
গাজীপুরের পশ্চিম জয়দেবপুরে সৌরভ আহমেদ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ। নিখোঁজের ২৭ দিন পর সৌরভের কঙ্কাল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে রবিউল ইসলাম ও শাহিন নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানার ওসি মোহাম্মদ আমিনুল ইসলাম।
নিহত সৌরভের (২০) বাড়ি জামালপুরে। তিনি পশ্চিম জয়দেবপুরে ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় শ্রমিকের কাজ করতেন। গ্রেপ্তাররা হলেন সাতক্ষীরা জেলার মো. রবিউল ইসলাম (২৬) ও শাহীন আলম (২৭)।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই দীপঙ্কর দত্ত জানান, গত ৩ আগস্ট পশ্চিম জয়দেবপুর এলাকা থেকে নিখোঁজ হন সৌরভ। পরে তাঁর মা কাকলী বেগম সদর থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। তদন্তের একপর্যায়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় সৌরভের সর্বশেষ অবস্থান শনাক্ত করা হয়। পাশাপাশি পারিবারিক বিরোধসহ বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে হত্যাকাণ্ডের সূত্র খুঁজে পায় পুলিশ। পরে সৌরভের মা হত্যার উদ্দেশে অপহরণের অভিযোগে মামলা করেন।
মামলার তদন্তে তথ্যপ্রযুক্তির বিশ্লেষণ ও বিভিন্ন তথ্যের ভিত্তিতে মাদারীপুর ও সাতক্ষীরায় অভিযান চালিয়ে প্রধান আসামি রবিউল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে কিলিং মিশনে অংশ নেওয়া শাহিনকে মাদারীপুরের টেকেরহাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
তদন্ত কর্মকর্তার ভাষ্য, গ্রেপ্তার সৌরভের বোন নুপুরের সঙ্গে চার বছর আগে রবিউল ইসলামের বিয়ে হয়। তাঁদের সংসারে একটি সন্তান রয়েছে। পরবর্তীতে নুপুরের সঙ্গে সৌরভের বন্ধু জাহাঙ্গীরের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে নুপুর রবিউলের সংসার ছেড়ে জাহাঙ্গীরের সঙ্গে চলে যান। এ ঘটনায় রবিউল ক্ষুব্ধ হন। এর জের ধরেই তিনি শাহিনের সঙ্গে পরামর্শ করে সৌরভকে হত্যার পরিকল্পনা করেন বলে তদন্তে উঠে এসেছে।
পরিকল্পনা অনুযায়ী গত ৩ আগস্ট কৌশলে সৌরভকে গাজীপুর থেকে মাদারীপুরের টেকেরহাট এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে শাহিনকে ৮ হাজার টাকার বিনিময়ে হত্যার চুক্তি দেওয়া হয়। পরে ওই দিন রাতে রাজৈর থানাধীন হোসেনপুর ইউনিয়নের উত্তর বিদ্যানন্দি এলাকার একটি ডোবার কাছে সৌরভকে নিয়ে যাওয়া হয়। সেখানে চাপাতি দিয়ে কুপিয়ে তাঁকে হত্যা করা হয়। পরে লাশ গুমের উদ্দেশে টুকরো করে কচুরিপানার নিচে লুকিয়ে রাখা হয়।
এরপর গ্রেপ্তার রবিউল ইসলাম ও শাহিনের দেওয়া তথ্য ও দেখানো মতে ওই ডোবা থেকে সৌরভের কঙ্কালের অংশবিশেষ ও পরনের পোশাক উদ্ধার করে পুলিশ।
ওসি মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, গ্রেপ্তাররা হত্যাকাণ্ডের লোমহর্ষক বর্ণনা দিয়েছেন। এই হত্যাকাণ্ড চারজন অংশ নিয়েছেন। হত্যাকাণ্ডে জড়িত পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত। গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।

গাজীপুরের কালিয়াকৈরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের নেতা–কর্মীদের ঝটিকা মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এ ঘটনায় ছাত্রলীগের সাবেক নেতা তৌসিক আহমেদকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। বিএনপি ও যুবদলও দুই দফায় মিছিল করেছে।
৩২ মিনিট আগে
চট্টগ্রামের রাউজানে প্রকাশ্যে দুর্বৃত্তের গুলিতে মোহাম্মদ করিম (৩৬) নামের এক যুবক নিহত হয়েছেন। দুর্বৃত্তরা তাঁর বুকে গুলি করে পালিয়ে যাওয়ার পরও দীর্ঘক্ষণ মরদেহ সড়কের পাশে পড়ে থাকতে দেখা যায়...
১ ঘণ্টা আগে
বিদ্যালয়ে যাওয়ার কথা বলে ইউনিফর্ম পরে বাড়ি থেকে বের হয়েছিল তিন বান্ধবী। তবে বিদ্যালয়ে না গিয়ে তারা যাচ্ছিল একটি পার্কে। সঙ্গে নিয়েছিল অতিরিক্ত জামা-কাপড় ও দুপুরের খাবার। তবে পার্কে যাওয়ার সেই পরিকল্পনা ভেস্তে যায় ইউএনও’র হস্তক্ষেপে।
২ ঘণ্টা আগে
উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সৈয়দপুর বিজ্ঞান কলেজের ৪৮ জন শিক্ষার্থী নিজেদের কলেজেই ভর্তির সুযোগ পাচ্ছে না। এসএসসি-২০২৬ ফলাফলে জিপিএ-৫ না থাকায় ওই শিক্ষার্থীরা অনলাইনে এইচএসসি প্রথম বর্ষে ভর্তির আবেদন করতে পারছে না।
২ ঘণ্টা আগে