
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবিতে শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছেন ছাত্রদলের কেন্দ্রীয় ও বিভিন্ন শাখার শতাধিক নেতা-কর্মী। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলামের নেতৃত্বে এই কর্মসূচি শুরু হয়। বিকেল ৫টা পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে জানিয়েছেন তাঁরা।
এর আগে সকাল সাড়ে ৯টার পর থেকে সংগঠনটির নেতা-কর্মীরা শাহবাগ মোড়ে জড়ো হতে থাকেন। ছাত্রদলের এই অবস্থান কর্মসূচির কারণে শাহবাগ মোড়সহ আশপাশের সড়কগুলোতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন যানবাহনে থাকা যাত্রীরা।
শাহবাগ মোড়ে অবস্থানরত একাধিক ছাত্রদল নেতা জানান, তাঁরা এখনো শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারে কোনো আশ্বাস বা দৃশ্যমান অগ্রগতি দেখতে পাননি। তাঁদের ভাষায়, প্রশাসন ‘লুকোচুরি’ করছে।
এক ছাত্রনেতা বলেন, ‘আমরা এখনো সাম্য হত্যার বিচারের কোনো আশ্বাস কিংবা দৃশ্যমান অগ্রগতি দেখতে পাইনি। প্রশাসন আমাদের সঙ্গে লুকোচুরি খেলছে।’
গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়, সাম্য হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। তবে তাঁদের পরিচয় জানানো হয়নি।
এ নিয়ে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন তিনজনকে আটকের কথা বলেছে, কিন্তু তারা এখনো নিশ্চিত করতে পারেনি আসলে এরা কারা। আমরা মনে করছি, প্রশাসন এখনো সন্দিহান। আসামিদের বিষয়ে তারা পরিষ্কার নয়।’
ছাত্রদলের পক্ষ থেকে গতকাল এক বিবৃতিতে আজকের এই অবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। এতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখার সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় তদন্তে গাফিলতির প্রতিবাদ, মূল ঘাতকসহ সব আসামিকে দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এই কর্মসূচি পালিত হবে।

গত মঙ্গলবার রাত ১১টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে ‘ছুরিকাঘাতে’ আহত হন শাহরিয়ার আলম সাম্য। রাত ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বুধবার সকালে নিহতের বড় ভাই শরীফুল আলম শাহবাগ থানায় ‘১০ থেকে ১২ জনকে’ আসামি করে মামলা করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন শাহরিয়ার আলম সাম্য। এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন তিনি। তাঁর বাড়ি সিরাজগঞ্জের বেলকুচিতে।

গাজীপুরে তিন মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। মহানগরের গাছা থানার পশ্চিম ঝাঁঝড়ের সাক্রাউরী এলাকায় দুই শিক্ষার্থীকে মারধরের পর আগুনে উত্তপ্ত লোহার খুন্তি দিয়ে শরীরে ছ্যাঁকা দেওয়ার অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় দুই শিক্ষার্থীর পরিবার গাছা থানায় মামলা করেছে।
১৪ মিনিট আগে
নেত্রকোনার বারহাট্টা উপজেলা শহরে একটি ওষুধের দোকানের সিসি ক্যামেরা অচল করে ২৫ লাখ টাকার ওষুধ নিয়ে গেছে চোরেরা। এ ঘটনায় আজ শনিবার দুপুরে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
২৪ মিনিট আগে
পদ্মা নদীর পানি বৃদ্ধিতে কুষ্টিয়ার দৌলতপুরের চরাঞ্চলের রাস্তাঘাট ও নিম্নাঞ্চল ডুবে গেছে। এতে মানুষের যাতায়াত এবং গবাদিপশু ও প্রয়োজনীয় মালামাল পারাপারে চরবাসীর প্রধান ভরসা হয়ে উঠেছে ডিঙি নৌকা। বর্ষার পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে বেড়েছে নৌকার চাহিদা।
২৮ মিনিট আগে
রাজধানীর যাত্রাবাড়ীতে অটোরিকশা গ্যারেজে ঢুকে গুলি করে সাগর খান ওরফে ইমরান (৩৮) হত্যা এবং তাঁর বন্ধু সাদ্দামকে গুলি ও কুপিয়ে জখমের ঘটনায় গ্রেপ্তার তিন আসামিকে তিন দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিদ্দিক আজাদ তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
৩১ মিনিট আগে