Ajker Patrika

আটক ৫ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ, আসেনি পাটবোঝাই নৌকা

বাঘা (রাজশাহী) প্রতিনিধি  
আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২২: ৫৮
আটক ৫ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ, আসেনি পাটবোঝাই নৌকা
দেশে ফেরা ব্যক্তিদের স্বজনদের কাছে হস্তান্তর করেন আবু সাঈদ চাঁদ। ছবি: আজকের পত্রিকা

সীমান্ত অতিক্রম করে বিএসএফের হাতে আটক হওয়া পাঁচ বাংলাদেশি ১১ দিন পর দেশে ফিরেছেন। তবে তাঁদের পাটবোঝাই নৌকা ফেরত দেয়নি বিএসএফ।

আজ শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ভারতের সাগরপাড়া সীমান্তের বিএসএফ ক্যাম্প থেকে তাঁদের ছেড়ে দেওয়া হয়। পরে আলাইপুর বিজিবি ক্যাম্প-সংলগ্ন পদ্মা নদীর তীরে তাঁদের গ্রহণ করেন রাজশাহী-৬ আসনের এমপি আবু সাইদ চাঁদ।

ফেরত আসা ব্যক্তিরা হলেন বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের আলাইপুর মধ্যপাড়া গ্রামের মোশাররফ হোসেন, সাহাবুল আলী, বাবর আলী, সাইফুল ইসলাম ও আশাদুল ইসলাম। তাঁদের মধ্যে মোশাররফ, সাহাবুল ও বাবর আলী পাট ব্যবসায়ী। অপর দুজন নৌকার মাঝি।

স্বজনেরা জানান, ৭ সেপ্টেম্বর রাতে কুষ্টিয়ার বাংলাবাজার চর থেকে পাট কিনে নৌকাযোগে বাঘায় ফেরার সময় পদ্মা নদীর তীব্র স্রোতে দিগ্ভ্রান্ত হয়ে পড়েন তাঁরা। একপর্যায়ে নৌকাটি ভুলবশত সীমান্ত অতিক্রম করে ভারতের অংশে চলে যায়। এ সময় বিএসএফের একটি টহল দল নৌকাসহ তাঁদের আটক করে।

আটকের পর পরিবারের সদস্যরা বিজিবির আলাইপুর বিওপি ক্যাম্পে যোগাযোগ করেন। পরে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয়। বৈঠকে বিএসএফের পক্ষ থেকে জানানো হয়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া আটকদের ফেরত দেওয়া সম্ভব নয়।

বিষয়টি জানার পর পাঁচজনকে দেশে ফিরিয়ে আনতে উদ্যোগ নেন এমপি আবু সাইদ চাঁদ। গত রবিবার তিনি রাজশাহীতে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনারের কার্যালয়ে যোগাযোগ করেন। সেখানে আটকদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা করেন। পাশাপাশি বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা ও জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গেও যোগাযোগ অব্যাহত রাখেন।

ফেরত আসা ব্যক্তিদের স্বজনদের কাছে হস্তান্তরের সময় এমপি আবু সাইদ চাঁদ বলেন, আমি জনপ্রতিনিধি হিসেবে আমার দায়িত্ব পালন করেছি। তবে তাঁদের ছেড়ে দেওয়া হলেও পাটবোঝাই নৌকাটি ফেরত দেওয়া হয়নি। এ বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলব।

দেশে ফেরা ব্যক্তিদের ভাষ্য, তাঁদের নৌকায় প্রায় ১০০ মণ পাট ছিল, যার বাজারমূল্য প্রায় চার লাখ টাকা। প্রথমে দুই দিন বিএসএফ ক্যাম্পে রাখার পর তাঁদের পশ্চিমবঙ্গের রানীনগর থানায় হস্তান্তর করা হয়। সেখান থেকে আজ শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে তাঁদের ছেড়ে দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত