Ajker Patrika

এলাকার নাম শুনলে বিয়ে হতো না, পরিস্থিতি স্বাভাবিকে উদ্যোগ নিলেন পুলিশ সুপার

নোয়াখালী প্রতিনিধি
আপডেট : ৩০ আগস্ট ২০২৬, ২১: ২০
এলাকার নাম শুনলে বিয়ে হতো না, পরিস্থিতি স্বাভাবিকে উদ্যোগ নিলেন পুলিশ সুপার
আন্ডারচর ইউনিয়ন পরিষদে পুলিশ ক্যাম্পের উদ্বোধন করেন নোয়াখালী পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন। ছবি: আজকের পত্রিকা

নোয়াখালীর সদর পশ্চিমাঞ্চলের আন্ডারচর ইউনিয়নে অপরাধের প্রবণতা এতটা বেড়েছে যে, অন্য এলাকার মানুষ ওই এলাকার নাম শুনলে মেয়ে বা ছেলেকে সেখানে বিয়ে দিতেন না। এমন পরিস্থিতিতে ইউনিয়নবাসীর চাহিদার ভিত্তিতে প্রাথমিক পর্যায়ে একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প উদ্বোধন করেছেন পুলিশ সুপার (এসপি)। এতে এলাকার লোকজনের মধ্যে খানিকটা স্বস্তি ফিরেছে।

আজ রোববার বিকেলে আন্ডারচর ইউনিয়ন পরিষদে পুলিশ ক্যাম্পের উদ্বোধন করেছেন নোয়াখালীর পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন। তিনি বলেন, ‘শান্তি, শৃঙ্খলা ও অগ্রগতির প্রত্যয়ে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সব সময় কাজ করছে। আন্ডারচর ইউনিয়নে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা জোরদার করতে এই পুলিশ ক্যাম্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ক্যাম্পটি সুধারাম মডেল থানার অধীনে পরিচালিত হবে। ইতিমধ্যে এখানে একটি তদন্ত কেন্দ্র করতে আমরা প্রস্তাব পাঠিয়েছি।’

স্থানীয় লোকজন জানান, আন্ডারচরে গত কয়েক বছরে কিশোর গ্যাং, মাদক কারবারিসহ বিভিন্ন বাহিনী গড়ে ওঠে। অপরাধের প্রবণতা এতই বেড়েছে যে, মানুষ সব সময় নিরাপত্তাহীনতায় ভুগত। এলাকার নাম শুনলে কেউ আত্মীয়তা করতে রাজি হতেন না।

স্থানীয় লোকজন আরও জানান, বরাবরের মতো ইউনিয়নের সাধারণ মানুষের প্রত্যাশা ছিল এই অঞ্চলে একটি পুলিশ ফাঁড়ি বা তদন্ত কেন্দ্র করার। দীর্ঘদিন পর এখানে অস্থায়ী পুলিশ ক্যাম্প হওয়ায় স্বস্তি ফিরেছে লোকজনের মাঝে। তাঁদের আশা, এ ক্যাম্পের মাধ্যমে ইউনিয়নবাসী দ্রুত পুলিশি সেবা পাবেন এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা আরও সুদৃঢ় হবে।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলামের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নুরুল হুদা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) লিয়াকত আকবরসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধিরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত