Ajker Patrika

চাঁদপুরে যুবককে কুপিয়ে হত্যাচেষ্টা, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে

চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরে যুবককে কুপিয়ে হত্যাচেষ্টা, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে
আহত মাসুম বকাউল হাসপাতালে ভর্তি। ছবি: সংগৃহীত

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার একলাছপুর ইউনিয়নের চরকাশিম গ্রামে মাসুম বকাউল (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। হামলায় তাঁর দুই পাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়েছে। বর্তমানে তিনি ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

চিকিৎসকদের ভাষ্য, অস্ত্রোপচারের পরই নিশ্চিত হওয়া যাবে, তাঁর একটি বা উভয় পা অক্ষত রাখা সম্ভব হবে কি না। এ কারণে পরিবারে চরম উৎকণ্ঠা বিরাজ করছে।

গতকাল শুক্রবার রাত ৮টার দিকে একলাছপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চরকাশিম গ্রামে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় একই গ্রামের শিপন খান, তাঁর ছেলে শামীম খান এবং অজ্ঞাতনামা আরও ৭-৮ জনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাজার থেকে বাড়ি ফেরার পথে মাসুম বকাউলকে একা পেয়ে ধারালো দেশীয় অস্ত্র নিয়ে একদল দুর্বৃত্ত অতর্কিতে হামলা চালায়। হামলাকারীরা তাঁর দুই পাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকার নিটোরে স্থানান্তর করা হয়।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, প্রায় দুই থেকে চার বছর আগে মাসুম বকাউলের সঙ্গে অভিযুক্তদের বিরোধের সূত্রপাত। পরে জীবিকার তাগিদে তিনি বিদেশে চলে যান। কয়েকদিন আগে দেশে ফেরার পর গতকাল শুক্রবার রাতে বাজার থেকে বাড়ি ফেরার পথে পূর্ববিরোধের জেরে তাঁর ওপর হামলা চালানো হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। তবে ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে স্থানীয় বিএনপি নেতা গফুর বাদশা অভিযোগ করেন, মাসুম বকাউল স্থানীয়ভাবে বিএনপির একজন সক্রিয় কর্মী। জেলা বিএনপির সদস্য ও বিসিবির পরিচালক সরকার মাহাবুব আহমেদ শামীমের ব্যানার লাগানোকে কেন্দ্র করে অভিযুক্ত শামীম খানের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। পরে ব্যানার লাগিয়ে বাড়ি ফেরার সময় পরিকল্পিতভাবে তাঁর ওপর হামলা চালানো হয়।

তিনি আরও অভিযোগ করেন, শিপন খান ও তাঁর ছেলে শামীম খান নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এবং মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গেও সম্পৃক্ত। তাঁর দাবি, পূর্বপরিকল্পিতভাবে মাসুমকে হত্যার উদ্দেশ্যেই এ হামলা চালানো হয়েছে।

তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয়দের দাবি, ঘটনার পর থেকেই তাঁরা এলাকা ছেড়ে আত্মগোপনে রয়েছেন।

আহতের বাবা জামাল বকাউল বলেন, ‘আমার ছেলে বাজার থেকে বাড়ি ফেরার পথে হামলার শিকার হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, অস্ত্রোপচারের পরই বোঝা যাবে, তার পা রাখা সম্ভব হবে কি না। আমরা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

ঘটনার পর চরকাশিমসহ আশপাশের এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে। এখন পর্যন্ত আহতের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত