Ajker Patrika

সিলেটে আগস্ট মাসে সড়ক দুর্ঘটনায় ৪৭ জনের প্রাণহানি

সিলেট প্রতিনিধি
সিলেটে আগস্ট মাসে সড়ক দুর্ঘটনায় ৪৭ জনের প্রাণহানি
প্রতীকী ছবি

চলতি বছরে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রাণহানির ঘটনা ঘটেছে আগস্ট মাসে। আগস্ট মাসে সিলেট বিভাগে ৩৫টি সড়ক দুর্ঘটনায় ৪৭ জন নিহত ও ১২২ জন আহত হয়েছেন। যা চলতি বছরে এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রাণহানির ঘটনা। এর আগে চলতি বছরের মে মাসে সর্বোচ্চ ৫১ জনের প্রাণহানির ঘটনা ঘটে। আর নিহত ৪৭ জনের মধ্যে ৩৮ জন পুরুষ, ৬ জন নারী ও ৩ জন শিশু রয়েছে।

আগস্ট মাসে সড়ক দুর্ঘটনায় সিলেট-ঢাকা মহাসড়কের সিলেট অংশে ১০টি দুর্ঘটনায় ২৪ জন নিহত হয়েছেন। এর মধ্যে সিলেট জেলার ওসমানীনগর উপজেলায় ৩টি সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত হয়েছেন। আগস্ট মাসে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে সিলেট জেলায় এবং কম সংঘটিত হয়েছে সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলায়।

আজ রোববার নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটির প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে আগস্ট মাসের সড়ক দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, নিয়ম না মেনে বেপরোয়া ওভারটেকিং করা, অনুমোদনহীন ও ফিটনেসবিহীন গাড়ি মহাসড়কে চালানো, মোটরসাইকেল চালক ও আরোহীদের মানসম্মত হেলমেট ব্যবহার না করা, পথচারীদের মধ্যে সচেতনতার অভাব ও সড়কে নির্মাণত্রুটিকে উল্লেখ করা হয়।

প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, আগস্ট মাসে সিলেট জেলায় ১৭টি সড়ক দুর্ঘটনায় ২৭ জন নিহত ও ৬৯ জন আহত, সুনামগঞ্জ জেলায় ৫টি দুর্ঘটনায় ৪ জন নিহত ও ২২ জন আহত, মৌলভীবাজার জেলায় ৪টি দুর্ঘটনায় ৪ জন নিহত ও ২ জন আহত এবং হবিগঞ্জ জেলায় ৯টি সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত ও ২৯ জন আহত হয়েছেন।

নিসচা সিলেট জেলার সভাপতি জহিরুল ইসলাম মিশু গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জানান, পাঁচটি স্থানীয় দৈনিক পত্রিকা, অনলাইন পত্রিকার তথ্য, দুটি জাতীয় দৈনিক পত্রিকার তথ্য, অনুমেয় অনুজ্জ বা অপ্রকাশিত ঘটনা ও নিসচা সিলেটের শাখা সংগঠনগুলোর তথ্যের ভিত্তিতে নিসচা বিভাগীয় কমিটি এ প্রতিবেদন তৈরি করেছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, আগস্ট মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহতের মধ্যে ১০টি সড়ক দুর্ঘটনায় ১১ জন মোটরসাইকেল চালক ও আরোহী, ৭টি সড়ক দুর্ঘটনায় ৯ জন সিএনজি ও টমটম চালক ও আরোহী, ১২টি সড়ক দুর্ঘটনায় ১২ জন চালক ও ৭টি সড়ক দুর্ঘটনায় ৭ জন পথচারী নিহত হয়েছেন। এছাড়া নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে ৭টি দুর্ঘটনায় ৫ জন, মুখোমুখি সংঘর্ষে ১২টি দুর্ঘটনায় ২৭ জন, গাছ ও বৈদ্যুতিক খুঁটির সঙ্গে আঘাতে ১টি দুর্ঘটনায় ১ জন নিহত হয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত