
হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগনকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘খুঁজে বের করে জীবিত দাফন’ করার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে মাওলানা কামরুল ইসলাম খাঁন নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় নিরাপত্তাহীনতার আশঙ্কা জানিয়ে হবিগঞ্জ সদর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন রিংগনের ভাই মো. জাহাঙ্গীর আলম।
আজ সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক।
গতকাল রোববার থানায় করা জিডির আবেদনে জাহাঙ্গীর আলম উল্লেখ করেন, ওই দিন তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেখতে পান, মাওলানা কামরুল ইসলাম খাঁন তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট থেকে শাহ রাজিব আহমেদ রিংগনকে খুঁজে বের করে ‘জীবিত দাফন’ করার হুমকি দিয়েছেন। এতে তিনি, তাঁর ভাই ও পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে উল্লেখ করা হয়।
জিডিতে অভিযোগ করা হয়, মাওলানা কামরুল ইসলাম খাঁন হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া ইউনিয়নের রায়ধর গ্রামের বাসিন্দা। তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে বিএনপির সংসদ সদস্য ও হুইপ জি কে গউছসহ বিএনপি ও এর অঙ্গসংগঠন নিয়ে অশ্লীল, কটূক্তি ও কুরুচিপূর্ণ মন্তব্য করে আসছেন বলেও অভিযোগ করা হয়েছে।
আবেদনে আরও বলা হয়, এসব পোস্টের কারণে বিএনপি ও দলটির অঙ্গসংগঠনের রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলে আবেদনকারীর দাবি। পাশাপাশি শাহ রাজিব আহমেদ রিংগনকে প্রকাশ্যে হত্যার হুমকির ঘটনায় যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির আশঙ্কা করছেন পরিবারের সদস্যরা।
অভিযোগকারী জাহাঙ্গীর আলম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ্য এমন হুমকির কারণে তাঁর ভাই ও পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। ভবিষ্যতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে বিষয়টি যেন আইনগতভাবে নথিভুক্ত থাকে, সে কারণেই থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
তবে অভিযোগে উল্লিখিত মাওলানা কামরুল ইসলাম খাঁনের বক্তব্য পাওয়া যায়নি। তাঁর রাজনৈতিক পরিচয়ও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদুল হক বলেন, এ বিষয়ে সাধারণ ডায়েরি আমরা পেয়েছি। অভিযোগের সত্যতা ও ফেসবুক পোস্টের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

রাজধানীর দক্ষিণখানের ফায়দাবাদ এলাকার জামতলা গলিতে দন্তচিকিৎসক সারাহ রোকসানা পিনু হত্যা মামলায় গ্রেপ্তার স্বামী সোহেল রানাকে দুই দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাঈদ তাঁকে রিমান্ডে নেওয়ার এই নির্দেশ দেন।
৩ মিনিট আগে
চট্টগ্রাম বন্দরের জেটিতে প্রবেশের সময় স্টিয়ারিংয়ে কারিগরি ত্রুটির কারণে কনটেইনারবাহী জাহাজ এমভি সিএনসি ইউরেনাস ২ নম্বর রেড বয়ায় ধাক্কা দিয়ে রিটেইনিং ওয়ালে আটকে গেছে। সোমবার দুপুর ২টা ১৫ মিনিটে ঘটে যাওয়া এ ঘটনায় কেউ হতাহত হননি। জাহাজটি সরাতে উদ্ধার অভিযান চলছে।
১২ মিনিট আগে
বান্দরবানে স্বাস্থ্য বিভাগের অব্যবস্থাপনা, অনিয়ম, চিকিৎসা উপকরণের অপ্রতুলতা ও হামে আক্রান্ত রোগীদের সুচিকিৎসা নিশ্চিতের দাবিতে মানববন্ধন হয়েছে। সোমবার সকালে প্রেসক্লাবের সামনে আয়োজিত কর্মসূচিতে স্বাস্থ্য খাতে দুর্নীতি বন্ধ, স্বাস্থ্যসেবা আধুনিকায়ন এবং পার্বত্য জেলা পরিষদ নির্বাচনের দাবি জানানো হয়।
১৫ মিনিট আগে
সরকারি স্বাস্থ্যসেবা নিরবচ্ছিন্ন ও কার্যকর রাখার লক্ষ্যে পিরোজপুর জেলায় কর্মঘণ্টা চলাকালীন সরকারি চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে পিরোজপুর সিভিল সার্জন কার্যালয়। আজ সোমবার পিরোজপুরের সিভিল সার্জন ডা. মো. মতিউর রহমান স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।
২৯ মিনিট আগে