Ajker Patrika

গোয়েন্দা কর্মকর্তা পরিচয়ে নবনির্বাচিত সংসদ সদস্যের কাছে চাঁদা দাবি, যুবক গ্রেপ্তার

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৫: ০৭
গোয়েন্দা কর্মকর্তা পরিচয়ে নবনির্বাচিত সংসদ সদস্যের কাছে চাঁদা দাবি, যুবক গ্রেপ্তার
শনিবার মোহাম্মদ ফখরুদ্দিনকে (৩৫) আটক করে যৌথবাহিনী। ছবি: সংগৃহীত

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) কর্মকর্তা পরিচয় দিয়ে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর কাছ থেকে চাঁদা দাবির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। শাহজাহান চৌধুরী জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য।

গতকাল শনিবার দুপুরের দিকে সাতকানিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ছমদরপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার যুবকের নাম মোহাম্মদ ফখরুদ্দিন (৩৫)। তিনি চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নের আব্দুর রাজ্জাকের ছেলে।

স্থানীয় ও যৌথ বাহিনী সূত্রে জানা গেছে, শনিবার বেলা ২টার দিকে শাহজাহান চৌধুরী সাতকানিয়া পৌরসভার ছমদরপাড়া এলাকায় নিজের বাড়িতে অবস্থান করছিলেন। এ সময় মোহাম্মদ ফখরুদ্দিন নামের এক যুবক সেখানে গিয়ে নিজেকে এনএসআই কর্মকর্তা পরিচয় দেন। একপর্যায়ে ওই যুবক শাহজাহান চৌধুরীর ব্যক্তিগত সহকারীর কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। এ সময় বিষয়টি যৌথ বাহিনীকে অবহিত করা হয়। যৌথ বাহিনীর একটি দল ঘটনাস্থলে গিয়ে ফখরুদ্দিনকে গ্রেপ্তার করে। এ সময় ফখরুদ্দিনের দেহ তল্লাশি করে তাঁর মানিব্যাগ থেকে সেনাবাহিনীর ইউনিফর্ম পরা একাধিক ছবি ও কিছু ভিজিটিং কার্ড উদ্ধার করা হয়।

সাতকানিয়া সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন এস এম সাকিবুজ্জামান শামীম পারভেজ বলেন, গ্রেপ্তার ফখরুদ্দিন নিজেকে এনএসআই কর্মকর্তা পরিচয় দিয়ে নবনির্বাচিত সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর কাছ থেকে চাঁদা দাবি করেছিলেন। স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে খবর পেয়ে তাঁকে গ্রেপ্তার করে সাতকানিয়া থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই যুবক চাঁদা দাবির বিষয়টি স্বীকার করেছেন। তাঁর নামে থানায় মামলা হয়েছে। আজ রোববার তাঁকে আদালতের মাধ্যমে চট্টগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত