
ইতালি যাওয়ার উদ্দেশে বাড়ি ছাড়ার পর দুই মাস ধরে নিখোঁজ মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ঘটকচর দত্তের হাট এলাকার সাইদুল ব্যাপারী (৩৫)। পরিবারের অভিযোগ, তাঁকে লিবিয়ায় নিয়ে বন্দিশালায় আটকে নির্যাতন করা হয়েছে এবং ভয় দেখিয়ে বিভিন্ন মাধ্যমে ৩৯ লাখ টাকা নেওয়া হয়েছে। এ ঘটনায় সাতজনের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে।
সাইদুল ব্যাপারী ঘটকচর দত্তের হাট এলাকার মৃত জহিরুল ব্যাপারীর ছেলে। পরিবারের ভাষ্য, ইতালি পাঠানোর কথা বলে একই উপজেলার ঘটকচর এলাকার মৃত বাদশা ফরাজীর ছেলে আনোয়ার ফরাজী আনুর সঙ্গে ২৩ লাখ টাকায় চুক্তি করা হয়।
চুক্তি অনুযায়ী, ২০২৫ সালের ৬ মে অগ্রিম ১২ লাখ টাকা দেওয়া হয়। পরে ওই বছরের ৯ জুন শ্রীলঙ্কা ও দুবাই হয়ে ইতালির উদ্দেশে সাইদুলকে বাড়ি থেকে নেওয়া হয়।
পরিবারের দাবি, ইতালির পরিবর্তে সাইদুলকে লিবিয়ায় নিয়ে একটি বন্দিশালায় আটকে রাখে মাফিয়া চক্র। সেখানে তাঁকে নির্যাতন করা হয়। আরও নির্যাতনের ভয় দেখিয়ে ব্যাংক হিসাবসহ বিভিন্ন মাধ্যমে ধাপে ধাপে পরিবারের কাছ থেকে মোট ৩৯ লাখ টাকা নেওয়া হয়। গত দুই মাস ধরে সাইদুলের সঙ্গে আর যোগাযোগ করতে পারছেন না পরিবারের সদস্যরা। তিনি কোথায় আছেন কিংবা বেঁচে আছেন কি না, তা-ও জানে না পরিবার।
সাইদুলের মা, দুই ভাই, স্ত্রী ও ছোট দুই সন্তান উদ্বেগ-অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে। চার বছরের মেয়ে ও ১১ মাস বয়সী ছেলেকে নিয়ে সাইদুলের স্ত্রী মেরি আক্তার স্বামীর অপেক্ষায় আছেন।

মেরি আক্তার বলেন, ‘আমার মেয়েটা প্রতিদিন তার বাবার সঙ্গে কথা বলতে চায়। মোবাইল সামনে এনে বলে, বাবার সঙ্গে কথা বলব। কিন্তু ওর বাবা তো আর ফোনের ওপাশে নেই। তাই কষ্ট নিয়ে চুপ হয়ে থাকতে হয় আমাদের। তিনি কীভাবে আছেন, কোথায় আছেন, বেঁচে আছেন কি না, কিছুই জানি না। গত দুই মাস ধরে তাঁর সঙ্গে আমাদের কোনো যোগাযোগ নেই।’
১১ সেপ্টেম্বর সাইদুলের বড় ভাই সামাদ হোসেন ব্যাপারী বাদী হয়ে আনোয়ার ফরাজী আনু, শিল্পী আক্তার, বাদল জমাদ্দার, সাহেব আলী জমাদ্দার, মামুন ব্যাপারী, ইভা বেগম ও ছলে বেগমকে আসামি করে মাদারীপুর আদালতে মামলা করেন।
সাইদুলের ভাই মাহিদুল হোসেন ব্যাপারী বলেন, ‘দালাল আমাদের প্রলোভন দেখিয়ে আমার ভাইকে ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় নিয়ে মাফিয়ার কাছে বিক্রি করে দিয়েছে। পরে আমার ভাইকে নির্যাতন করা হতো। আরও বেশি নির্যাতনের ভয় দেখিয়ে আমাদের কাছ থেকে ৩৯ লাখ টাকা নিয়েছে। আমরা জায়গাজমি সব বিক্রি করে দিয়েছি। আমরা দালালদের বিচার চাই আর আমার ভাইয়ের সন্ধান চাই।’
সাইদুলের মা সূর্যবান বেগম বলেন, ‘ছেলেকে বিদেশে পাঠানোর জন্য জমিজমা বিক্রি, ধারদেনা ও সুদের ওপর টাকা নেওয়া হয়েছে। সব মিলিয়ে প্রায় ৩৯ লাখ টাকা দেওয়া হলেও ছেলের কোনো সন্ধান মিলছে না। আমার ছেলে কোথায় আছে, কেমন আছে, কিছুই জানি না। প্রতিদিন দরজার দিকে তাকিয়ে থাকি। মনে হয়, এই বুঝি আমার ছেলে এসে ডাকবে। আমি আমার ছেলেকে বুকের মধ্যে ফিরে পেতে চাই। আমার ছেলের সন্ধান চাই।’
অভিযুক্ত আনোয়ার ফরাজী আনু বলেন, ‘আমি তাদের কাছ থেকে টাকাপয়সা নিইনি। আমার নামে মিথ্যা অভিযোগ দিয়েছে।’
আনোয়ারের স্ত্রী ও মামলার আসামি শিল্পী আক্তার বলেন, তাঁদের কাছ থেকে ১৯ লাখ টাকা নেওয়া হয়েছে। তাঁদের টাকা ফেরত দেওয়া হবে।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, সাইদুল নিখোঁজ হওয়ার ঘটনায় তাঁর পরিবার আদালতে মামলা করেছে বলে তাঁরা জানতে পেরেছেন। আদালতের নির্দেশনা থানায় পৌঁছালে বিষয়টি নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করা হবে। জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার ব্যবস্থা নেওয়া হবে।

রাজধানীর ডেমরার কোনাপাড়ার শান্তিবাগে নির্মাণাধীন ভবন থেকে উদ্ধার লাশের পরিচয় মিলেছে। নিহত আব্দুস সালাম সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বাসিন্দা এবং ডেমরার একটি বই বাঁধাই কারখানার কর্মী ছিলেন। হত্যার রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ
২৮ মিনিট আগে
বগুড়ার শেরপুরে রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় রুবেল হোসেন (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ঘোগা বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রুবেল হোসেন উপজেলার সীমাবাড়ি ইউনিয়নের ক্ষিদির হাসড়া গ্রামের বাসিন্দা।
৪২ মিনিট আগে
মুন্সীগঞ্জের গজারিয়ায় মহাসড়কসংলগ্ন একটি রেস্তোরাঁয় খাবার পরিবেশনের আড়ালে দীর্ঘদিন ধরে মাদক কারবার চালানোর অভিযোগে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় ১ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পাশাপাশি রেস্তোরাঁর এক মালিকসহ তিনজনকে আটক করা হয়েছে।
১ ঘণ্টা আগে
এখন থেকে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে অনলাইনে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) হোল্ডিং কর পরিশোধ করা যাবে। এ লক্ষ্যে নাগরিকদের জন্য সিসিকের একটি উন্মুক্ত অনলাইন পোর্টাল (ht.scc.gov.bd) চালু করা হয়েছে। আজ বুধবার বিকেলে নগর ভবনের সভাকক্ষে সিসিকের নতুন হোল্ডিং ট্যাক্স ব্যবস্থাপনা সিস্টেম ও নাগরিক...
১ ঘণ্টা আগে