
বরগুনার উপকূলজুড়ে বিভিন্ন জেলেপল্লিতে অভাব-অনটনের কালো ছায়া পড়েছে। জ্বালানি তেলের তীব্র সংকটে নদ-নদীতে ট্রলার নিয়ে মাছ শিকারে যেতে পারছেন না জেলেরা। ফলে আয়রোজগার বন্ধ তাঁদের। পরিবারের সদস্যদের মুখে দুই বেলা ভাতের জোগাড় করা এখন কঠিন হয়ে পড়েছে তাঁদের জন্য। জেলেরা বলছেন, জ্বালানি তেলের অভাবে প্রায় ১৫ দিন ধরে ট্রলার ভাসাতে না পেরে তাঁদের সংসার চালানো অনেক কষ্টের হয়ে পড়েছে। আজ মঙ্গলবার এক মানববন্ধন করে জেলেরা তাঁদের ক্ষোভ ও দুর্দশার কথা তুলে ধরেছেন। আজ বেলা ১১টায় বরগুনা সদরের বদরখালী ইউনিয়নের বাওয়ালকর খেয়াঘাট এলাকায় খালের মধ্যেই বন্ধ থাকা ছোট ছোট ট্রলারে দাঁড়িয়ে জেলেরা জ্বালানি তেল পাওয়ার দাবি জানান।
মানববন্ধনে জেলেরা জানান, মোটরসাইকেল, বাস-ট্রাক বা অন্যান্য যানবাহন চালিয়ে অনেকে পাম্পে গিয়ে তেল নিতে পারেন, কিন্তু তাঁদের ট্রলারগুলো পাম্পে নেওয়া সম্ভব নয়। এ কারণে জেলেদের ৫ বা ১০ লিটারের বোতল পাম্পে নিয়ে যেতে হয়। কিন্তু পাম্প কর্তৃপক্ষ বোতলে তেল না দেওয়ায় জেলেরা ভোগান্তির শিকার হচ্ছেন। প্রায় ১৫ দিন ধরে তেল না পাওয়ায় ট্রলার নিয়ে মাছ শিকারে যেতে পারছেন না তাঁরা। আয়রোজগার বন্ধ থাকায় অনাহারে-অর্ধাহারে দিন কাটছে তাঁদের। জেলেদের দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পাম্প থেকে তাঁদের ৫ বা ১০ লিটারের কনটেইনার বোতলে তেল পাওয়ার ব্যবস্থা করে দিলে তাঁরা মাছ শিকারে যেতে পারবেন।
জেলার একটি মাত্র তেলের পাম্প এসঅ্যান্ডবি ফিলিং স্টেশনে গিয়ে জানা গেছে, জেলেদের ট্রলার অথবা কৃষিকাজের জন্য সেচপাম্প চালাতে জ্বালানি তেল সরবরাহের কোনো নির্দেশনা পাম্প কর্তৃপক্ষকে দেওয়া হয়নি। ফলে তারা জেলেদের ট্রলার কিংবা কৃষিকাজে ব্যবহৃত ইঞ্জিনের জন্য বোতলে তেল দিচ্ছে না।
জেলা মৎস্য দপ্তর সূত্রে জানা গেছে, বরগুনা জেলায় ৪৬ হাজার ৪২১ জন নিবন্ধিত জেলে রয়েছেন। তাঁদের মধ্যে ২৭ হাজার ২৫০ জন সমুদ্রগামী জেলে। এ ছাড়া জেলার নদ-নদীগুলোয় ১০ হাজারের বেশি ছোট ছোট শ্যালো ইঞ্জিনচালিত জেলে নৌকা চলাচল করে।
আজ সকালে বাওয়ালকর এলাকায় গিয়ে জানা গেছে, ওই এলাকায় বিষখালী নদীতে ৮০টির বেশি শ্যালো ইঞ্জিনচালিত ছোট জেলে নৌকা চলাচল করে। ওইসব নৌকায় জেলেরা মাছ শিকার করে তাঁদের জীবিকা নির্বাহ করেন। তেল না পাওয়ায় এখন সবগুলো নৌকা একটি খালের মধ্যে নোঙর করে রেখেছেন জেলেরা। গত ১৫ দিন ধরে মাছ শিকার করতে না পারায় বিপাকে পড়েছে ওই এলাকার জেলে পরিবারগুলো।
এই চিত্র শুধু বাওয়ালকর এলাকার নয়। জ্বালানি সংকটে জেলার ছয়টি উপজেলার পায়রা, বলেশ্বর আর বিষখালী নদীর তীরের অসংখ্য জেলে নৌকার চলাচল থেমে আছে।
বাওয়ালকর এলাকার জেলে মো. ইলিয়াস হোসেন বলেন, ‘আমাদের ছোট বোটের জন্য আমরা পাম্পে গিয়ে তেল পাই না। সব গাড়ি তেল পায়। ওরা গাড়ি নিয়া পাম্পে যেতে পারে, আমরা পারি না, তাই তেলও পাই না। পাম্প নিয়ম করছে, কোনো বোতলে তেল দিবে না। তাই তেল না থাকায় আমাদের বোটগুলো বন্ধ রয়েছে। আমরা নদীতে যেতে পারছি না। মাছ না ধরলে আমাদের ঘরে খাবারও জোটে না। এই ১৫ দিন ধরে আমরা খুব কষ্টে দিন কাটাচ্ছি।’
বাওয়ালকর এলাকার মৎস্যজীবি সমিতির সভাপতি রুহুল আমিন বলেন, ‘আমার এলাকায় প্রায় ১৫০ জন জেলে রয়েছে। ডিজেলের অভাবে তারা এখন নদীতে মাছ ধরতে পারছে না। ছেলেমেয়ে নিয়ে জেলেরা এখন না খেয়ে থাকছে। সরকারের উচিত, জেলে কার্ড দেখিয়ে জেলেরা যাতে পাম্প থেকে তেল নিতে পারে, সে ব্যবস্থা করে দেওয়া।’
এ ব্যাপারে জেলা মৎস্য কর্মকর্তা মো. জিয়া উদ্দিন বলেন, জেলা প্রশাসকের সঙ্গে সমুদ্রগামী জেলেদের ট্রলারগুলোয় তেল সরবরাহ নিশ্চিত করতে আলোচনা হয়েছে। তিনি আরও বলেন, জেলার অভ্যন্তরীণ নদ-নদীতে মাছ শিকারে নিয়োজিত ছোট ছোট শ্যালো ইঞ্জিনচালিত ট্রলারের বিষয়ে কোনো আলোচনা হয়নি। এ ব্যাপারে জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করে অচিরেই তাঁদের ট্রলারগুলোয় তেল সরবরাহ করার ব্যবস্থা নেওয়া হবে।

রূপগঞ্জে ভুলতা ও গোলাকান্দাইল এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। আজ মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বুলডোজার দিয়ে এসব অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। এ সময় দখলের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১১ জনকে আটক করা হয়েছে।
৬ মিনিট আগে
গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে (ব্রি) কৃষিশ্রমিকদের অতিরিক্ত কাজের (ওভারটাইম) পারিশ্রমিক বন্ধসহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। আজ মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত এই বিক্ষোভ চলে। এ সময় শ্রমিকেরা প্রতিষ্ঠানটির মহাপরিচালকের দপ্তরের সামনেও বিক্ষোভ
৮ মিনিট আগে
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় রাস্তায় আগুন জ্বালিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান কবির হোসেন তালুকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৮ মিনিট আগে
রংপুরের বদরগঞ্জে গতকাল সোমবার রাতে মাটিভর্তি দুটি ডাম্প ট্রাক জব্দ করার পর সেগুলো আবার আজ মঙ্গলবার ভোরে থানা থেকে পুলিশ ছেড়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে।
১৩ মিনিট আগে