Ajker Patrika

রংপুর-৪ আসনে ভোট পুনর্গণনার দাবিতে অবরোধ, পোস্ট দিয়ে পাল্টা অভিযোগ আখতারের

রংপুর ও কাউনিয়া প্রতিনিধি 
রংপুর-৪ আসনে ভোট পুনর্গণনার দাবিতে অবরোধ, পোস্ট দিয়ে পাল্টা অভিযোগ আখতারের
আখতার হোসেন। ফাইল ছবি

রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ফলাফল পাল্টে দেওয়ার অভিযোগ করে ভোট পুনর্গণনার দাবি জানিয়েছেন বিএনপির প্রার্থী এমদাদুল হক ভরসা। অপর দিকে পোস্ট দিয়ে প্রতিপক্ষের বিরুদ্ধে হামলা, লুটপাট ও ভাঙচুরের অভিযোগ করেছেন বিজয়ী এনসিপি নেতা আখতার হোসেন।

আজ শুক্রবার রংপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে ফলাফল পুনর্গণনার আবেদন জমা দেন এমদাদুল হক ভরসা। তিনি অভিযোগ করেন, প্রশাসনের সহায়তায় ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ১১ দলীয় জোট-সমর্থিত এনসিপির প্রার্থী আখতার হোসেনকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

ভরসা বলেন, ‘আমি শতভাগ আশাবাদী ছিলাম, জনগণের রায়ে বিজয়ী হব। কিন্তু বেলা ৩টা থেকে বিকেল ৫টার মধ্যে প্রতিপক্ষের লোকজন মব সৃষ্টি করে এবং প্রশাসনের সহায়তায় ফলাফল পরিবর্তন করা হয়েছে।’

ভরসা অভিযোগ করেন, প্রায় ৮ হাজার ৫০০ ভোট বাতিল করা হয়েছে, যা সন্দেহজনক। পুনর্গণনা করলে প্রকৃত ফলাফল বেরিয়ে আসবে বলেও দাবি করেন তিনি। সঠিক বিচার না পেলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বিএনপির এই প্রার্থী।

বিকেলে কাউনিয়া উপজেলার হারাগাছ পৌর এলাকার হক বাজারে ভরসার সমর্থকেরা ভোট পুনর্গণনার দাবিতে বিক্ষোভ করেছেন। তাঁরা হারাগাছ-রংপুর সড়ক অবরোধ করে এবং সড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ করেন। রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত বিক্ষোভ চলতে দেখা গেছে। এ সময় বিএনপির নেতা-কর্মী ও সমর্থকেরা দলে দলে সেখানে জড়ো হন।

কাউনিয়ায়-ভোট-পুনর্গণনার-দাবিতে-–২

এদিকে রাত সাড়ে ৮টায় সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে এনসিপির প্রার্থী আখতার হোসেন অভিযোগ করেন, বিএনপির নেতা-কর্মীরা হারাগাছ এলাকায় তাঁর লোকজনের ওপর হামলা চালিয়েছেন।

পোস্টে আখতার দাবি করেন, মাইকিং করে এনসিপির কর্মীদের খুঁজে বের করে মারধর করা হচ্ছে, কয়েকটি বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে এবং মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। বাড়িঘরে আগুন দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছে বিএনপি। দলটির পক্ষ থেকে জানানো হয়, এনসিপি নিজেরাই ভাঙচুর করে বিএনপির ওপর দোষ চাপাচ্ছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক চোহান আজকের পত্রিকাকে বলেন, হাজার হাজার লোক হারাগাছ-রংপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। এই অবস্থায় পুলিশের পক্ষে কোনো কিছু করার নাই। এ পরিস্থিতির বিষয়ে ঊর্ধ্বতনদের জানানো হয়েছে।

উল্লেখ্য, নির্বাচন কমিশনের বেসরকারি ফলাফল অনুযায়ী, এই আসনে এনসিপির প্রার্থী আখতার হোসেন শাপলা প্রতীকে ১ লাখ ৪৯ হাজার ৯৬৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এমদাদুল হক ভরসা পেয়েছেন ১ লাখ ৪০ হাজার ৫৬৪ ভোট। জাতীয় পার্টির প্রার্থী আবু নাসের শাহ মো. মাহবুবার রহমান পেয়েছেন ৩৩ হাজার ৬৬৪ ভোট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত