Ajker Patrika

জামিনে বেরিয়ে এসে কৃষক দল কার্যালয়ে হামলা-ভাঙচুর, পাল্টা বাড়িতে ভাঙচুর ও গুদামে আগুন

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৩: ০৪
জামিনে বেরিয়ে এসে কৃষক দল কার্যালয়ে হামলা-ভাঙচুর, পাল্টা বাড়িতে ভাঙচুর ও গুদামে আগুন
পাটিকাবাড়ি ইউনিয়নের নলকোলা মোড়ে কৃষক দলের কার্যালয়ে হামলা ও ভাঙচুর করা হয়। ছবি: আজকের পত্রিকা

কুষ্টিয়ার সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নের নলকোলা এলাকায় কৃষক দলের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা মো. রুহুলের বিরুদ্ধে। এতে পাঁচ থেকে ছয়জন নেতা-কর্মী আহত হয়েছেন বলে দাবি করেছেন কৃষক দলের নেতা-কর্মীরা। পরে হামলার জেরে রুহুলের বাড়িতে ভাঙচুর এবং তাঁর পাটের গুদামে আগুন দেওয়ার ঘটনা ঘটে বলে জানা গেছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে ইসলামী বিশ্ববিদ্যালয় থানা-পুলিশ ও জেলা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন।

পুলিশ, স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যার পর নলকোলা এলাকায় পাটিকাবাড়ি ইউনিয়ন কৃষক দলের কার্যালয়ে নেতা-কর্মীরা অবস্থান করছিলেন। রাত ৮টার দিকে কিছু লোক কার্যালয়ে ঢুকে আসবাব এবং বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ দলীয় নেতাদের ছবি ভাঙচুর করে বলে অভিযোগ করেন কৃষক দলের নেতা-কর্মীরা। এ সময় কয়েকজনকে মারধর করা হয় বলেও তাঁদের দাবি।

কৃষক দল নেতা-কর্মীদের অভিযোগ, পাটিকাবাড়ি ইউনিয়ন যুবলীগের সহসভাপতি মো. রুহুলের নেতৃত্বে এ হামলা ও ভাঙচুর চালানো হয়। সম্প্রতি ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় দায়ের করা একটি নাশকতার মামলায় তিনি আসামি ছিলেন। মঙ্গলবার আদালত থেকে জামিন নিয়ে এলাকায় ফেরার পর এ হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ তাঁদের।

আগুনে ক্ষতিগ্রস্ত পাটিকাবাড়ি ইউনিয়নের যুবলীগ নেতা রুহুল আমিনের পাটের গুদাম। ছবি: আজকের পত্রিকা
আগুনে ক্ষতিগ্রস্ত পাটিকাবাড়ি ইউনিয়নের যুবলীগ নেতা রুহুল আমিনের পাটের গুদাম। ছবি: আজকের পত্রিকা

এদিকে কৃষক দল কার্যালয়ে হামলার খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা দেখা দেয়। পরে বিএনপির নেতা-কর্মীরা রুহুলের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় তাঁর বাড়ির পাশে থাকা একটি পাটের গুদামেও আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

পাটিকাবাড়ি ইউনিয়ন কৃষক দলের সভাপতি আবদুর রহমান বলেন, ‘যুবলীগ নেতা রুহুলের নেতৃত্বে কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। আমাদের নেতা-কর্মীদের মারধর করে আহত করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

অভিযোগের বিষয়ে মো. রুহুল বা তাঁর পক্ষের কারও বক্তব্য পাওয়া যায়নি।

কুষ্টিয়া জেলা বিএনপির সদস্যসচিব জাকির হোসেন সরকার বলেন, ‘দলীয় কার্যালয়ে হামলা ও নেতা-কর্মীদের আহত করার ঘটনায় তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. ফয়সাল মাহমুদ বলেন, ঘটনাস্থলে পুলিশ উপস্থিত রয়েছে এবং বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত