Ajker Patrika

নালা ভরাট করে বোরো খেতে জলাবদ্ধতা সৃষ্টির অভিযোগ

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
নালা ভরাট করে বোরো খেতে জলাবদ্ধতা সৃষ্টির অভিযোগ
ডোমারে নালা ভরাট করে বোরো ধানখেতে জলাবদ্ধতা সৃষ্টি। ছবি: আজকের পত্রিকা

নীলফামারীর ডোমারে নালা ভরাট করে ব্যবসাপ্রতিষ্ঠান নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। এতে এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে প্রায় এক হাজার একর জমির বোরো ধান পানিতে তলিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা প্রতিবাদ করলে ‘পা কেটে নেওয়ার’ হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ডোমার-চিলাহাটি প্রধান সড়কের বাগডোকরা প্রধানপাড়া এলাকায় সড়কের পাশ দিয়ে দীর্ঘ নালাটি পানি নিষ্কাশনের প্রধান পথ। স্থানীয় বুলু ইসলাম তাঁর মালিকানাধীন ‘বুলি ফিলিং স্টেশন’ ও ‘অটো রাইস মিল’ সম্প্রসারণের উদ্দেশ্যে নালাটি মাটি দিয়ে ভরাট করে ফেলেন। ফলে গত কয়েক দিনের বৃষ্টি ও উজানের পানিতে জলাবদ্ধতা তৈরি হয়ে এলাকার প্রায় এক হাজার একর জমির বোরো ধান এখন পানির নিচে।

সরেজমিনে দেখা যায়, ধান কাটার মৌসুম শুরু হলেও জমিতে হাঁটুসমান পানি জমে আছে। অনেক জায়গায় কাঁচা ও আধা পাকা ধান পচতে শুরু করেছে। কৃষকেরা বলছেন, দ্রুত পানি না সরলে তাঁদের সারা বছরের খোরাক নষ্ট হয়ে যাবে।

কৃষক মজিদুল ইসলামসহ অন্তত ২০ জন আক্ষেপ করে বলেন, ‘হামরা গরিব মানুষ, আবাদ করি খাই। বুলু ইসলাম জোর করি নালাটা বন্ধ করি দিছে। এ্যালা হামার ধান সউগ পানির তলে। প্রতিবাদ গেইলে কয় পা কাটি দিবে। মামলা দিবে।’

এ বিষয়ে কথা বলতে অভিযুক্ত বুলু ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে না পাওয়ায় তাঁর বক্তব্য জানা যায়নি। ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শায়লা সাঈদ তন্বী বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছি। কৃষকের ফসলের ক্ষতি করে কোনো স্থাপনা করতে দেওয়া হবে না। ভরাট করা মাটি দ্রুত অপসারণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। জনস্বার্থে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।’

এদিকে প্রশাসনের হস্তক্ষেপে মাটি অপসারণের কাজ শুরু হলেও স্থায়ী সমাধান এবং নিরাপত্তাহীনতা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন স্থানীয় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকেরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত