Ajker Patrika

দাউদকান্দিতে বেপরোয়া গতির কারণে উল্টে গেল বাস, আহত ২১

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি 
দাউদকান্দিতে বেপরোয়া গতির কারণে উল্টে গেল বাস, আহত ২১
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দির ধীতপুর এলাকায় বাসটি উল্টে যায়। ছবি: সংগৃহীত

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একুশে এক্সপ্রেস পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টে গেছে। শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ধীতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে অন্তত ২১ জন যাত্রী আহত হয়েছেন। তাঁদের মধ্যে গুরুতর আহত ৯ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাসের যাত্রীদের অভিযোগ, শুরু থেকেই চালক বেপরোয়া গতিতে বাস চালাচ্ছিলেন। যাত্রীরা একাধিকবার গতি কমানোর অনুরোধ করলেও তিনি তা উপেক্ষা করেন। তাঁদের দাবি, চালকের অসাবধানতা ও অতিরিক্ত গতির কারণেই দুর্ঘটনাটি ঘটেছে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, নোয়াখালী থেকে ঢাকাগামী একুশে এক্সপ্রেসের বাসটি ধীতপুর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পরপরই দাউদকান্দি হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পরে আহতদের উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় আহত ২১ জন চিকিৎসার জন্য হাসপাতালে আসেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক লতিফ ভূঁইয়া জানান, আহতদের মধ্যে ৯ জনের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার জানান, দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও হাইওয়ে পুলিশের তৎপরতায় দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করা হয়। এ ঘটনায় দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত