Ajker Patrika

প্রশাসনে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসররা ষড়যন্ত্র করছে: কেডিএ চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক, খুলনা
প্রশাসনে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসররা ষড়যন্ত্র করছে: কেডিএ চেয়ারম্যান
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি মরহুম আজিজুল হাসান দুলুর চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য দেন কেডিএ চেয়ারম্যান। ছবি: আজকের পত্রিকা

স্বৈরাচার বিদায় হলেও ষড়যন্ত্র থেমে নেই উল্লেখ করে খুলনা মহানগর বিএনপির সভাপতি ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা বলেছেন, প্রশাসনের ভেতরে এখনো ফ্যাসিবাদের দোসররা ঘাপটি মেরে বসে আছে এবং দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা চালাচ্ছে।

আজ শনিবার বেলা সাড়ে ১১টায় নগরীর কে ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি মরহুম আজিজুল হাসান দুলুর চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর ও জেলা বিএনপি যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে।

দলীয় নেতা-কর্মীদের সতর্ক করে শফিকুল আলম মনা বলেন, দল সুবিধাজনক অবস্থানে আছে ভেবে আত্মতুষ্টিতে ভোগার কোনো সুযোগ নেই। গণতন্ত্রের অগ্রযাত্রাকে টিকিয়ে রাখতে সবাইকে রাজপথে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

আলোচনা সভায় জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বেগম রেহানা ঈসা, সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ বাবু ও হাসানুর রশীদ চৌধুরী মিরাজসহ থানা ও নগর বিএনপির স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

সভা শেষে মরহুম আজিজুল হাসান দুলুর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন খুলনা মহানগর ওলামা দলের আহ্বায়ক মাওলানা মো. আবু নাঈম কাজী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত