Ajker Patrika

গ্রামীণ অর্থনীতিতে অবদানে সম্মাননা পেলেন ৩০ নারী উদ্যোক্তা

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি 
গ্রামীণ অর্থনীতিতে অবদানে সম্মাননা পেলেন ৩০ নারী উদ্যোক্তা
সম্মাননা প্রদান শেষে অতিথিদের সঙ্গে নারী উদ্যোক্তারা। ছবি: আজকের পত্রিকা

গ্রামীণ অর্থনীতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ চট্টগ্রামের সীতাকুণ্ডে ৩০ জন নারী উদ্যোক্তাকে সম্মাননা দেওয়া হয়েছে। এ সময় কারুঘর ট্রেনিং সেন্টার থেকে প্রশিক্ষণপ্রাপ্ত আরও ৫০ জন নারী উদ্যোক্তাকে সনদ প্রদান করা হয়। গতকাল শনিবার বিকেলে সীতাকুণ্ডের সিকিউর সিটি শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় কারুঘর ট্রেনিং সেন্টারের নতুন প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করেন ট্রাই উইমেন অ্যান্ড ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ও কারুঘর ট্রেনিং সেন্টার।

অনুষ্ঠানে সীতাকুণ্ডের উন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরূপ উন্নয়ন সংস্থা ইয়ং পাওয়ার ফর সোশ্যাল অ্যাকশন (ইপসা) নির্বাহী প্রধান ড. আরিফুর রহমান, বি অ্যান্ড এফ কেয়ার ফাউন্ডেশন, সীতাকুণ্ডের সাবেক যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম এবং সাবেক কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ হাবিবুল্লাহকেও সম্মাননা দেওয়া হয়।

ট্রাই উইমেন অ্যান্ড ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং কারুঘর ট্রেনিং সেন্টারের প্রতিষ্ঠাতা আইরিন নেছা মুনমুনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম, কৃষিবিদ মোহাম্মদ হাবিবুল্লাহ, সীতাকুণ্ড সমাজকল্যাণ ফেডারেশনের সভাপতি লায়ন গিয়াস উদ্দিন, ইপসার প্রশিক্ষক শামিম আহমেদ, সাংবাদিক মিজানুর রহমান ইউসুফ, সীতাকুণ্ড সরকারি মহিলা কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ দিদারুল আলম, বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক মো. মোবারক আলী, বি অ্যান্ড এফ কেয়ার ফাউন্ডেশনের সমন্বয়ক লায়ন আশরাফুল আলম ভূঁইয়াসহ বিভিন্ন সামাজিক ও উন্নয়ন সংগঠনের প্রতিনিধিরা।

এ সময় বক্তারা বলেন, দেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক নারী। তাঁরা উদ্যোক্তা হিসেবে গড়ে উঠলে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন। এ জন্য নারীদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের বিকল্প নেই।

বক্তারা আরও বলেন, হস্তশিল্পসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের মাধ্যমে কারুঘর ট্রেনিং সেন্টার সীতাকুণ্ডের নারীদের স্বনির্ভর করে তুলতে কাজ করছে। ২০১৮ সালে প্রতিষ্ঠার পর থেকে প্রতিষ্ঠানটি প্রশিক্ষণের মাধ্যমে পাঁচ শতাধিক নারীকে স্বাবলম্বী হতে সহায়তা করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত