Ajker Patrika

শিক্ষা সফরের পথে খাদে বরিশাল মেডিকেল শিক্ষার্থীদের বাস, আহত ২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৯: ৪১
শিক্ষা সফরের পথে খাদে বরিশাল মেডিকেল শিক্ষার্থীদের বাস, আহত ২৬
দুর্ঘটনাকবলিত শের-ই-বাংলা মেডিকেল কলেজের বাস। ছবি: সংগৃহীত

শিক্ষা সফরে কক্সবাজার যাওয়ার পথে কুমিল্লার দাউদকান্দিতে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজের বাস খাদে পড়ে ২৬ জন আহত হয়েছেন।

আজ মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে দাউদকান্দির জিংলাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ এরশাদ হোসাইন।

এরশাদ হোসাইন জানান, দুর্ঘটনাকবলিত বাসটি মহাসড়কের পাশেই খাদে পড়েছিল। আমরা আসার আগেই স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

হাইওয়ে পুলিশের ওসি প্রেমদাস রায় জানান, বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজের চারটি বাস শিক্ষা সফরের উদ্দেশ্যে কক্সবাজার যাচ্ছিল। এর মধ্যে একটি বাস মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। আহতদের ভাষ্য, বাসটির সঙ্গে কোনো কিছুর সংঘর্ষ হয়নি। সম্ভবত বাসের চালক ঘুমিয়ে পড়েছিলেন।

ওসি আরও বলেন, আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। যাঁদের অবস্থা গুরুতর তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মেহেদী হাসান জানান, আহত ২৬ শিক্ষার্থীর মধ্যে ৯ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন ইমন মৃধা, আরিফ, শহিদুল ইসলাম, মালিয়া মেহুনাজ, মিরাজ, মোরসালিন ইসলাম, সামিয়া, তানহা ও রাজর্ষি। কারও মাথায় গুরুতর আঘাত লাগেনি।

শের-ই-বাংলা মেডিকেল কলেজের ছাত্র প্রতিনিধি সহকারী মোহাম্মদ রনি জানান, গতকাল সোমবার বিকেলে চারটা গাড়িতে কলেজের ৪৪ ব্যাচের ২৩৪ জন শিক্ষার্থী শিক্ষা সফরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। দুর্ঘটনায় আহতদের দেখতে কলেজ অধ্যক্ষ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থান করছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত