Ajker Patrika

জাল নোটের বস্তা ভাগাড়ে, উৎস খুঁজছে পুলিশ

বগুড়া প্রতিনিধি
জাল নোটের বস্তা ভাগাড়ে, উৎস খুঁজছে পুলিশ
জাল নোট। ছবি: সংগৃহীত

বগুড়ায় ভাগাড়ে বস্তার ভেতর একের পর এক বান্ডিল। খবর ছড়িয়ে পড়তেই সেখানে ভিড় করেন লোকজন। অনেকে আসল টাকা মনে করে বস্তা থেকে বান্ডিল নিয়ে বাড়ি রওনা দেন। পরে জানা যায়, সেগুলো আসল নয়, জাল নোট।

ঘটনাটি ঘটে আজ রোববার শহরের গোদারপাড়ায় নওগাঁ-বগুড়া আঞ্চলিক মহাসড়ক এলাকায়।

স্থানীয়রা জানান, সকালে ভাগাড়ে একটি বস্তা পড়ে থাকতে দেখে কয়েকজনের নজরে আসে। বস্তাটি খুলে ভেতরে টাকার বান্ডিল দেখতে পান তাঁরা। প্রথমে কেউ বুঝতে পারেননি যে এগুলো জাল। খবরটি ছড়িয়ে পড়লে আরও লোকজন সেখানে জড়ো হন। পরে নোটগুলো পরীক্ষা করে জাল বলে নিশ্চিত হওয়া যায়।

তাঁরা আরও জানান, বস্তায় ৫০০ ও ১০০০ টাকার নোট ছিল। দেখতে অনেকটা আসল নোটের মতো হওয়ায় অনেকে সেগুলো কুড়িয়ে নিয়ে যান। পরে নোটের পেছনে ছোট করে ইংরেজিতে লেখা ‘Only for Shooting’ নজরে আসে। এ লেখা দেখে ধারণা করা হয়, নোটগুলো হয়তো কোনো শুটিং বা দৃশ্যধারণের কাজে ব্যবহারের জন্য তৈরি করা হয়েছিল।

এ বিষয়ে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, ঘটনাস্থল থেকে জাল এক হাজার টাকার একটি বান্ডিল আলামত হিসেবে জব্দ করা হয়েছে। ওসি বলেন, জাল টাকার উৎস এবং কারা এগুলো সেখানে ফেলে গেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। স্থানীয়দের কুড়িয়ে নেওয়া টাকার বিষয়েও খোঁজ নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত