Ajker Patrika

বাল্যবিবাহ বন্ধের অভিযানে বর পক্ষের হামলা, শ্রমিক দলের নেতাসহ আটক ৩

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি 
আপডেট : ২৯ আগস্ট ২০২৬, ২০: ৫৮
বাল্যবিবাহ বন্ধের অভিযানে বর পক্ষের হামলা, শ্রমিক দলের নেতাসহ আটক ৩
প্রতীকী ছবিটি এআই দিয়ে তৈরি

নওগাঁর আত্রাইয়ে বাল্যবিবাহ বন্ধ করতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। অভিযান শেষে আটক বরকে ছিনিয়ে নিতে প্রশাসনের গাড়ি আটকে হামলা চালানো হয়। এতে এক গ্রাম পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় বর, কনে ও এক শ্রমিক দল নেতাকে আটক করেছে পুলিশ।

আজ শনিবার দুপুরে উপজেলার বিশা ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে। হামলার সময় শ্রমিক দলের নেতা মাহাতাব হোসেন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

বিশা ইউনিয়ন পরিষদের গ্রামপুলিশ সদস্য সাহাদাত হোসেন বলেন, ওই গ্রামে বাল্যবিয়ে হচ্ছে—এমন খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। খবর পেয়ে তিনিও ঘটনাস্থলে যান।

সাহাদাত হোসেন জানান, মাত্র ১২ বছর বয়সী সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর সঙ্গে বিয়ের আয়োজন করা হচ্ছিল। ভ্রাম্যমাণ আদালত বরকে আটক করে গাড়িতে তুলে নিয়ে যাওয়ার সময় বর পক্ষের লোকজন গাড়িটি আটকে তাঁকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে ইউএনওর ওপর হামলার চেষ্টা হলে তাঁকে রক্ষা করতে এগিয়ে যান তিনি। এ সময় তাঁকেসহ ইউএনওর সঙ্গে থাকা অন্যদের মারধর করা হয়।

পরে খবর পেয়ে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম অতিরিক্ত পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। হামলায় আহত সাহাদাত স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

আটক মাহাতাব হোসেন বিশা ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক জানিয়ে ওই ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোকছেদ হোসেন বলেন, ‘ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হামলা করেছে এবং আটক হয়েছে এমন খবর পেয়ে তাঁকে থানায় দেখতে এসেছি।’

আত্রাই থানার ওসি মাহাবুব আলম বলেন, ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখান থেকে মাহাতাব হোসেন, বর ও কনেকে আটক করে থানায় রাখা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, ১২ বছর বয়সী সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর বাল্যবিয়ে হচ্ছে—এমন খবর পেয়ে অভিযান চালানো হয়। বরকে আটক করে গাড়িতে তোলার পর বর পক্ষের লোকজন পুলিশ ও স্টাফদের ওপর হামলা চালিয়ে গাড়ি আটকে তাঁকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তিনি বলেন, হামলায় গ্রামপুলিশ সাহাদাত হোসেন কিছুটা আহত হয়েছেন। পরে থানার ওসিকে জানানো হলে তিনি অতিরিক্ত পুলিশ নিয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। এ ঘটনায় বাল্যবিয়ে আয়োজন ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে নিয়মিত মামলা করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত