Ajker Patrika

দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তার আশ্বাস ডিএমপি কমিশনারের

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তার আশ্বাস ডিএমপি কমিশনারের
ঢাকা মহানগর পুলিশের সদর দপ্তরের সম্মেলন কক্ষে শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। ছবি: সংগৃহীত

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্‌যাপনে ঢাকা মহানগরের প্রতিটি পূজামণ্ডপে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। প্রতিটি পূজামণ্ডপ সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে। পাশাপাশি পোশাক ও সাদা পোশাকে পুলিশের পাশাপাশি সোয়াট, ক্রাইসিস রেসপন্স টিম, কুইক রেসপন্স টিম, ক্রাইম সিন ভ্যান ও বোম ডিসপোজাল ইউনিট প্রস্তুত থাকবে।

ডিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে আজ মঙ্গলবার সকালে শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত সভায় সভাপতির বক্তব্যে ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, বর্তমান সরকারের সময় প্রথমবারের মতো হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের পূজা পুলিশের জন্য অগ্নিপরীক্ষা। তাই মহালয়া থেকে শুরু করে পূজা ও প্রতিমা বিসর্জন পর্যন্ত সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপি সর্বোচ্চ সতর্ক থাকবে। তিনি বলেন, প্রতিটি পূজামণ্ডপের ইনচার্জ বডিওর্ন ক্যামেরা নিয়ে দায়িত্ব পালন করবেন। পূজামণ্ডপের নিরাপত্তায় সংশ্লিষ্ট কমিটিকেও সতর্ক থাকতে হবে। পূজা কমিটির সদস্য, স্বেচ্ছাসেবক ও দর্শনার্থীদের ওপর নজর রাখার আহ্বান জানান তিনি।

জরুরি প্রয়োজনে জাতীয় জরুরি সেবা ৯৯৯ অথবা নিকটস্থ থানায় যোগাযোগ করতে পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান ডিএমপি কমিশনার। তিনি বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় দুর্গাপূজা উৎসবমুখর, আনন্দঘন ও নিরাপদ পরিবেশে উদ্‌যাপন করা সম্ভব হবে।

সভায় যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস) মোহাম্মদ শহীদুল্লাহ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে দুর্গাপূজা উপলক্ষে ডিএমপির নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনার বিভিন্ন দিক তুলে ধরেন। পূজা উদ্‌যাপন কমিটির নেতারা পূজামণ্ডপের নিরাপত্তা ও সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনায় ডিএমপির সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

সভায় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও রামকৃষ্ণ মঠ ও মিশন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, মহানগর সর্বজনীন পূজা কমিটি ও বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত