শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ, কিশোর আটক

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে এক কিশোরের বিরুদ্ধে। আজ শুক্রবার দুপুরে উপজেলার তালশহর ইউনিয়নে এ ঘটনা ঘটে। অভিযুক্ত কিশোরকে (১৭) আটক করে পুলিশে সোপর্দ করেছেন বিক্ষুব্ধ জনতা।
নিহত শিশুটির বাবা সৌদিপ্রবাসী। শিশুটি স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করত। অভিযুক্ত কিশোর শিশুটির চাচা বলে জানিয়েছে পরিবার।
নিহত শিশুর পরিবারের সদস্যদের অভিযোগ, আজ শুক্রবার জুমার নামাজের পর পানি খাওয়ানোর কথা বলে শিশুটিকে ঘরে নিয়ে যায় ওই কিশোর। সেখানে শিশুটিকে ধর্ষণ করা হয়।
শিশুটির মা জানান, মেয়েকে ঘরে না পেয়ে খুঁজতে খুঁজতে ওই কিশোরের ঘরের সামনে তার জুতা দেখতে পান। দরজা খুলতে বলার পর ঘরে ঢুকে মেয়েকে অচেতন অবস্থায় পাওয়া যায়। এ সময় তাঁর আর্তচিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে আসেন। তাঁরা শিশুটিকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মনির হোসেন বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। শরীরে বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে এবং ধর্ষণের আলামত পাওয়া গেছে। ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর সঠিক কারণ বলা যাবে না।
জেলা পুলিশের সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, আটকের পর অভিযুক্ত কিশোর পুলিশের কাছে ঘটনার দায় স্বীকার করেছে। মরদেহ জেলা সদর হাসপাতালের মর্গে রাখা আছে।








