Ajker Patrika

কালিয়াকৈরে অটোরিকশাচালকদের মহাসড়ক অবরোধ, যানজটে দুর্ভোগ

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ২৩ অক্টোবর ২০২৬, ১৯: ৩৯
কালিয়াকৈরে অটোরিকশাচালকদের মহাসড়ক অবরোধ, যানজটে দুর্ভোগ
আজ বেলা ১১টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন অটোরিকশাচালকেরা। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের কালিয়াকৈরে হাইওয়ে পুলিশের বিরুদ্ধে হয়রানি, জরিমানা ও মামলা দেওয়ার অভিযোগ তুলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন অটোরিকশাচালকেরা। আজ শুক্রবার বেলা ১১টার দিকে বোর্ডঘর এলাকায় এই অবরোধে প্রায় এক ঘণ্টা যান চলাচল ব্যাহত হয়। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়ে ভোগান্তিতে পড়েন হাজারো যাত্রী ও চালক।

সকালে কালিয়াকৈর উপজেলার বোর্ডঘর এলাকায় বিক্ষোভকারীরা হাইওয়ে পুলিশের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। একপর্যায়ে তাঁরা মহাসড়কে বসে পড়েন। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়।

অটোরিকশাচালকদের অভিযোগ, মহাসড়কে চলাচলের সময় হাইওয়ে পুলিশ তাঁদের অটোরিকশা আটক করে ২ হাজার ৬০০ টাকা পর্যন্ত জরিমানা করছে বা মামলা দিচ্ছে। কখনো কখনো অটোরিকশা ডাম্পিংয়ে নিয়ে যাওয়ারও অভিযোগ করেন তাঁরা।

চালকদের দাবি, মামলা দেওয়ার ক্ষেত্রে অনেক সময় কোনো রসিদ দেওয়া হয় না। এসব হয়রানির প্রতিবাদ জানাতেই তাঁরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

একাধিক অটোরিকশাচালক বলেন, কিস্তিতে টাকা তুলে অটোরিকশা কিনেছেন। হাইওয়ে পুলিশ রাস্তায় তাঁদের হয়রানি করে। জরিমানা, মামলার পাশাপাশি অটোরিকশা ডাম্পিংয়ে নিয়ে যাওয়ার হুমকি দেওয়া হয়। তাঁরা এসবের প্রতিকার চান।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, ‘অটোরিকশাচালকদের আন্দোলনের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। তাঁদের সঙ্গে কথা বলে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে।’

পরে পরিস্থিতি স্বাভাবিক হলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উভয় পাশে যান চলাচল শুরু হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত