
ভোলায় তিন মাস বয়সী কন্যাসন্তানকে ‘দত্তক’ দেওয়ার পর এক নারীর বিরুদ্ধে অপহরণ নাটক সাজানোর অভিযোগ উঠেছে। খবর পেয়ে পুলিশ ও কোস্ট গার্ড যৌথভাবে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে। একই সঙ্গে ওই নারী ও তাঁর খালাকে পুলিশের হেফাজতে নেওয়া হয়।
ভোলার অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহিম আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন। শিশুটিকে ভোলার আদালতের মাধ্যমে তাঁর মায়ের জিম্মায় দেওয়া হয়। এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ না থাকায় ওই দুই নারীকে আদালত অব্যাহতি দেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের দক্ষিণ চরপাতা গ্রামের বাসিন্দা আব্দুল রউফ চাকলাদারের স্ত্রী সুমাইয়া আক্তার (৩০) গতকাল বুধবার বেলা পৌনে ১১টার দিকে তাঁর তিন মাসের শিশুকে টিকা দেওয়ার উদ্দেশ্যে ওই এলাকার মালেরহাট বাজারে টিকাকেন্দ্রে যান। কিছুক্ষণ পর তিনি দাবি করেন, দুজন অজ্ঞাতনামা নারী ২০০ টাকার নোট তাঁর হাতে দিলে তিনি অস্বাভাবিক হয়ে যান এবং তাঁর কাছ থেকে শিশুটিকে নিয়ে যান তাঁরা। এমন খবরে জেলাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হলে শিশুটিকে উদ্ধারে মাঠে নামেন পুলিশ, কোস্ট গার্ডসহ গোয়েন্দা সংস্থার সদস্যরা।
পুলিশ জানায়, খবর পেয়ে ভোলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছারের নির্দেশে ভোলা সদর মডেল থানা-পুলিশ, ইলিশা পুলিশ তদন্তকেন্দ্রের পুলিশ ও গোয়েন্দা পুলিশের একাধিক দল তাৎক্ষণিক বিভিন্ন এলাকায় চিরুনি অভিযান চালায় এবং চেকপোস্ট স্থাপন করে তল্লাশি শুরু করে। এ ছাড়া বরিশাল রেঞ্জের বিভিন্ন লঞ্চঘাটসহ ভোলা জেলার ইলিশা লঞ্চঘাট থেকে ঢাকাগামী সব লঞ্চঘাটে অবহিত করা হয়। তদন্তের একপর্যায়ে পুলিশি হেফাজতে শিশুটির মা সুমাইয়া আক্তারকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হলে তাঁর বক্তব্যে অসংগতি পাওয়া যায়।
জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সুমাইয়া আক্তার স্বীকার করেন, তাঁর খালা আমেনা বেগমের কোনো সন্তান না থাকায় তিনি স্বেচ্ছায় শিশুকে দত্তক দিতে রাজি হন। লোকচক্ষুর আড়ালে বিষয়টি ধামাচাপা দিতেই তিনি এই অপহরণের নাটক সাজান।
তদন্তের একপর্যায়ে জানা যায়, সুমাইয়া আক্তারের খালা আমেনা বেগম শিশুটিকে নিয়ে গতকাল দুপুরে ঢাকার উদ্দেশে লঞ্চে করে রওনা দেন। সেই সূত্র ধরে পুলিশ তাৎক্ষণিক লঞ্চের কর্মীদের সঙ্গে কথা বলে লঞ্চ কর্তৃপক্ষের মাধ্যমে আমেনা বেগম ও শিশুটিকে আলাদা রাখা হয়। পরে কোস্ট গার্ডকে জানালে তারা এসে আমেনা বেগম ও শিশুটিকে তাদের হেফাজতে নেয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভোলা সদর মডেল থানা-পুলিশের একটি দল কোস্ট গার্ডের হেফাজতে থাকা আমেনা বেগম ও শিশুকে নিজ জিম্মায় নিয়ে আজ সকালে ভোলায় ফিরিয়ে আনে।
জানতে চাইলে ভোলা সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জিয়াউদ্দিন বলেন, উদ্ধার শিশু, তার মা ও আমেনা বেগমকে বিকেলে আদালতে হাজির করা হলে বিচারক শিশুকে তার মায়ের জিম্মায় দিয়েছেন। এ ঘটনায় তার মা সুমাইয়া ও আমেনার বিরুদ্ধে কেউ কোনো অভিযোগ না করায় তাঁদের ছেড়ে দেওয়া হয়।

যশোরের অভয়নগর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের ভাটপাড়া বাজার এলাকায় বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৯ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে এ সংঘর্ষ হয়।
৫ মিনিট আগে
গোমস্তাপুরে নয়াদিয়াড়ী গ্রামে চার শতাধিক মেয়ের জামাতাকে নিয়ে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘জামাই ইফতার’। আজ বৃহস্পতিবার নয়াদিয়াড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই আয়োজন ঘিরে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।
৩৯ মিনিট আগে
পবিত্র রমজান উপলক্ষ্যে রাজধানীর মোহাম্মদপুর এলাকাকে চাঁদাবাজি, মাদক ও ছিনতাইমুক্ত করতে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ ও কাউন্টার টেরোরিজম ইউনিট। আজ বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে রাত ১০টা পর্যন্ত মোহাম্মদপুর থানা-পুলিশ, ঢাকা মহানগর পুলিশের সোয়াট টিম ও ডগ স্কোয়াডের সমন্বয়ে এই যৌথ অভিযান চলে।
১ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি এলাকায় এক নারীর দিকে লাঠি হাতে তেড়ে আসা যে তরুণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, তিনি গাজীপুরের একটি হত্যা মামলার প্রধান আসামি বলে শনাক্ত করেছেন হত্যা মামলার বাদী।
১ ঘণ্টা আগে