
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি এলাকায় এক নারীর দিকে লাঠি হাতে তেড়ে আসা যে তরুণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, তিনি গাজীপুরের একটি হত্যা মামলার প্রধান আসামি বলে শনাক্ত করেছেন হত্যা মামলার বাদী।
অভিযুক্ত ওই তরুণের নাম আহমেদ রাকিব (মো. রাকিব)। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। মো. রাকিব গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার এলাকার আব্দুর রহিমের ছেলে। তিনি গাজীপুরের কালিয়াকৈর থানায় করা একটি হত্যা মামলার এজাহারনামীয় আসামি।
সম্প্রতি ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, রাকিব টিএসসি এলাকায় এক নারীর দিকে লাঠি হাতে তেড়ে যাচ্ছেন। ভিডিওতে ভুক্তভোগী ওই নারীকে কাঁদতে কাঁদতে অভিযোগ করতে দেখা যায় যে, পুরান ঢাকায় সেহরি খেয়ে টিএসসিতে ঘুরতে এসে তাঁরা হেনস্তার শিকার হয়েছেন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতিমধ্যে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।
গাজীপুরের হত্যা মামলার বাদীর সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৯ সেপ্টেম্বর রাত সাড়ে ৭টার দিকে গাজীপুরের কালিয়াকৈরের সফিপুর পশ্চিমপাড়া এলাকায় সাব্বির হোসেন (২০) নামের এক তরুণকে কুপিয়ে ও ১০ তলা ভবনের ছাদ থেকে ফেলে হত্যা করা হয়। সাব্বির হোসেন গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আন্ধারমানিক গ্রামের মৃত মোশারফ উদ্দীনের ছেলে।
অভিযোগ রয়েছে, রাকিব ও তাঁর যমজ ভাই সাকিব সহযোগীদের নিয়ে ওই তরুণকে কুপিয়ে ও ছাদ থেকে ফেলে হত্যা করেছেন। রাকিব ও সাকিব কালিয়াকৈর উপজেলার সফিপুর পশ্চিমপাড়া এলাকার আব্দুর রহিমের ছেলে। তাঁদের একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েন, অপরজন অস্ট্রেলিয়া যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কালিয়াকৈর থানাধীন সফিপুর জেনারেল হাসপাতাল রোডে ইউনিক টাওয়ারের ৯সি ফ্ল্যাটে বাবা-মায়ের সঙ্গে থাকেন রাকিব ও সাকিব। তাঁরা তাঁদের পার্শ্ববর্তী এলাকার বন্ধু সাব্বিরকে নিয়ে আড্ডা দেওয়ার জন্য ওই ভবনের ১০ তলায় যান। সেখানে দীর্ঘ সময় থাকার পর রাত সাড়ে ৭টার দিকে রাকিব ও সাকিব অজ্ঞাত কারণে সাব্বিরকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে ছাদ থেকে ফেলে দেন। পরে স্থানীয় বাসিন্দারা গুরুতর আহত অবস্থায় সাব্বিরকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মামলার এজাহার অনুযায়ী, ঘটনার দিন রাকিব ও সাকিব তাঁদের বন্ধু সাব্বিরকে নিয়ে নিজস্ব ভবনের ছাদে ওঠেন। পরে সেখানে সাব্বিরকে কুপিয়ে নিচে ফেলে দেন। ওই ঘটনায় নিহত সাব্বিরের বড় ভাই মো. মহিউদ্দিন আবির বাদী হয়ে কালিয়াকৈর থানায় হত্যা মামলা করেন।
মামলার বাদী মহিউদ্দিন আবির অভিযোগ করেন, মামলার পর বিষয়টি গাজীপুর ডিবি পুলিশের কাছে হস্তান্তরিত হয়। ডিবি পুলিশ পাঁচ-ছয় মাস আগে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দিলেও অজ্ঞাত কারণে আসামিদের বিরুদ্ধে এখনো গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়নি। তিনি বলেন, আসামিদের ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ বিভিন্ন রাজনৈতিক মিছিলে প্রকাশ্যে দেখা গেলেও পুলিশ তাঁদের গ্রেপ্তার করছে না।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন জানান, কালিয়াকৈর থানায় মামলাটি করা হলেও পরে তদন্তের দায়িত্ব পায় জেলা ডিবি পুলিশ। ডিবি পুলিশ তদন্ত করায় আসামি গ্রেপ্তারের দায়িত্বও তাদের।
এ বিষয়ে গাজীপুর ডিবি পুলিশের ওসি মো. হাসমত উল্লাহ বলেন, ‘ডিবি পুলিশ মামলাটি তদন্ত করে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে। পরে আদালত থেকে আসামিদের বিরুদ্ধে কোনো গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে কি না বা আসামিরা জামিন নিয়েছে কি না, আমরা এ বিষয়ে কিছুই জানি না।’
ওসি হাসমত উল্লাহ আরও বলেন, ‘আগামী রোববার আমরা আদালতে খোঁজ নেব। যদি গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়ে থাকে, তাহলে সংশ্লিষ্ট থানা-পুলিশের সহায়তায় আসামি গ্রেপ্তারের ব্যবস্থা নেওয়া হবে।’

দক্ষিণ চট্টগ্রামে আকস্মিক বন্যার পর পরিস্থিতি জটিল হতে শুরু করেছে। এবারের বন্যায় জেলার অন্তত ২০ হাজার নলকূপ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে সুপেয় পানির সংকট দেখা দিয়েছে। এ ছাড়া বন্যার দূষিত পানিতে দীর্ঘ সময় অবস্থানের কারণে অনেকের শরীরে ছত্রাক সংক্রমণ, শিশুদের জ্বর, সর্দি-কাশি, ডায়রিয়া ও চর্মরোগ দেখা দিয়েছে।
৫ ঘণ্টা আগে
এক বছর ধরে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) আর্থিক সহযোগিতায় নগর শাসন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় এই সড়ক সংস্কার ও নালা নির্মাণের কাজ চলছে। দুটি প্যাকেজে ৩৬ কোটি ৮৬ লাখ ৩৩ হাজার ২৫৭ টাকার চুক্তিমূল্যে ১২ স্থানে সাড়ে ৭ কিলোমিটার রাস্তা ও ১৫ স্থানে সাড়ে ১০ কিলোমিটার নালা নির্মাণের কাজ চলছে।
৫ ঘণ্টা আগে
সন্ধ্যা গড়াতেই শ্রাবণের বৃষ্টি আরও ঘন হয়ে নামে। শিল্পকলা একাডেমি মিলনায়তনের কার্নিশ ছুঁয়ে মাধবীলতার পাতায় জমতে থাকে বৃষ্টির ফোঁটা। এমন বৃষ্টিস্নাত সন্ধ্যায় মিলনায়তনে ভেসে আসে সুরের মূর্ছনা—‘আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয়, আমার কথার ফুল গো–কুড়িয়ে তুমি নিও’।
৫ ঘণ্টা আগেনাটোরের গুরুদাসপুর পৌরসভায় ছাড় (রিবেট) সুবিধা দিয়েও হোল্ডিং ট্যাক্সের (পৌর কর) প্রায় ২ কোটি টাকা আদায় হচ্ছে না। এ কারণে কর্মকর্তা-কর্মচারীরা ২৫ মাসের বকেয়া বেতন । অপর দিকে ব্যাহত হচ্ছে পৌরসভার উন্নয়ন কার্যক্রম। পৌরসভার কর বিভাগের দাবি, নাগরিক পর্যায়ে কর আদায় হলেও বেসরকারি প্রতিষ্ঠান...
৫ ঘণ্টা আগে