
ফরিদপুরে বেপরোয়া একটি ট্রাকের চাপায় একাধিক ব্যক্তি আহত হওয়ার পর বিক্ষুব্ধ জনতার গণপিটুনিতে চালক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকে থাকা আরও দুজন আহত হয়েছেন। স্থানীয়দের দাবি, ট্রাকটির চাপায় তিনটি গ্রামের অন্তত ২০ জন গ্রামবাসী আহত হয়েছেন।
শুক্রবার (১ মে) রাত সাড়ে ৮টার দিকে নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের বিলনালিয়া নতুন হাটখোলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ট্রাকচালকের নাম হান্নান (৪৫)। তিনি জেলার বোয়ালমারী উপজেলার সাতৈর এলাকার বাসিন্দা।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পার্শ্ববর্তী সালথা উপজেলার বালিয়াগট্টি বাজার এলাকায় প্রথমে ট্রাকটির চাপায় অন্তত ছয়জন আহত হন। এরপর স্থানীয়রা মোটরসাইকেলে করে ট্রাকটিকে ধাওয়া দেন। এ সময় রসুলপুর-তালমা আঞ্চলিক সড়ক দিয়ে ট্রাকটি আরও বেপরোয়া গতিতে ছুটতে থাকে।
একপর্যায়ে ট্রাকটি গ্রামের সরু সড়কে ঢুকে পড়ে এবং নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের রসুলপুর বাজার ও বিলনালিয়া এলাকায় আরও কয়েকজনকে আহত করে। এতে বিক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয়রা। ধাওয়া খেয়ে ট্রাকটি বিলনালিয়া নতুন হাটখোলা এলাকার মুন্সী স্টোরে সজোরে ধাক্কা দেয়।
এরপর বিক্ষুব্ধ জনতা ট্রাকটি ভাঙচুর করে এবং চালক হান্নান, হেলপার নাঈম (২২) ও আল আমিনকে (২৫) টেনে নামিয়ে মারধর করে। গুরুতর আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক হান্নানকে মৃত ঘোষণা করেন। অন্য দুজন চিকিৎসাধীন।
খবর পেয়ে নগরকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান, নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানি আজাদসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ট্রাকটি বেপরোয়াভাবে ছুটে চলেছে এবং পেছনে ধাওয়া করছেন স্থানীয়রা। একপর্যায়ে সামনে গাছের গুঁড়ি ফেলে ট্রাকটির গতি রোধের চেষ্টা করা হয়। তবে সেগুলো অতিক্রম করেও ট্রাকটি ছুটতে থাকে। পরে আটক করার পর চালকসহ ভেতরে থাকা ব্যক্তিদের ওপর হামলা চালানো হয়।
তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন মিয়া বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সহায়তা করেন। এর আগেই স্থানীয়রা চালকসহ তিনজনকে মারধর করে আহত করেন।
এ বিষয়ে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানি আজাদ বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ জনতাকে শান্ত করি। শুনেছি ট্রাকটি রসুলপুরসহ বিভিন্ন এলাকায় দুর্ঘটনা ঘটিয়ে পালিয়ে আসছিল। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

নাটোরের লালপুরে প্রবাসীদের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট হ্যাক করে অর্থ আত্মসাতের অভিযোগে হ্যাকিং চক্রের সক্রিয় পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১ মে ২০২৬) সন্ধ্যায় উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের পানসিপাড়া এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
১৩ মিনিট আগে
বেদে সম্প্রদায়ের সদস্য হেলেনা বেগম (৪০) বলেন, নদীর পাড় ও নৌকায় বসবাসরত প্রায় ৭০টি পরিবারে প্রায় ২০০ শিশু রয়েছে। কিন্তু তাদের কেউই নিয়মিত স্কুলে যেতে পারে না। দারিদ্র্য ও জীবনসংগ্রামের কারণে শিশুদেরও কাজে যুক্ত হতে হয়। সরকারি সহযোগিতা ও বিকল্প কর্মসংস্থানের সুযোগ পেলে শিশুদের জীবনে পরিবর্তন আসতে...
৩৪ মিনিট আগে
শুক্রবার সকালে তিনি জমিতে ঘর নির্মাণ শুরু করলে পুনরায় বাধা দেওয়া হয়। এ সময় কথা-কাটাকাটির একপর্যায়ে হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ। এতে শাহাদাত সিকদারকে পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়। তাঁকে রক্ষা করতে গেলে তাঁর দুই ভাইও আহত হন।
১ ঘণ্টা আগে
বুধবার সকাল পৌনে ৮টার দিকে কারখানার বিদ্যুতের মূল সুইচ চালু করার সময় হঠাৎ শর্টসার্কিট হয়। এতে আগুনের স্ফুলিঙ্গ ও ধোঁয়ার সৃষ্টি হলে বয়লার অপারেটর একরাম হোসেন, নিরাপত্তাকর্মী শাহাদাত হোসেন এবং ওয়েল্ডার রবিউল হোসেন গুরুতর আহত হন।
২ ঘণ্টা আগে