বচ্ছ অর্থনৈতিক ব্যবস্থাপনা, বিভিন্ন বয়সভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট ও নিয়মিত প্রমিলা ক্রিকেট লীগ আয়োজন এবং জেলা স্টেডিয়ামকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের ভেন্যু হিসেবে গড়ে তোলার কথা বলা হয়েছে। সার্কিট হাউস মাঠসহ জেলার অন্যান্য মাঠকে খেলার উপযোগী করার প্রতিশ্রুতিও রয়েছে।
এই প্যানেলের সাধারণ সম্পাদক পদে মোল্লা খায়রুল ইসলাম, অতিরিক্ত সাধারণ সম্পাদক পদে শেখ হেমায়েত উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে আলহাজ বেলাল হোসেন ও কে এম আশরাফুল আলম (নান্নু) এবং কোষাধ্যক্ষ পদে হাসান জহীর মুকুল প্রতিদ্বন্দ্বিতা করছেন। সহসভাপতি পদে রয়েছেন এস এম মোয়াজ্জেম রশীদী দোজা, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, মো. জুলফিকার আলী খান ও শাহ আসিফ হোসেন (রিংকু)।
আজ দুপুর সাড়ে ১২টায় ‘সম্মিলিত ক্রীড়া সংগঠক পরিষদ’ মনোনীত ‘রেজভী-ফয়েজ-মামুন-জাহাঙ্গীর-পিলু-আবুল’ প্যানেল সংবাদ সম্মেলন করে। এতে সততা ও জবাবদিহির মাধ্যমে খুলনার ক্রীড়াঙ্গন পরিচালনার অঙ্গীকার করা হয়।
প্যানেলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ও খুলনা বিভাগীয় নারী ক্রিকেট দলের সাবেক প্রধান কোচ ইমতিয়াজ হোসেন পিলু বলেন, খুলনার ক্রীড়াঙ্গনের ঐতিহ্য ফিরিয়ে আনা, মাঠের সংকট ও অব্যবস্থাপনা দূর করা এবং সাধারণ ক্লাবগুলোর অধিকার ফিরিয়ে দেওয়ার লক্ষ্যেই ১২ জনের এই প্যানেল গঠন করা হয়েছে।

লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, দীর্ঘদিনের ক্লাবভিত্তিক লবি ও প্রশাসনিক অব্যবস্থাপনার কারণে খুলনার ক্রীড়াঙ্গন স্থবির হয়ে পড়েছে। নিয়মিত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগ ক্রিকেট লিগ না হওয়ায় নতুন খেলোয়াড় উঠে আসছে না।
তাঁর দাবি, সর্বশেষ ২০২১ সালে প্রথম বিভাগ ক্রিকেট লিগ অনুষ্ঠিত হয়েছে। এরপর আর তা হয়নি। এ ছাড়া ভোটারদের নিরপেক্ষতা নিশ্চিত করা এবং স্বল্পসংখ্যক ক্লাবের হাতে ভোট নিয়ন্ত্রণের বিষয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন।
এই প্যানেলে সাধারণ সম্পাদক পদে ইমতিয়াজ হোসেন পিলু, অতিরিক্ত সাধারণ সম্পাদক পদে মো. আবুল হোসেন আবুল, যুগ্ম সম্পাদক পদে মো. খাইরুল আহসান (মানিক) এবং কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ আলী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সহসভাপতি পদে রয়েছেন মো. হাসান মেহেদী রেজভী, মজিবর রহমান ফয়েজ, শরীফ মো. বদরুজ্জামান (মামুন) ও শেখ জাহাঙ্গীর হোসেন। নির্বাহী সদস্য পদে রয়েছেন মিলজার হোসেন, এস এম আজাদ হোসেন জুয়েল, মো. জোবায়ের ইসলাম ও মনিরুজ্জামান মহাসীন।
সংবাদ সম্মেলন থেকে নির্বাচন কমিশনের কাছে ভোটাররা যাতে স্বাধীন ও স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারেন, তা নিশ্চিত করার দাবি জানানো হয়। পাশাপাশি ভোটকেন্দ্রের বুথের ভেতরে কোনো প্রার্থী যাতে প্রবেশ করতে না পারেন, সে বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা।
উল্লেখ্য, নির্বাচনে ২২২ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খুলনা জেলা স্টেডিয়ামে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

মাগুরায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেও ফল পরিবর্তন না হওয়ায় ফাহমিদা (১৬) নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। ফাহমিদা বাহারবাগ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
১৩ মিনিট আগে
হামের প্রাদুর্ভাব ও মৃত্যুর মিছিল অব্যাহত রয়েছে। দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও সাতজনের মৃত্যু হয়েছে। তবে এ সময় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে নতুন করে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
২৩ মিনিট আগে
নেত্রকোনার মোহনগঞ্জে জুয়ার আসরে অভিযান চালিয়ে যুবদল নেতা, বিজিবি সদস্য, ফায়ার সার্ভিসের কর্মকর্তাসহ আটজনকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যায় আটকের পর জুয়া আইনে মামলা দিয়ে আজ বৃহস্পতিবার সকালে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
২৯ মিনিট আগে
ঠাকুরগাঁও শহরে ছেলেকে স্কুল থেকে নিয়ে স্ত্রীসহ মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন সালেকিন ফেরদৌস। পথে চাঁদার দাবিতে মোটরসাইকেলের গতি রোধ করে বখাটেরা। দিতে অস্বীকৃতি জানালে তারা সালেকিনের ওপর তাণ্ডব চালায়।
৩২ মিনিট আগে