ব্রাহ্মণবাড়িয়ায় কাভার্ড ভ্যানের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ, দুই যাত্রী নিহত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কাভার্ড ভ্যানের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। আজ শনিবার (২৪ অক্টোবর) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের বেড়তলায় এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় আরও অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন। আহত ব্যক্তিরা জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন স্থানে চিকিৎসা নিচ্ছেন।
নিহত ব্যক্তিরা হলেন দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার কাজীপাড়ার আবু বক্করের ছেলে সৌরভ (৩২) ও রংপুর জেলা সদরের হরকলি চৌরাপাড়ার মুমিনুল ইসলামের ছেলে আছিম (১৮)।
খাঁটিহাতা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) রোকনুজ্জামান জানান, রংপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস সিলেট যাচ্ছিল। পথিমধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের বেড়তলা নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে বাসটি সড়ক বিভাজনে উল্টে যায়। এই ঘটনায় আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুইজন মারা যায়। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। কাভার্ড ভ্যান ও বাসটি পুলিশ হেফাজতে রয়েছে।









