Ajker Patrika

মুলাদীতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণ, আহত ৬ যুবক

মুলাদী (বরিশাল) প্রতিনিধি
মুলাদীতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণ, আহত ৬ যুবক
ফাইল ছবি

বরিশালের মুলাদী উপজেলায় হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে ছয় যুবক আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্থানীয়রা। গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার সফিপুর ইউনিয়নের উত্তর বালিয়াতলী গ্রামের একটি বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই রাতে একটি ঘরে বসে ছয় যুবক হাতবোমা তৈরি করছিলেন। হঠাৎ বিস্ফোরণে সবাই আহত হন। আহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন উত্তর বালিয়াতলী গ্রামের দাদন হাওলাদারের ছেলে ইয়াকুব হাওলাদার (২২) এবং বাটামারা ইউনিয়নের টুমচর গ্রামের আব্দুর রাজ্জাক মাস্টারের ছেলে সালমান (২১)। অন্য চারজনের পরিচয় জানা যায়নি।

ঘটনার পর আহতদের স্বজন ও সহযোগীরা অত্যন্ত গোপনে তাঁদের ঢাকায় নিয়ে যান বলে জানা গেছে। স্থানীয়দের ভাষ্য, সন্দেহ এড়াতে তাঁদের ঢাকার ৩-৪টি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে এলাকার এক বাসিন্দা অভিযোগ করেন, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার করে আসছে। আধিপত্য ধরে রাখতে ও প্রতিপক্ষকে ঠেকাতে তারা হাতবোমা, ককটেল ও দেশীয় অস্ত্র মজুদ করছে। তাঁর দাবি, বিভিন্ন পক্ষই এলাকায় এ ধরনের বোমা জমা করছে।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. সোহেল রানা বলেন, খবর পেয়ে পুলিশ উত্তর বালিয়াতলী এলাকা পরিদর্শন করেছে এবং বিষয়টি তদন্ত শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দাদের কেউ এ বিষয়ে তথ্য দিচ্ছেন না। আহত ব্যক্তিরা গোপনে চিকিৎসা নিচ্ছেন বলে খবর পাওয়া গেছে এবং তাঁদের সন্ধান চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত