
নিখোঁজের দুই ঘণ্টা পর ফরিদপুরের আলফাডাঙ্গায় জায়ান মোল্যা নামের সাত বছরের এক শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় শিশুটির পরনে থাকা প্যান্ট দিয়ে মাথা-মুখ ঢাকা ছিল। আজ বৃহস্পতিবার উপজেলার বুড়াইচ ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের একটি বাগান থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
পরিবার ও স্বজনদের দাবি, শিশুটিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, আর হত্যাকাণ্ড কি-না সে বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে থানা-পুলিশ।
শিশুটি ওই গ্রামের গ্রিসপ্রবাসী পলাশ মোল্লার ছেলে এবং স্থানীয় কিন্ডার গার্ডেনে শিশুশ্রেণির শিক্ষার্থী।
পরিবার ও স্থানীয়রা জানান, দুপুরের দিকে শিশু জায়ান স্কুল থেকে বাড়িতে আসার পর নিখোঁজ হয়। জায়ানের মা ও পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেও কোথাও পায়নি।
দুই ঘণ্টা পর বাড়ির অদূরে একটি বাগানের মধ্যে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় এলাকাবাসী। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুটির লাশ গাছের সঙ্গে ঝুলন্ত থাকলেও দুই পা মাটির সঙ্গে লেগে ছিল এবং রশি দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। এ ছাড়া তাঁর পরনে থাকা প্যান্ট খুলে মাথা ও মুখ ঢেকে রাখা ছিল।
জায়ানের মা সিনথিয়া বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার ছেলে স্কুল শেষে তেঁতুল খুঁজতে গিয়ে আর বাড়ি ফেরেনি। খোঁজাখুঁজির একপর্যায়ে চান খাঁর বাগান থেকে ছেলের ঝুলন্ত লাশ পাই। কত নিষ্ঠুরভাবে মেরেছে। তার পরনের প্যান্ট খুলে মুখ বেঁধে হত্যা করা হয়েছে। যে বা যারা আমার ছেলেকে মেরেছে, তাদের ফাঁসি চাই।’
এ বিষয়ে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম জানান, ঘটনাটি সন্দেহজনক মনে হচ্ছে। একটি গাছের ডালের সঙ্গে ঝুলন্ত ছিল এবং পরনের প্যান্ট দিয়ে মুখমণ্ডল ঢাকা ছিল। লাশের ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। হত্যাকাণ্ড কি-না, সে বিষয়ে তদন্ত চলছে এবং পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে সাবেদ ও সামির ঢাকার দিকে যাচ্ছিলেন। উমপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা লোহার রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয়।
৫ মিনিট আগে
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
৩৯ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
৪২ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে